Logo

রবিবার কোজাগরী লক্ষ্মীপূজা, জেনে নিন তিথির সময়সূচি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, ১৫:৩১
রবিবার কোজাগরী লক্ষ্মীপূজা, জেনে নিন তিথির সময়সূচি
ছবি: সংগৃহীত

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) পালিত হবে। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভক্তরা দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি রাত জেগে প্রার্থনা করেন। এ পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত।

বিজ্ঞাপন

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল ১১টা ৫৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪১ মিনিটে।

দেবী লক্ষ্মীর আরাধনা

হিন্দুধর্মীয় বিশ্বাসে দেবী লক্ষ্মী ধনসম্পদ, ঐশ্বর্য, সৌভাগ্য, জ্ঞান, আলো, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে আগমন করেন এবং তাদের সমৃদ্ধি ও কল্যাণ দান করেন। প্রাচীনকাল থেকেই রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থরা দেবীর পূজা করে আসছেন।

বিজ্ঞাপন

লক্ষ্মীর বাহন প্যাঁচা। হিন্দু পুরাণ অনুযায়ী, বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী যথাক্রমে সীতা ও রাধারূপে তাঁর সঙ্গিনী হন।

পূজার আয়োজন ও রীতিনীতি

লক্ষ্মীপূজায় ঘট বা প্রতিমায় দেবীর আরাধনা করা হয়। ব্যক্তিগতভাবে কিংবা সর্বজনীন আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজার গুরুত্বপূর্ণ উপকরণের মধ্যে রয়েছে সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপ চাল ও জল।

বিজ্ঞাপন

এ উপলক্ষে ঘরের আঙিনা ও প্রবেশপথে চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকা হয়। অনেক বাড়িতে লক্ষ্মীর পায়ের ছাপের নকশা করা হয়। পূজার অংশ হিসেবে অনেকে উপবাসব্রত পালন করেন এবং দেবীর উদ্দেশে প্রার্থনা করেন।

কেন বলা হয় কোজাগরী পূর্ণিমা

‘কোজাগরী’ শব্দটি ‘কে জাগে’—এই ভাবনার সঙ্গে সম্পর্কিত। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে বিচরণ করেন। তাই রাত জেগে দেবীর আরাধনা করার রীতি রয়েছে। এ কারণেই লক্ষ্মীপূজার এ আয়োজন কোজাগরী লক্ষ্মীপূজা নামে পরিচিত।

বিজ্ঞাপন

লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে প্রচলিত নানা কাহিনি পূজার দিন পাঁচালি আকারে পাঠ করা হয়, যা ‘লক্ষ্মীর পাঁচালি’ নামে পরিচিত। এ ছাড়া অনেক পরিবারে প্রতি বৃহস্পতিবারও দেবী লক্ষ্মীর বিশেষ পূজা করা হয়। কোনো কোনো অঞ্চলে দীপান্বিতা অমাবস্যায় সন্ধ্যায় লক্ষ্মীপূজার রীতিও প্রচলিত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD