Logo

বিমানবন্দরে উমামা ফাতেমা আটকের খবর ভুয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২২:১৫
বিমানবন্দরে উমামা ফাতেমা আটকের খবর ভুয়া
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী উমামা ফাতেমাকে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

বিজ্ঞাপন

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, একটি প্যারোডি ও স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় উমামা ফাতেমাকে বিমান থেকে আটক করে পুলিশ। তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও উমামা ফাতেমাকে বিমানবন্দরে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে এমন কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ‘Gojobvision’ নামের একটি ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়। রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণ অনুযায়ী, পেজটি মূলত প্যারোডি ও স্যাটায়ারধর্মী কনটেন্ট প্রকাশ করে। সেখানে একই ধরনের আরও ব্যঙ্গাত্মক পোস্টও রয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান বলছে, ওই পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই আলোচিত ফটোকার্ডের সূত্রপাত। পরে সেটিকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি জানিয়েছে, উমামা ফাতেমাকে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার দাবিটি মিথ্যা। এ ধরনের ঘটনার পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD