এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

বর্তমানে দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তার মতে, কৃত্রিমভাবে বিভেদ তৈরির চেষ্টা করা হলেও বাংলাদেশের মানুষকে বিভক্ত করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে সব ধর্ম ও সম্প্রদায়ের সদস্যদের নিয়ে একসঙ্গে সংগ্রাম করে এসেছে। তাই কোনো অপচেষ্টার মাধ্যমে জাতির মধ্যে স্থায়ী বিভাজন সৃষ্টি করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিল। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও গুলিবিদ্ধ হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন। তাই দেশ গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিএনপির এ নেতা বলেন, জনগণের ভোটাধিকার এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








