স্ত্রীকে ‘বোন’ বা ‘আপু’ ডাকা যাবে?

স্বামী তার স্ত্রীকে ‘আপু’ বা ‘বোন’ বলে সম্বোধন করলে তালাক হয়ে যাবে কি না কিংবা এর জন্য কোনো কাফফারা দিতে হবে কি না—এমন প্রশ্ন অনেকের মনেই আসে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে স্ত্রীকে ‘আপু’ বা ‘বোন’ বলে সম্বোধন করা মাকরুহ। তবে এ ধরনের সম্বোধনের কারণে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় না, তালাকও হয়ে যায় না এবং কোনো কাফফারা দিতে হয় না।
বিজ্ঞাপন
হাদিসে এভাবে সম্বোধন করতে নবীজি (সা.) নিষেধ করেছেন।
হাদিসে আছে, এক ব্যক্তি তার স্ত্রীকে বোন সম্বোধন করলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অপছন্দ করেন এবং এমনটি বলতে নিষেধ করেন। (সুনানে আবু দাউদ ১/৩০১; মুসান্নাফ আবদুর রাযযাক ৭/১৫২)
সুতরাং এমন সম্বোধন থেকে বিরত থাকতে হবে। তবে এ কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।
বিজ্ঞাপন
স্বামী-স্ত্রী পরস্পরকে এমন শব্দ বা নামে ডাকা সমীচীন যা থেকে স্বাভাবিক সম্মান ও ভালোবাসা প্রকাশ পায়, অসম্মান প্রকাশ না পায়। তারা পরস্পরকে সন্তানদের নামের সাথে সম্পৃক্ত করে ডাকতে পারে। নাম ধরেও ডাকতে পারে যদি তা তাদের সংস্কৃতিতে অপমানসূচক না হয় এবং কেউ অপমান বোধ না করে।
আবু তমিমা আল জুহামী (রা.) বলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, ‘হে আমার বোন’, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সে কি তোমার বোন? তিনি তার এ রকম সম্বোধনকে অপছন্দ করলেন এবং এ রকম সম্বোধন করতে নিষেধ করলেন। (সুনানে আবু দাউদ: ২২০৪)
তাই স্ত্রীকে বোন, আপু ইত্যাদি বলে সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে, স্ত্রীও স্বামীকে ভাই, ভাইয়া ইত্যাদি সম্বোধন করা থেকে বিরত থাকবে।
বিজ্ঞাপন
তবে ভুলবশত বা অভ্যাসবশত স্বামী স্ত্রীকে ‘বোন’ বা ‘আপু’ বলে ডাকলে, কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বা ‘ভাইয়া’ বলে সম্বোধন করলে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো ক্ষতি হবে না। এর ফলে তালাকও হবে না এবং কোনো কাফফারাও দিতে হবে না। তবে যেহেতু এ ধরনের সম্বোধন শরিয়তসম্মতভাবে অপছন্দনীয়, তাই ভবিষ্যতে এমন সম্বোধন এড়িয়ে চলাই উচিত।







