Logo

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতর কবে?

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ১৩:৩৪
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতর কবে?
ছবি: সংগৃহীত

২০২৬ সাল চললেও এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে আগামী বছরের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখের একটি পূর্বাভাস সামনে এসেছে।

বিজ্ঞাপন

জ্যোতির্বিজ্ঞানীদের গণনাভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৭ সালে হিজরি ১৪৪৮ সনের রমজান মাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণের ক্ষেত্রে নতুন চাঁদ দেখা গুরুত্বপূর্ণ হওয়ায় এই তারিখকে এখনই নিশ্চিত হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক তথ্য অনুযায়ী, আরব দেশগুলোতে ৮ ফেব্রুয়ারিকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে।

কবে দেখা যেতে পারে রমজানের চাঁদ

বিজ্ঞাপন

গাণিতিক হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ পড়তে পারে ৬ ফেব্রুয়ারি, শনিবার। ওই দিন রমজানের নতুন চাঁদ দেখার সম্ভাব্য পর্যবেক্ষণ হবে।

তবে হিসাব অনুযায়ী শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার শাবান মাস শেষ হয়ে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান মাস শুরু হতে পারে।

চাঁদ দেখা গেলে বা স্থানীয়ভাবে চাঁদ দেখার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

বিজ্ঞাপন

২০২৭ সালে ঈদুল ফিতর কবে হতে পারে

রমজান মাস শেষ হওয়ার পর মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রকাশিত জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার রমজানের শেষ দিন এবং পরদিন ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ মধ্যপ্রাচ্যের সম্ভাব্য হিসাব অনুযায়ী— রমজানের সম্ভাব্য প্রথম দিন: ৮ ফেব্রুয়ারি ২০২৭, সোমবার, রমজানের সম্ভাব্য শেষ দিন: ৮ মার্চ ২০২৭, সোমবার এবং ঈদুল ফিতরের সম্ভাব্য দিন: ৯ মার্চ ২০২৭, মঙ্গলবার।

বিজ্ঞাপন

বাংলাদেশে কবে শুরু হতে পারে রমজান

বাংলাদেশে রমজান ও ঈদের তারিখ মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে হবে—এমন নিশ্চয়তা নেই। ভৌগোলিক অবস্থান ও স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে তারিখ এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে।

তাই ৮ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ৯ মার্চ ঈদ—এগুলোকে আপাতত সম্ভাব্য তারিখ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত স্থানীয়ভাবে চাঁদ দেখার পর সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার ভিত্তিতেই হবে।

বিজ্ঞাপন

হিজরি ক্যালেন্ডারের মাসগুলো চাঁদের আবর্তনের সঙ্গে সম্পর্কিত হওয়ায় আগাম জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব থাকলেও বাস্তবে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখা গুরুত্বপূর্ণ। ফলে সময় ঘনিয়ে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণাই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD