Logo

মহাঅষ্টমী কুমারী পূজা আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭
মহাঅষ্টমী কুমারী পূজা আজ
ছবি: সংগৃহীত

আজ শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী। এদিনের প্রধান আকর্ষণ হচ্ছে কুমারী পূজা, যেখানে কুমারী বালিকাকে দেবীর রূপ কল্পনা করে পূজা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আড়ম্বরের মধ্য দিয়ে হাজারো ভক্ত অংশ নিচ্ছেন কুমারী পূজায়।

বিজ্ঞাপন

অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক অর্থাৎ ছয় বছরের কুমারী রূপ ‘উমা’-র পূজা করার প্রথা রয়েছে। তবে ১ থেকে ১৬ বছর বয়সী যেকোনো হিন্দু কুমারী কন্যাকে মাতৃরূপে পূজিত করা হয় এবং সেই পূজিত কন্যাকেই ‘উমা’ বলা হয়। ভক্তদের বিশ্বাস, কুমারী পূজা একাধারে ঈশ্বরের উপাসনা, মানবতার শ্রদ্ধা ও নারীর সম্মান প্রতিষ্ঠার প্রতীক।

রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা শুরু হবে বেলা ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে মহাষ্টমী পূজা, সকাল ১০টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি এবং দুপুর ১২টায় মধ্যাহ্ন প্রসাদ অনুষ্ঠিত হবে। মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, সারাদেশে এ বছর ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগরেই ২৫৯টি পূজা হচ্ছে। পূজার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা আয়োজক কমিটির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। প্রতিটি মণ্ডপে নিয়োজিত আছে স্বেচ্ছাসেবক। ফলে এবারের পূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল মহানবমী তিথিতে নবমীবিহিত পূজা শেষে দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর বৃহস্পতিবার দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD