২০২৭ সালের রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে পবিত্র রমজান শুরু হতে পারে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা। তবে চাঁদ দেখার বাস্তব পরিস্থিতি ও সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার ভিত্তিতেই রোজার প্রথম দিন নির্ধারিত হবে।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে উদ্যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে। তবে এ তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের মাধ্যমে ধর্মীয় অনুশীলনে বিশেষ গুরুত্ব দেন।
রমজানকে সামনে রেখে মুসলিম দেশগুলোতে মসজিদকেন্দ্রিক কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং ধর্মীয় প্রস্তুতি নেওয়া হয়। রমজান শুরুর সময় ঘনিয়ে এলে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক কার্যক্রম ও ঘোষণা সম্পর্কে নির্দেশনা দেবে।
তবে ৮ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ১০ মার্চ ঈদুল ফিতর উদ্যাপনের তারিখ দুটি এখনো সম্ভাব্য হিসাব। চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত তারিখ জানা যাবে।








