Logo

সংসদে আমরা ফাইল ছোড়ার মতো বিরোধী দল হব না: ডা. শফিকুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৪
সংসদে আমরা ফাইল ছোড়ার মতো বিরোধী দল হব না: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

সংসদে বিরোধী দলের ভূমিকা পালনে বিশৃঙ্খলা বা নাটকীয় পরিস্থিতি তৈরির বদলে গঠনমূলক অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শফিকুর রহমান বলেন, ‘সরকার বিরোধী দলের পরামর্শ গ্রহণ না করলেও ফাইল ছুড়ে বিশৃঙ্খলা তৈরি কিংবা ওয়াকআউট করে সমস্যার সমাধান হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংসদে আমরা ফাইল ছোড়ার মতো বিরোধী দল হব না।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পিকার গুম করার বিরুদ্ধে দল হব না। আমরা আনসিভিলাইজড কোনো কাজ করব না। জংলি কোনো কাজ করব না। আমরা যা করব এথিক্স, ল এবং হিউম্যানিটিকে ধারণ করব। আর যা করব জনগণের জন্য করব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের দেওয়া নোটিশ নিয়ে তিনি বলেন, তেল সংকটসহ সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশুদের ওপর সহিংসতা এবং বাজারে পণ্যের উচ্চমূল্য নিয়ে তারা একাধিকবার আলোচনা চেয়েছেন। তেল সংকট নিয়ে তাদের নোটিশের পর সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে ১০ সদস্যের একটি কমিটি গঠনের কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

শফিকুর রহমানের দাবি, কমিটি গঠনের পর অল্প সময়ের মধ্যেই তেল সংকট নিয়ে মানুষের উদ্বেগ কমে আসে। তার মতে, বিষয়টি সরকার ও বিরোধী দল গুরুত্ব দিয়ে দেখছে—এমন বার্তা যাওয়ায় জনমনে আস্থা তৈরি হয়েছিল।

শিল্প খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান জামায়াত আমির। তিনি বলেন, উৎপাদন সক্ষমতা কমে যাওয়া এবং তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে অর্ডার কমার কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলো সংকটে পড়তে পারে। এতে উৎপাদন কমার পাশাপাশি শ্রমিক ছাঁটাইয়ের ঝুঁকি তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

শিল্প খাতের সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করে তিনি জানান, জামায়াতের একটি কারিগরি বিশেষজ্ঞ দল রয়েছে। দেশে-বিদেশে কাজ করা অভিজ্ঞ শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক বা বর্তমান উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দলটি গঠিত বলে জানান তিনি। তবে সরকারের পক্ষ থেকে তাদের প্রস্তাব গ্রহণ করা হয়নি বলে দাবি করেন শফিকুর রহমান।

বিজ্ঞাপন

সরকার বিরোধী দলের পরামর্শ গ্রহণ না করলেও সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি না করে জনগণের কাছে গিয়ে বিষয়গুলো তুলে ধরাকে বিরোধী দলের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার কথাও জানান শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ যখন সংকটে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানো উচিত নয়। সরকারি প্লট ও করমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার বিষয়ে তাদের আগের সিদ্ধান্তও তুলে ধরেন তিনি।

গণমাধ্যমে বক্তব্য প্রকাশের ক্ষেত্রেও নিজের আপত্তির কথা জানান জামায়াত আমির। তার অভিযোগ, বক্তব্যের অংশবিশেষ কেটে ফটোকার্ডে প্রকাশ করায় অনেক সময় মূল বক্তব্যের অর্থ বদলে যায় এবং পাঠক-দর্শকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, এসব বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ ছিল। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা ঐক্যে বিএনপির কর্মকাণ্ডের কারণে ফাটল ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। এ বক্তব্য তার রাজনৈতিক মূল্যায়ন হিসেবে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD