Logo

হারামাইন শরিফাইনে আজ জুমার নামাজ পড়াবেন দুই বিশিষ্ট আলেম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬, ১৩:৪১
হারামাইন শরিফাইনে আজ জুমার নামাজ পড়াবেন দুই বিশিষ্ট আলেম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম। তাঁরা হলেন শায়খ সালেহ বিন হুমাইদ ও শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজায়ফি। সৌদি আরবের ধর্মবিষয়ক কর্তৃপক্ষের ঘোষণার বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আজ ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার। সৌদি আরবের উম্মুল কুরা বর্ষপঞ্জি অনুসারে, দিনটি ১৪৪৮ হিজরির ১২ জমাদিউল আউয়াল।

মক্কার মসজিদে হারামে ইমামতি করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি সৌদি আরবের বিশিষ্ট আলেমদের একজন। দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা ও ধর্মীয় দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

শায়খ সালেহ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পান। এ ছাড়া সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজায়ফি। প্রবীণ এই আলেম কোরআন তিলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে সুপরিচিত। তাঁর সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত বহু মানুষের কাছে বিশেষভাবে পরিচিতি পেয়েছে।

ইসলামি শিক্ষায় শিক্ষিত শায়খ আল-হুজায়ফি বিভিন্ন ধর্মীয় দায়িত্ব পালন করেছেন। ১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব নেন। এর পরের বছর মসজিদে নববির ইমাম হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ সময় ধরে তিনি পবিত্র এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন।

মসজিদে হারাম ও মসজিদে নববি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পবিত্র স্থান। প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে সেখানে বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হন। আজও দুই বিশিষ্ট আলেমের ইমামতিতে নামাজ আদায়ের জন্য মক্কা ও মদিনার পবিত্র মসজিদ দুটিতে মুসল্লিদের সমাগম হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD