Logo

জানা গেল পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৬, ১৯:০৫
জানা গেল পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
ফাইল ছবি।

চলতি বছরের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা জোরালোভাবে দেখা দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত আকাশে দেখা যেতে পারে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই হিসাব অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ওই দিন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

বিজ্ঞাপন

আল জারওয়ান আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী এবার বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ একই দিনে ঈদ উদযাপনে ঐকমত্যে পৌঁছাতে পারে। তবে ধর্মীয় বিধান অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে নির্ধারিত হবে।

সাধারণ হিসাব অনুযায়ী, যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ ঈদ উদযাপিত হয়, তবে বাংলাদেশ-এ ঈদ হতে পারে ২১ মার্চ শনিবার। জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে ২১ মার্চকে সম্ভাব্য ঈদের তারিখ ধরে সরকারি ছুটির ক্যালেন্ডার প্রস্তুত করেছে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসও সেই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD