Logo

গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন করে সই করতে হবে: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৯:২৮
গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন করে সই করতে হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানি বণ্টন চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে স্বাক্ষর করতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারিত্ব থাকতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশী চত্বরে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর ন্যায্য হিস্যা বাংলাদেশের পাওয়ার কথা থাকলেও গত ৫০ বছরে তা নিশ্চিত হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, ফারাক্কা ব্যারাজের মাধ্যমে ভারত গঙ্গার পানি নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি ওই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ‘‘আমাদের আজকের সময়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, এটা শুধু নবায়ন করলেই হবে না। এই পানি বণ্টন চুক্তি নতুন করে স্বাক্ষরিত করতে হবে।’’ তিনি বলেন, শুধু পানি বণ্টন নয়, নদীর যৌথ হিসাব ও নদী ব্যবস্থাপনাতেও বাংলাদেশকে অংশীদারিত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘‘যে গ্যারান্টি ক্লজের কথা বাংলাদেশ বলছে, ন্যূনতম প্রবাহ সবসময় নাব্যতা বজায় রাখার জন্য নিশ্চিত করতে হবে। যদি শুষ্ক মৌসুম আসে, যদি কোনো ঘাটতি হয়, সেই ঘাটতি ভারত-বাংলাদেশ সমানভাবে নিতে হবে। এই গ্যারান্টি ক্লজসহ এই চুক্তি নতুন করে করতে হবে।’’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনসিপি আহ্বায়ক বলেন, আবরার ফাহাদের চেতনাকে সমুন্নত রাখতে হলে ভারত-বাংলাদেশের সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তিও সমভাবে ও ন্যায্যতার ভিত্তিতে করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা একটি অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবে কম্প্রোমাইজ করব না। আমাদের পানির ন্যায্য হিস্যায় আমরা একবিন্দু পরিমাণ ছাড় দেব না।’’

তিনি আরও বলেন, এ বছর যে গঙ্গা চুক্তি হবে, সেখানে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন প্রক্রিয়া ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার দাবি জানান তিনি।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘‘আমরা খুনিদের যেই রায় হয়েছে, ফাঁসির দণ্ড, সেই রায় আমরা অবিলম্বে কার্যকর দেখতে চাই।’’

বিজ্ঞাপন

সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু বোয়িং বিমান কেনা নয়, গঙ্গা চুক্তি নবায়ন বা নতুন চুক্তি কীভাবে সম্পাদন করা হয় এবং সেখানে বাংলাদেশের স্বার্থ কতটা আদায় করা যায়, সেটিও তারা দেখতে চান।

নাহিদ ইসলাম আরও বলেন, গঙ্গা চুক্তিসহ আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনা করতে হবে। জনগণের স্বার্থ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই এসব চুক্তির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD