Logo

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
২ জুলাই, ২০২৬, ১৯:৪৩
আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু জানিয়েছেন, তিনি আজীবন বিএনপি করে মরতে চান। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

আলী আহম্মেদ দুলু বলেন, অতীতে নির্বাচনে তিনি নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, দুইবার তাকে পরাজিত করা হয়েছে এবং নির্বাচন অফিসে আটকে রেখে হয়রানি করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি আওয়ামী লীগের সমর্থক থাকলেও মূলত দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তিনি আরও বলেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করেছেন। পরে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক্ষমতাসীন দলের সঙ্গে ভারসাম্য রেখে চললেও তার রাজনৈতিক শিকড় বিএনপিতেই ছিল। এলাকার অধিকাংশ ঘনিষ্ঠ সহযোগীও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

দুলুর দাবি, চলতি বছরের ২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের উদ্যোগে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তবে সে সময় বিষয়টি প্রকাশ্যে আনেননি। এখন দলীয় অনুমতি নিয়েই সাংবাদিকদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি বলেন, ‘আমি আমার পুরোনো রাজনৈতিক ঠিকানায় ফিরে এসেছি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতি করব। দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করব এবং বাকি জীবন বিএনপির রাজনীতিতেই থাকতে চাই।’

বিজ্ঞাপন

এদিকে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, আলী আহম্মেদ দুলু প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির রাজনীতিতে সক্রিয় হন। আওয়ামী লীগের পরিচয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি জেলা তাঁতীলীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদেও দায়িত্ব পালন করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD