Logo

‘আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, তাদের কোনো ঠাঁই হবে না’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ২১:৫৪
‘আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, তাদের কোনো ঠাঁই হবে না’
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী দল’ হিসেবে উল্লেখ করে বলেছেন, বাংলার মাটিতে দলটির কোনো ঠাঁই হবে না। তার দাবি, দেশের জনগণ আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাগরিকা মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করেন।

সাঈদ আল নোমান বলেন, জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সংসদে সরকার গঠন করেছে। এখন দলটির প্রধান লক্ষ্য সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সবাইকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। তার হাতকে শক্তিশালী করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া শ্রমিক ও নারীদের অধিকার রক্ষায়ও কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আওয়ামী লীগের সমালোচনা করে সাঈদ আল নোমান বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। দেশের মানুষের মনে তাদের বিন্দুমাত্র জায়গা নেই। তাদের অতীতের সব অপকর্ম ও কর্মকাণ্ড জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বর্তমান কর্মকাণ্ডও মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। রাজনীতি মানেই মানুষের সেবা, রাজনীতি মানেই ইবাদত। এমনভাবে রাজনীতি করতে হবে, যাতে মানুষ মনে করে—আমরা স্বস্তিতে রয়েছি।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন সাঈদ আল নোমান। তিনি বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত নাজুক। এ রোগ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক ভূমিকা পালন করতে হবে। মানুষের সেবা করার সুযোগ সবসময় আসে না উল্লেখ করে তিনি বলেন, এই সময়কে কাজে লাগিয়ে সবাইকে মানবিক কাজ ও জনকল্যাণে এগিয়ে আসতে হবে। আমিও তাই করে যাচ্ছি।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সদস্য মোশাররফ হোসেন দিপ্তি। এতে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আহমদুল আলম রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, সদস্য আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD