ডকুমেন্টারি নিয়ে আপত্তি, অনুষ্ঠান বয়কট করে বেরিয়ে গেলেন এনসিপি নেতারা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারি নিয়ে আপত্তি জানিয়ে অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাদের অভিযোগ, ডকুমেন্টারিতে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি।
বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি প্রদর্শনের পরপরই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের একাংশ প্রতিবাদ শুরু করেন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং শহীদদের আত্মত্যাগ ডকুমেন্টারিতে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। একপর্যায়ে মিলনায়তনে হট্টগোল শুরু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিস্থিতি শান্ত করতে প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অনুরোধে আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপি নেতা আক্তার হোসেন বক্তব্য দেন। তিনি আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি ডকুমেন্টারির কিছু বিষয় নিয়ে নিজের আপত্তিও তুলে ধরেন।
এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ডকুমেন্টারিতে থাকা অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ডকুমেন্টারিটি পুনরায় পর্যালোচনা ও সংশোধন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন ও পরিবর্তনের মাধ্যমে এটি আরও পূর্ণাঙ্গ করা হবে বলেও জানান তিনি।
তবে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বক্তব্যে এনসিপি নেতা আক্তার হোসেন আবারও একই অভিযোগ তুলে ধরেন। এরপর রাষ্ট্রপতির অনুমতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যান তিনি।
বিজ্ঞাপন
এনসিপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও রাষ্ট্রীয় অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচি নির্ধারিত সূচি অনুযায়ী চলতে থাকে।








