ইনকিলাব, ইনকিলাব ছাগল চোর জিন্দাবাদ: রাশেদ খাঁন

চাঁদাবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি কর্মসূচিতে অংশ নেওয়া এনসিপির নেতাদের নিয়ে ফেসবুক পোস্টে বিভিন্ন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলের সমালোচনা করেন।
রাশেদ খাঁন দাবি করেন, হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিএনপির বিরুদ্ধে আয়োজিত মিছিলে অল্পসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তার অভিযোগ, মিছিলে উপস্থিত কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও দাবি করেন, কর্মসূচিটি সংবাদমাধ্যমে প্রচারের জন্য সাংবাদিকদের উপস্থিতি এনসিপির নেতাকর্মীদের তুলনায় বেশি ছিল। পাশাপাশি এনসিপির ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী নাসীরকেও তিনি পোস্টে আক্রমণাত্মক ভাষায় উল্লেখ করেন।
পোস্টের একপর্যায়ে রাশেদ খাঁন লেখেন, ‘ইনকিলাব, ইনকিলাব ছাগল চোর জিন্দাবাদ।’ একই পোস্টে তিনি এনসিপির সমন্বয়ক পরিচয় দেওয়া ব্যক্তিদের নিয়েও কটাক্ষ করেন।
বিজ্ঞাপন
এর আগে সোমবার বিকেলে বাংলামোটরে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করা হয়। চাঁদাবাজির প্রতিবাদ এবং এর বিকল্প হিসেবে এই ব্যঙ্গাত্মক কর্মসূচি আয়োজন করা হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মিছিল থেকে ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচির আগে হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপনের ঘোষণা দিয়েছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে সরকারদলীয় নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজির প্রবণতার বিরুদ্ধে প্রতীকীভাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি কর্মসূচির মাধ্যমে চাঁদাবাজি বন্ধে জনসম্পৃক্ততার আহ্বান জানান।
অন্যদিকে, রাশেদ খাঁন তার পোস্টে এনসিপির এই কর্মসূচি এবং দলটির কয়েকজন নেতার ভূমিকা নিয়ে ধারাবাহিক সমালোচনা করেন। পোস্টের শেষাংশেও তিনি ব্যঙ্গাত্মক স্লোগানের ভাষায় এনসিপির সমন্বয়কদের উদ্দেশে মন্তব্য করেন।








