Logo

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১১:১৩
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন, তাঁদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি।

শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারের এ সূচি জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। এই আসনে উপনির্বাচনের জন্য গত ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

বিজ্ঞাপন

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। কারণ, ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। একাধিক প্রার্থী থাকলে বিএনপি জোটের সংসদ সদস্যরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। তবে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রচলন থাকায় ভোটাভুটির প্রয়োজন হয় না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে। এ প্রেক্ষাপটে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।

এখন বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে শূন্য আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে যাবে। এরপর নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে উপনির্বাচনের পরবর্তী কার্যক্রম।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD