Logo

অপ্রতিমের বাবাকে ফোন করে যা বললেন নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩২
অপ্রতিমের বাবাকে ফোন করে যা বললেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) বাবা কে এম ফিরোজ শাহরিয়ারকে ফোন করে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কোটবাড়ি গন্ধমতি এলাকায় অপ্রতিমদের বাসায় যান জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। সেখানে তার মোবাইল ফোনে কল করেন নাহিদ ইসলাম। ফোনালাপে অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের কথোপকথনে নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের জন্য আমরা খুবই শোকাহত। ম্যাডামকে (অপ্রতিমের মা ড. নাহিদা বেগম) আমার সালাম জানাবেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

জবাবে অপ্রতিমের বাবা জানান, তার স্ত্রী অসুস্থ এবং গত চারদিন ধরে কোনো খাবার খেতে পারছেন না। তাকে স্যালাইন দেওয়া হচ্ছে।

এরপর নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অপ্রতিমের এই ঘটনার জন্য বিচার দাবি করছি। এটা যাতে যথাযথ তদন্ত হয়, এটার সুষ্ঠু বিচারটা যাতে আপনারা পান এবং আমরা সর্বাত্মক আপনাদের পাশে আছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটুকুইতো আমাদের সক্ষমতা। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আর কোনো বাবা-মার সাথে যেন এ ধরনের ঘটনা না হয় আর কী। এটা খুব মর্মান্তিক একটা বিষয়। ইনশাআল্লাহ আমি একদিন দেখা করব আপনাদের সাথে।’

অপ্রতিমের বাবা বলেন, ‘আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর বিচারটা যাতে যথাযথ হয় অভিভাবক হিসেবে আমরা এটাই প্রত্যাশা করি। সেক্ষেত্রে অবশ্যই দেখবেন।’

জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘জ্বি অবশ্যই। আমাদের প্রতিনিধিরা যোগাযোগ রাখবে। যেকোনো প্রয়োজন বা যেকোনো বিষয় মনে করেন, আমরা আপনাদের কোনো কাজে লাগতে পারি, কোনো দ্বিধা না করে আমাদেরকে জানাবেন দয়া করে।’

বিজ্ঞাপন

এরপর সালাম বিনিময়ের মাধ্যমে ফোনালাপ শেষ হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ারকে ফোন করে সমবেদনা জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা একটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় মামলা করেন তার বাবা।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং আদালতে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির খবর প্রকাশিত হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD