ঢাকার দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন জামায়াত আমির

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বিজ্ঞাপন
রবিবার রাজধানীর মধুবাগে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দুই প্রার্থীর নাম তুলে ধরেন। এ সময় শফিকুর রহমান বলেন, ঢাকা উত্তর সিটিতে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ডেঙ্গুর মশার প্রজননস্থল হিসেবে পরিচিত খাল ও নর্দমা পরিষ্কারে অভিযান শুরু করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটির প্রার্থী সাদিক কায়েমের বিষয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সাদিক কায়েমকে চিনেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) যেভাবে সাজানো হয়েছে, একইভাবে ঢাকা দক্ষিণ সিটিকেও মনের মতো করে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের কর্মসূচি হাতে নিয়েছে জামায়াত। এ কর্মসূচির উদ্বোধনকালে দুই সিটির মেয়র প্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দেন দলটির আমির।
অনুষ্ঠানে শফিকুর রহমান ডেঙ্গুর পাশাপাশি হাম পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে অনেক শিশুর মৃত্যুতে মায়েরা সন্তান হারিয়েছেন। অতীতের সরকারগুলোর ওপর দায় চাপানোর পাশাপাশি বর্তমান সরকারের সাত মাসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখনো হামে শিশু মারা যাওয়ার ঘটনা ঘটছে উল্লেখ করে সরকারের ব্যর্থতা স্বীকার করা উচিত বলে মন্তব্য করেন জামায়াত আমির।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। এতে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।








