Logo

মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৭:৪১
মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার (২ জুলাই) এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, বিভিন্ন অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জোরদারের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তিও নানা আয়োজনে উদযাপন করা হবে।

এরই অংশ হিসেবে গত ১ জুলাই দিবাগত রাতে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্রসমাবেশ আয়োজন করা হবে। এতে ওই দুই বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।

একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগের বাইরে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। এরপর ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্রতীকী জুলাই’ নামে একটি লাইভ পারফরম্যান্সের আয়োজন করবে ছাত্রদল। একই দিনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্দোলন-সংগ্রামের বিভিন্ন আলোকচিত্র নিয়ে প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকেরও আয়োজন থাকবে।

২২ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় একই ধরনের কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

২৪ ও ২৫ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে সারা দেশে শহীদদের কবর জিয়ারত করা হবে। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার কথাও জানানো হয়েছে।

মাসব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের ঘোষণায় বলা হয়েছে, ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও সংগঠনটির সাংগঠনিক অভিভাবক তারেক রহমান উপস্থিত থাকবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD