Logo

মক্কায় প্রদর্শনীতে মসজিদে নববীর প্রাচীন ঐতিহাসিক ঘড়ি

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৬, ১৫:১৯
মক্কায় প্রদর্শনীতে মসজিদে নববীর প্রাচীন ঐতিহাসিক ঘড়ি
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা নগরীর দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনীতে স্থান পেয়েছে মসজিদে নববীতে ব্যবহৃত একটি বিরল ও ঐতিহাসিক ঘড়ি। বহু বছরের পুরোনো এই নিদর্শনটি মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং আধুনিকায়নের দীর্ঘ ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। ধারণা করা হচ্ছে, ঘড়িটি হিজরি ১২৭৭ সাল, অর্থাৎ ১৮৬০ খ্রিষ্টাব্দের সময়কার।

বিজ্ঞাপন

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এই প্রাচীন ঘড়ি দুই পবিত্র মসজিদের স্থাপত্য, পরিচর্যা এবং অভ্যন্তরীণ সৌন্দর্য রক্ষায় তৎকালীন মুসলিম শাসকদের আন্তরিকতা ও যত্নের একটি অনন্য নিদর্শন। ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি প্রদর্শনীর অন্যতম আকর্ষণীয় উপকরণ হিসেবে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই প্রদর্শনীতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই ঘড়ি। হিজরি ত্রয়োদশ শতাব্দীতে মসজিদে নববীতে সময় গণনার বিবর্তনের মূল্যবান নথিপত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘড়ি। তৎকালীন সময়ে নামাজের ওয়াক্ত ও ইবাদতের সঠিক সূচি নির্ধারণে ঘড়িটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর নিখুঁত কার্যকারিতা এবং দৃষ্টিনন্দন নকশা ওই সময়ের ঘড়ি নির্মাণ শিল্পের উচ্চমানের এক অনন্য প্রতিচ্ছবি।

পবিত্র মক্কায় আসা দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী এখন একটি অন্যতম প্রধান সাংস্কৃতিক আকর্ষণ হয়ে উঠেছে। দুই পবিত্র মসজিদের সেবায় ব্যবহৃত দুর্লভ ঐতিহাসিক নিদর্শনগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিচ্ছে এই গ্যালারি।

বিজ্ঞাপন

একই সঙ্গে প্রদর্শনীতে সৌদি আমলের সেই সোনালী অধ্যায়কেও ফুটিয়ে তোলা হয়েছে, যার অধীনে দুই পবিত্র মসজিদের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ, উন্নয়ন ও সেবা প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। ক্রমাগত বাড়তে থাকা ওমরাহ ও হজ পালনকারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বস্তির সাথে ইবাদত সম্পন্ন করার লক্ষ্যেই এই আধুনিকায়ন অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD