রাজপথে হুমকি নয়, জাতীয় সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিরোধী দলকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে সংকট সমাধানে কার্যকর পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দেওয়া হতে পারে। তবে এর পাশাপাশি বিকল্প পরিকল্পনাও তুলে ধরা প্রয়োজন। কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যায়, কোথা থেকে এবং কীভাবে এসব জ্বালানি সংগ্রহ করা সম্ভব—সে বিষয়ে বিরোধী দলের একটি সুস্পষ্ট প্রস্তাব থাকা উচিত।
তিনি বলেন, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে পরিকল্পনা দেওয়া যেতে পারে। জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা কিংবা সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতান্ত্রিক চর্চার অংশ হলেও জাতীয় সংকট মোকাবিলায় গঠনমূলক পরামর্শ দেওয়াও জরুরি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রিজভী বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা কোনো সমাধান নয়। বরং সংকট কীভাবে দূর করা যায়, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা প্রয়োজন। অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে জটিলতা তৈরি হয়েছে। তার দাবি, বর্তমান পরিস্থিতি সরকারের নিজস্ব কোনো কারণে তৈরি হয়নি।
বিজ্ঞাপন
জুলাই আন্দোলনে গান ও নৃত্যসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনাগুলো অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকনসহ আরও অনেকে।







