হুমকি-ধমকিতে ভয় নয়, জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেবে বিএনপি

হুমকি-ধমকি কিংবা ষড়যন্ত্রে বিএনপি ভীত হওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলটি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই যেকোনো ষড়যন্ত্রের জবাব জনগণকে সঙ্গে নিয়েই দেওয়া হবে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার মোকামতলায় মশাল মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মোকামতলা উপজেলা বিএনপি ওই কর্মসূচির আয়োজন করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাবেশে বিরোধী ও সমালোচক দলগুলোর সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গেছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা থাকলেও আপনারা কয়েক শ গাড়ি নিয়ে গেছেন। একদিকে তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, অন্যদিকে সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। আপনারা সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।’
একটি রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে তার দাবি, দেশের মানুষ এখন আগের তুলনায় বেশি সজাগ ও সচেতন।
বিজ্ঞাপন
মীর শাহে আলম বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করার সক্ষমতা বিএনপির রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়ার কথাও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় মোকামতলাসহ পুরো অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন বড় উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশের প্রতিটি এলাকার মানুষ যেন সমানভাবে উন্নয়নের সুফল পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
সমাবেশ শেষে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।








