এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির এক নেতা। ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে প্রতিহত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, তেলাপোকা-ছাড়পোকার মতো লোকজন যদি কোনো ধরনের বক্তব্য দেয়, তাহলে তাদের জুতা দিয়ে পিষে ফেলা উচিত। তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ১৭ বছর কোথায় ছিলেন, সেই প্রশ্ন সবার সামনে রয়েছে।
প্রাণ আরএফ কোম্পনিতে এক্সিকিউটিভ হিসাবে সে চাকরি করেছে। পাশাপাশি আসিফ মাহমুদ ও নাহিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৫ আগস্টের আগে তারা কোথায় ছিলেন, সেটিও জনগণ জানে। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের লুঙ্গির নীচে ছিল। লুঙ্গির নীচ থেকে বের হয়ে আজ আপনারা বড় নেতা।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তেলাপোকা-ছাড়পোকাদের আজেবাজে বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কোনো ক্ষতি হবে না। এসব মন্তব্যে জনগণ বিভ্রান্ত হবে না বলেও তিনি দাবি করেন।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলটি শহরের মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া এলাকা প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট ঘুরে পুনরায় মিশনপাড়ায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।








