Logo

এনসিপির সেই নেত্রী সাদিয়া আক্তারকে দল থেকে অব্যাহতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২০
এনসিপির সেই নেত্রী সাদিয়া আক্তারকে দল থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাদিয়া আক্তার নেত্রকোনা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২৩ বছর বয়সী এই নেত্রী নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাদিয়া আক্তারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে তাকে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকজনকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার ৩ হাজার টাকা করে নিয়েছেন—এমন অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

গত ৮ সেপ্টেম্বর বিকেলে নেত্রকোনার কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে থানায় নেওয়া হয়।

এরপর ৯ সেপ্টেম্বর সকালে পৌর শহরের বলাইনগুয়া চেয়ারম্যানবাড়ি এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার মামলা করেন। পরে পুলিশ সাদিয়া আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

তবে ১৬ সেপ্টেম্বর দুপুরে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাদিয়া আক্তার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD