দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল: রিজভী

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
রুহুল কবির রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান ছিলেন দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপক। তার সময়ে অর্থপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিলেন। কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে তার নেওয়া বিভিন্ন কর্মসূচি দেশে কার্তিক মাসের অভাব দূর করতেও ভূমিকা রেখেছিল।
তিনি বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে ব্যাংক লুটপাট কিংবা অর্থপাচারের মতো ঘটনা শোনা যায়নি। এমনকি ব্যাংক থেকে অর্থ নিয়ে সরকারের বাজেট ঘাটতি পূরণের ঘটনাও তখন দেখা যায়নি।
রিজভীর অভিযোগ, পরবর্তী ১৭ বছরে দেশের অর্থনীতিতে ব্যাপক লুটপাট হয়েছে। তার ভাষায়, এই সময়ে বাজেটও লুটপাটের ধারায় পরিচালিত হয়েছে এবং পুরো দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও দলটি সবসময় অগ্রণী ছিল।
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, তার দায়িত্ব পালনকালে শেয়ারবাজারে লুটপাট হয়নি। দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বিজ্ঞাপন
রুহুল কবির রিজভী বলেন, কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে একটি দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে—এ ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মতে, দেশের বর্তমান অর্থনৈতিক ভিত্তি তৈরিতে সাইফুর রহমানের বড় অবদান রয়েছে। একই সঙ্গে দেশে সামাজিক সুরক্ষার ধারণাও তিনি প্রথম চালু করেছিলেন বলে দাবি করেন রিজভী।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে ফিরবে।








