জাকির নায়েকের সঙ্গে দেখা করে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি জাকির নায়েকের হাতে তার লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে জাকির নায়েকের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সাক্ষাতের বিষয়টি জানান শায়খ আহমাদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’
ছবিতে দুজনকে পাশাপাশি হাসিমুখে বসে থাকতে দেখা যায়। শায়খ আহমাদুল্লাহর হাতে তখন ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশের ইসলামি আলোচক ও দায়ী হিসেবে শায়খ আহমাদুল্লাহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে নিয়মিত বক্তব্য দেন। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিক পর্যায়ে ইসলামবিষয়ক বক্তা হিসেবে পরিচিত। বিভিন্ন দেশে তার বক্তব্য ও আলোচনা অনুসরণ করেন বিপুলসংখ্যক মানুষ।
তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনায় বিভিন্ন ধর্মের বিশ্বাস ও মতাদর্শের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা তুলে ধরে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান জাকির নায়েক। তার বক্তব্যে ধর্মীয় বিষয়ের পাশাপাশি বিজ্ঞান ও ইতিহাসের বিভিন্ন উদাহরণও উঠে আসে।
২০১৬ সালে ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা ও তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হয়। এরপর তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভারত সরকার তাকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।








