‘ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের চাকরি দেওয়া হবে না’

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের চাকরি না দেওয়ার মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। একই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সামাজিকভাবেও বর্জনের কথা বলেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।
ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামিম লেখেন, ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকুরি হবে না। সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না। সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা (ছাত্রলীগ) এদেশের শত্রু।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টে তিনি আরও লেখেন, ‘ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত। বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মানসিকতার অধিকারী তাদের। তবে কোনো দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।’
বিজ্ঞাপন
এ ছাড়া ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবির নিয়েও মন্তব্য করেন হামিম। তিনি লেখেন, ‘সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো- দেশপ্রেমিকের পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।’
তার পোস্টে হামিম মূলত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সামাজিক ও পেশাগতভাবে বর্জনের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন। পাশাপাশি কোনো দেশপ্রেমিক ও মেধাবী ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও মন্তব্য করেছেন তিনি।








