Logo

দলীয় দাবিতে নয়, দুর্নীতি-আধিপত্যবাদের বিরুদ্ধে এই লং মার্চ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮
দলীয় দাবিতে নয়, দুর্নীতি-আধিপত্যবাদের বিরুদ্ধে এই লং মার্চ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের দুর্নীতি দূর করা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যের লং মার্চ আয়োজন করা হয়েছে। দলীয় কোনো দাবি নিয়ে তারা আন্দোলনে নামেননি; গণভোটের গণরায় নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভাটি সঞ্চালনা করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।

শফিকুর রহমান বলেন, বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে। একই সঙ্গে আন্দোলন সফল করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, তারা সরকারের বিরুদ্ধে কিংবা দেশের বিরুদ্ধে নন। তাদের লক্ষ্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়া। তবে বর্তমান সরকার সে লক্ষ্য পূরণ করতে পারছে না বলে দাবি করে তিনি সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, অধিকার আদায়ের দাবিতে তারা উত্তরাঞ্চলের দিকে লং মার্চ করছেন। গণদাবি নিয়ে ১১টি দল রাজপথে নেমেছে বলেও উল্লেখ করেন তিনি। তার বক্তব্য, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো উপায় নেই এবং সেই রায় বাস্তবায়নের পর সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।

বিজ্ঞাপন

তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন মামুনুল হক। এ বিষয়ে সরকারের টালবাহানা বরদাশত করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের গণরায় না মেনে সরকার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। সরকারের ব্যর্থতার বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা হচ্ছে জানিয়ে তিনি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাধ্য করার কথা বলেন।

খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম বলেন, ১৮ কোটি মানুষের গণদাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি এখন নাই নাই-খাই খাই পার্টিতে পরিণত হয়েছে। দেশকে ফ্যাসিবাদমুক্ত করা এবং লুটপাট বন্ধের দাবিতে তাদের লড়াই চলছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সকাল ৮টায় শুরু হওয়া পথসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং নুরুল ইসলাম বুলবুল।

এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্যের নেতারা। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লং মার্চের বহর রংপুরের উদ্দেশে রওনা হয়।

লং মার্চের বহর তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গী অতিক্রম করার সময় হাজারো নারী-পুরুষ ফুল ও স্লোগানের মাধ্যমে তাদের অভিবাদন জানান। পরে নেতারা গাজীপুরের ভোগরা বাইপাস রোডের পথসভায় অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD