চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক এবং ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলোর গতি আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় বৈঠকে রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের একই কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ওই সাক্ষাতের একদিন পর চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রিজভীর এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হলো।








