তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তাঁর ৬ থেকে ১০ অক্টোবর তুরস্ক ও সৌদি আরব সফরের অনুমোদনের তথ্যও সংসদ-সংক্রান্ত নথিতে রয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শফিকুর রহমানের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী ও শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান এবং চিকিৎসক ডা. এস এম খালিদুজ্জামান। বৈঠকে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পদক্ষেপ ও ভূমিকা তুলে ধরেন শফিকুর রহমান। একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রোহিঙ্গাদের প্রতি তুরস্কের সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠিও পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন তিনি।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান শফিকুর রহমান।
তিনি আশা প্রকাশ করেন, পার্লামেন্টারি যোগাযোগের পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। উভয় পক্ষ ভবিষ্যতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করে।








