Logo

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৩:২৭
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ছবি: সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হবে।

সম্প্রতি ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সভায় সিদ্ধান্ত হয়, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কিন্তু আবহাওয়া খারাপ থাকলে একই দিনের সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত আয়োজন করা হবে।

এছাড়া আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে বায়তুল মোকাররমে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, ঈদের প্রধান জামাতের ইমাম নির্বাচনের জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনজন বিশিষ্ট আলেমের নাম, কোরআন তেলাওয়াতের জন্য তিনজন ক্বারীর নাম এবং অনুষ্ঠান পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের নাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্বারী ও বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক দায়িত্বে থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD