Logo

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৮ জুলাই, ২০২৬, ১৭:৫৯
জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের
ছবি: সংগৃহীত

সরকার গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বরিশাল থেকে শুরু হওয়া কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই রায়ের প্রতিফলন হিসেবে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এখন পর্যন্ত তারা হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেননি। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এমন কর্মসূচি দিতে হলে তারাও প্রস্তুত রয়েছেন। তার ভাষ্য, বর্তমান সরকারের অবস্থান ও কর্মকাণ্ড দেশকে ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকেই ঠেলে দিচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জনগণের বিপুল সমর্থন থাকা সত্ত্বেও সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তব কার্যক্রমে তার কোনো প্রতিফলন নেই। গণঅভ্যুত্থানের সময় ব্যবহৃত একটি স্লোগানের উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে বলেই ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়া বা মানুষের সঙ্গে প্রতারণা করার সুযোগ নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাহিদ ইসলাম আরও দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে এবং প্রয়োজনে গণঅভ্যুত্থানসহ কঠোর কর্মসূচির পথ বেছে নেওয়া হবে।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD