Logo

ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশ: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৯:৪৯
ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশ: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার মতে, এ ঘটনা দেশকে আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিকে ফেরার শঙ্কা তৈরি করছে। সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, একসময় ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিত, সাংবাদিকদের ওপর হামলা করত এবং ভিন্নমত দমন করত। এখন একই কায়দায় ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছে। রাজনৈতিক পরিচয় বদলালেও হামলার সংস্কৃতি বদলায়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ছবি ও ভিডিওতে হামলাকারীদের পরিচয় স্পষ্ট। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা সরাসরি জড়িত। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক পরিচয় বদলালেই হামলার সংস্কৃতি বৈধ হয়ে যায় না উল্লেখ করে এনসিপির এই মুখপাত্র বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের অধিকার কোনো রাজনৈতিক দলের দয়ার বিষয় নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাংবাদিকদের ওপর হামলা কিংবা ক্যাম্পাসে অস্ত্রের প্রদর্শন—যে পরিচয়ই থাকুক, হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে বাংলাদেশ দাঁড়িয়েছিল, সেই বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধেও দাঁড়াবে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রবিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত চারজনসহ প্রায় ১০ জন সাংবাদিক আহত হন।

বিজ্ঞাপন

হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ কয়েকজনের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুসহ কয়েকজন সাংবাদিক রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD