Logo

জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা: উমামা ফাতেমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ২২:২২
জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা: উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যঙ্গাত্মক ও রূপকধর্মী ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করেন, যা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের ব্যাখ্যা উঠে আসছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উমামা ফাতেমা লেখেন, “জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?”

এরপর তিনি আরও লেখেন, “এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব।”

বিজ্ঞাপন

একই পোস্টে তিনি সম্ভাব্য কয়েকটি ব্যঙ্গাত্মক উপাধির কথাও উল্লেখ করেন। সেখানে উদাহরণ হিসেবে লেখেন— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’ এবং ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’। পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন রাখেন, “কেমন লাগল আইডিয়াটা?”

তবে পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি কিংবা এই মন্তব্যের পেছনের নির্দিষ্ট প্রেক্ষাপট সম্পর্কেও কোনো ব্যাখ্যা দেননি। ফলে এটি কাদের উদ্দেশ করে করা হয়েছে, তা স্পষ্ট হয়নি।

বিজ্ঞাপন

উমামা ফাতেমার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এর ভেতরে অন্য কোনো রাজনৈতিক বার্তা বা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। পোস্টটি ঘিরে বিভিন্ন মতামত, বিশ্লেষণ এবং আলোচনা অব্যাহত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD