Logo

সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতিতে হাম বাড়ছে: গোলাম পরওয়ার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৭
সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতিতে হাম বাড়ছে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সরকারের সময়োপযোগী ও কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। হাম ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে পরওয়ার বলেন, হাম আক্রান্ত শিশুদের পরিবার ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। হাম নিয়ন্ত্রণে আক্রান্তের হার কমিয়ে আনা এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, ‘আক্রান্ত শিশুর পরিবারগুলোতে এবং অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। আক্রান্তের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার পদক্ষেপে ঘাটতি থাকায় এবং আক্রান্তদের সুষ্ঠু ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার ঘাটতির কারণে মৃত্যু মিছিল থামছে না।’

বিজ্ঞাপন

পরওয়ারের দাবি, হাম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে তিনি উদ্বিগ্ন। একই সঙ্গে হাম ও ডেঙ্গু মোকাবিলায় জাতীয় পরিকল্পনা গ্রহণ এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ১১৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, হামের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ, মশক নিধন এবং লার্ভা ধ্বংস কার্যক্রম জোরদারের দাবি জানান তিনি।

পরওয়ারের অভিযোগ, সরকারের অব্যবস্থাপনার কারণে মশক নিধন কার্যক্রম কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। তবে এসব অভিযোগ তার রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবৃতিতে এসেছে।

সবশেষে হাম ও ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিয়ে নাগরিকদের জীবন রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD