Logo

বিমানবন্দরে লাগেজ নিয়ে চরম ভোগান্তিতে জামায়াতের ৪ এমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৬:০১
বিমানবন্দরে লাগেজ নিয়ে চরম ভোগান্তিতে জামায়াতের ৪ এমপি
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য।

বিজ্ঞাপন

অভিযোগকারী চার এমপি হলেন শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিজি৩৩৮ ফ্লাইটটি। অভিযোগ অনুযায়ী, অবতরণের পর প্রায় তিন ঘণ্টা পার হলেও অধিকাংশ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ হাতে পাননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় যাত্রী হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে চার সংসদ সদস্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, ওই ফ্লাইটে ঢাকায় আসা যাত্রীদের বেশির ভাগ দীর্ঘ সময় অপেক্ষা করেও লাগেজ পাননি। যাত্রীদের মধ্যে অন্তত ৩৫ জন সংসদ সদস্য ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগকারীদের দাবি, দীর্ঘ সময় লাগেজ না পাওয়ার পরও এর যৌক্তিক কারণ জানানো হয়নি এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগও দেখা যায়নি। ফলে যাত্রীদের ভোগান্তি ও হয়রানির মধ্যে পড়তে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নিজের ফেসবুক পেজে অভিযোগপত্রের ছবি প্রকাশ করে লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়? আজ সকাল ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা বিজি৩৩৮ ফ্লাইটের সাধারণ যাত্রীদের পক্ষ হতে যাত্রী হয়রানি, মালামাল যথাযথভাবে বুঝিয়ে না পাওয়া ও কর্তব্যে অবহেলার কারণে আমরা ৪ জন জাতীয় সংসদ সদস্য বিমান কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করলাম।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, চার এমপির অভিযোগপত্র কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD