জুলাই সনদে সইয়ের এক বছর পার হলেও সংস্কার হয়নি: গাজী আতাউর

জুলাই সনদে সইয়ের এক বছর পার হলেও রাষ্ট্রীয় সংস্কার কার্যকর না হওয়ায় প্রচলিত রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তাঁর অভিযোগ, ক্ষমতার রাজনীতিতে প্রবেশের পর বিএনপি ও জামায়াতের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি সংস্কারের মূল লক্ষ্য থেকে সরে এসেছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় প্রচলিত রাজনৈতিক শক্তিগুলোর ‘কূটচরিত্র’ প্রকাশ পেয়েছে। এ পরিস্থিতি রাজনীতিক ও রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট আরও বাড়িয়ে তুলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রধান ভূমিকা পালন করেছিলেন প্রচলিত রাজনৈতিক বলয়ের বাইরে থাকা তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। রাজনৈতিক কাঠামো ও সংস্কৃতির বাইরে থাকা এসব মানুষ সাহসিকতার সঙ্গে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলেন। রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনা এবং সংস্কার নিশ্চিত করাই ছিল তাঁদের আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের মতে, সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা রাজনৈতিক অঙ্গনে হতাশা বাড়াচ্ছে। বিশেষ করে ক্ষমতাসীন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও অবস্থানের কারণে রাজনীতিকদের প্রতি মানুষের আস্থা কমছে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
গাজী আতাউর রহমান বলেন, মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে যে রাজনীতিকরা নিজেদের স্বার্থে মিথ্যা বলেন এবং গণরায় উপেক্ষা করেন। এ ধরনের ধারণা গণতান্ত্রিক রাজনীতি ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর জন্য ইতিবাচক নয় বলেও তাঁর বক্তব্যে উঠে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, বিরোধী দলের কার্যক্রম দেখে মনে হচ্ছে, তাদের বিরোধিতা কেবল বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে; বাস্তবে প্রত্যাশিত ভূমিকা দেখা যাচ্ছে না।
সংস্কার কার্যক্রমে বিলম্বের ফলে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অবিশ্বাস আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করে গাজী আতাউর রহমান বলেন, পরিস্থিতি পরিবর্তনের সুযোগ এখনো রয়েছে। তাই সময় নষ্ট না করে দ্রুত রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।








