Logo

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি হবে: রাশেদ খান

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৯
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি হবে: রাশেদ খান
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে জামায়াতের পক্ষ থেকে যে অবস্থান নেওয়া হয়েছে, তা দলটির জন্য ঝুঁকিপূর্ণ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খানের বক্তব্যের একই দিনের সংবাদ প্রতিবেদনেও এ তথ্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে জামায়াতের আমির সাধারণ ক্ষমা ঘোষণার অবস্থান নিয়েছিলেন বলে তিনি মনে করেন। তার দাবি, জামায়াতের ইন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করার সাহস পাচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াত আগে কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে এবং সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভার কাজ সরকারের সহযোগিতা করা ও যৌক্তিক সমালোচনা করা হলেও জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।

বিজ্ঞাপন

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। তিনি দাবি করেন, জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে এবং দলটি আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই সঙ্গে লংমার্চের মাধ্যমে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না বলে দাবি করেন রাশেদ খান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না।

বিজ্ঞাপন

সরকার সেই পুনর্গঠনের পথে রয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। তাঁর ভাষায়, সরকারের বিরুদ্ধে ‘৭১-এর ঘাতক ও ২৪-এর পরাজিত শক্তি’ এক হয়ে গেছে।

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD