Logo

ক্যাম্পাসকে জাহান্নাম বানিয়েছিল ছাত্রলীগ, তারই জেরক্স কপি ছাত্রদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ২১:২৯
ক্যাম্পাসকে জাহান্নাম বানিয়েছিল ছাত্রলীগ, তারই জেরক্স কপি ছাত্রদল
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ক্যাম্পাসগুলোকে একসময় জাহান্নামে পরিণত করেছিল ছাত্রলীগ। তার অভিযোগ, বর্তমান সরকার ও তাদের ছাত্রসংগঠন ছাত্রদলও আওয়ামী লীগের ‘জেরক্স কপি’ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ক্ষতচিহ্নের ক্যানভাস : নির্যাতনের ক্যাম্পাস’ শীর্ষক এ আয়োজন করে ঢাবি শাখা ছাত্রশিবির।

সকাল ৯টা থেকে শুরু হওয়া চিত্রপ্রদর্শনীতে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার ঘটনা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পরে বিকেল ৩টায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ।

বিজ্ঞাপন

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গত ১৭ বছরে আওয়ামী আমলে শত শত নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা। ক্যাম্পাসগুলোকে জাহান্নাম বানিয়ে রেখেছিল ছাত্রলীগ। দুঃখের বিষয়, বর্তমান সরকার ও তাদের ছাত্রসংগঠন (ছাত্রদল) ঠিক আওয়ামীদের জেরক্স কপিতে রূপান্তরিত হয়েছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বুয়েটে নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আবরার ফাহাদের কথাগুলো আমাদের সবার কথা। সেই স্ফুলিঙ্গ পাঁচ বছর পরে বিশাল আকার ধারণ করে। হাসিনার মসনদ কাঁপিয়ে তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সমালোচনা মানেই শত্রুতা নয়—এটা বর্তমান ক্ষমতাসীনদের বুঝতে হবে।’

ডাকসুর ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবু সাদিক কায়েম বলেন, ডাকসুর সবচেয়ে বড় সফলতা হচ্ছে ভায়োলেন্সমুক্ত ক্যাম্পাস। তার ভাষ্য, মধুর ক্যান্টিনেই দিনের পর দিন শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছিল।

বিজ্ঞাপন

আবরার ফাহাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। একই সিলসিলায় কথা বলেছিলেন আমাদের মেজর জিয়া, খালেদা জিয়া, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনকারীরা। এখন এই নতুন বাংলাদেশে আমাদের বুঝতে হবে— আমাদের শত্রু কারা এবং মিত্র কারা।’

ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এস এম ফরহাদ বলেন, গত ১৫ বছরে ক্যাম্পাসে যে নির্যাতন হয়েছে, তার ‘প্রাইমারি স্ট্রাকচার’ ছিল গণরুম ও গেস্টরুম। তার দাবি, এই সংস্কৃতি ছাত্রলীগ শুরু করেনি, বরং ছাত্রদল শুরু করেছিল। বিভিন্ন ক্যাম্পাসে আবারও সেই প্রবণতা দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, যারা নতুন করে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের পরিকল্পনা করছে, তাদেরও ছাত্রলীগের মতো ভবিষ্যৎ বরণ করতে হবে। একই সঙ্গে সব ছাত্রসংগঠনকে শিক্ষার্থীদের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা শিক্ষাঙ্গনে নিপীড়ন ও সহিংসতা বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD