শরীয়তের ব্যাখ্যা এবং শরীয়ত প্রতিপালনের গুরুত্ব ও অপরিহার্যতা সম্পর্কে আলোচনা

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘জাহেরী ও বাতেনী শরীয়ত এবং সূফীবাদ ও বিজ্ঞান’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ শরীয়তের ব্যাখ্যা এবং শরীয়ত প্রতিপালনের গুরুত্ব ও অপরিহার্যতা সম্পর্কে আলোচনাঃ
বিজ্ঞাপন
আল্লাহপাক নিজ পরিচয় প্রদানের জন্যই মানুষকে সৃষ্টি করিয়াছেন। তৎপর নিজ সান্নিধ্য থেকে বহু দেশ নিম্নে এই আদামাতে প্রেরণ করিয়াছেন। এখান হইতে মানুষ যাহাতে সহজে খোদাতায়ালার সান্নিধ্য অর্জন করিতে পারে, সেই জন্য মানব দেহাভ্যন্তরে দশটি সূক্ষ্ম লতিফা দান করিয়াছেন। ইহা ছাড়াও মানুষকে দান করিয়াছেন অফুরন্ত নেয়ামত। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করিয়াছেন। নবুয়তীর দরজা বন্ধ হওয়ার পরে নবীদের চরিত্রে চরিত্রবান করিয়া ওলীয়ে কামেলসকলকে প্রেরণ করিতেছেন। সবই মহান খোদাতায়ালার দান।
মানুষের অস্তিত্ব, গুণাবলী তথা কল্পন, দর্শন, চিন্তন, বর্ণন, শ্রবণ, কথন ইত্যাদি সমুয়দই আল্লাহপাকের অফুরান দান। তিনিই আহার দেন, তিনিই বস্ত্র যোগান, তিনিই বাসস্থানের ব্যবস্থা করেন। বিশ্ব ব্যাপী বিচিত্র স্বাদের উপাদেয় ফল-ফলাদি সৃষ্টি করিয়াছেন অতি আদরে সৃষ্ট এই মানবকুলের জন্য। মানুষ কিছু বীজ জমিতে বপন করিয়া আসে। তৎপর মহান খোদাতায়ালাই আলো, বাতাস, পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান দিয়া বীজকে অংকুরিত করিয়া গাছ তৈরী করেন। তিনি সেই গাছে ফলদান করেন। মানুষ শুধু সেই ফল ফলাদি নিজ চেষ্টায় সংগ্রহ করিয়া ঘরে আনয়ন করে। অবশ্য মানুষের এই চেষ্টা ও শক্তি-তাহাও খোদাতায়ালার অযাচিত দান।
যে মহান খোদাতায়ালা মানুষকে শর্তহীন ভাবে এমন অফুরন্ত নেয়ামত দান করিলেন, সেই মহান আল্লাহতায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করা কি মানুষের উচিত নয়? কিন্তু কোন পথে, কিভাবে এই মানবকুল রকম ও প্রকারবিহীন, অবর্ণনীয় ও অবোধগম্য খোদাতায়ালার শোকর গুজারী করিবে? সেই পথই হইল শরীয়ত। মহান খোদাতায়ালা আপনা হইতেই দয়াপরবশ হইয়া নবী-রাসূলের মাধ্যমে মানবকুলকে সেই পথের সন্ধান দিলেন। এই নসিহতের আলোচ্য বা প্রতিপাদ্য বিষয় শরীয়ত।
বিজ্ঞাপন
বা কৃতজ্ঞতা শরীয়ত কি? সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর মাধ্যমে মহান খোদাতায়ালার শোকর গুজারী বা প্রদর্শনের নিমিত্তে মানবকুলকে যে পথ নির্দেশনা প্রদান করা হইয়াছে; তাহাই শরীয়ত। রাসূলে করীম (সাঃ) এই শরীয়তকে নিজ জীবনের প্রত্যেকটি কর্মকান্ডের মধ্যে দিয়া উম্মতের নিকট প্রকাশ করিয়াছেন।
অন্য কথায়-রাসূলে করীম (সাঃ) এর নবুয়ত প্রাপ্তির পর হইতে ওফাতের পূর্ব পর্যন্ত দীর্ঘ ২৩ (তেইশ) বছরের সমুদয় কর্মসূচীই শরীয়ত। দীর্ঘ ২৩ বছরের সমস্ত কর্মকান্ড বা কর্মসূচীকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি প্রকাশ্য, অপরটি গুপ্ত। একটি জাহের, অন্যটি বাতেন। রাসূলে করীম (সাঃ) এর জীবনের প্রকাশ্য সমুদয় কর্মকান্ড যাহা জাহেরী শরীয়ত হিসেবে পরিচিত। আর, তদীয় জীবনের কর্মসূচীর বাতেনী অংশ বাতেনী শরীয়ত হিসেবে পরিচিত। আল্লাহ ও রাসূলে করীম (সাঃ) নির্দেশিত সর্ব প্রকারের প্রকাশ্য আমলের সহিত জাহেরী শরীয়ত জড়িত। আর বাতেনী শরীয়ত যাহা প্রকাশ্য আমল সমূহকে পরিশুদ্ধ করিয়া জড় জগত, নূরের জগত, আল্লাহপাকের নাম, গুণ, শান ও শয়ুনাতের জগত পার হইয়া খোদাতায়ালার সান্নিধ্য অর্জনের সাথে জড়িত। বাতেনী শরীয়তের তিনটি অংশ। যথা তরিকত, হকিকত ও মারেফাত।
রাসূলে করীম (সাঃ) মেরাজের রাত্রিতে সশরীরে সপ্তম আসমান পার হইয়া নূরময় জগত অতিক্রম করিয়া সিফাতের জগত তথা আসমা, সিফাত, শান, মহব্বত, শয়ুনাতের জগত পার হইয়া সর্বশেষ মাকাম মাবুদিয়াতে সেরফা ও হোব্বে সেরফায় পৌঁছাইয়া তথায় খোদাতায়ালার একান্ত সান্নিধ্যে মিলিত হইলেন। দয়াময় খোদাতায়ালা সমুদয় গুপ্ত ভেদ তদীয় হাবিবের নিকট তথায় প্রকাশ করিলেন এবং সমস্ত সৃষ্টি রহস্যের সকল পর্দা তদীয় হাবিবের সমীপে উন্মোচন করিলেন। পুনরায় সেখান হইতে নবী করীম (সাঃ) বাতেনী শরীয়তের সম্পদে সম্পদশালী হইয়া দুনিয়ায় আগমন করিলেন। রাসূলে করীম (সাঃ) এর এই বাতেনী কর্মকান্ড বা কর্মসূচী আদামাত হইতে উর্ধ্বদিকে সপ্ত আকাশ, নূরময় জগত, নাম, গুণ, শান, শয়ুনাত ও মহব্বত জগতের পরপারে মাবুদিয়াতে সেরফা ও হোব্বে সেরফা পর্যন্ত বিস্তৃত। বিস্তৃত ও ব্যাপক এই অধ্যায় তিনটি ভাগে বিভক্ত যাহা তরিকত, হকিকত ও মারেফাত হিসেবে পরিচিত। কাজেই বুঝা যায় যে, শরীয়ত হইল জাহেরী শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফাতের সমষ্টি। ওলীয়ে কামেল সকল পূর্ণাংগ শরীয়ত তথা শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফাতের জিম্মাদার। নবী করীম (সাঃ) এর পরে ওলীয়ে কামেলসকলই দুনিয়ার উপর আল্লাহতায়ালার প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করিতেছেন। তাহারাই পূর্ণাংগ শরীয়তের জ্ঞান আহরণ পূর্বক সাধারণের মধ্যে সেই জ্ঞানের সুবাস বিতরণ করিতেছেন।
বিজ্ঞাপন
বাতেনী শরীয়তের পরিপূর্ণতা অর্জনের যাত্রা লতিফা কালব হইতে শুরু হয়। তৎপর রূহ, ছের, খফি, আখফা, নাফস, আব, আতস, খাক, বাদ, লতিফা কালেব, সুলতানুল আজকার, আলমে খালক, আলেমে আমর, দায়েরায়ে এমকান, বেলায়েতে ছোগরা, আকরাবিয়াত, মহব্বতে আউয়াল, মহব্বতে ছানী, কাওছ, বেলায়েতে উলিয়া, কামালাতে নবুয়ত, কামালাতে রেসালাত, কামালাতে উলুল আজম, তৎপর ইবাদতের পথে হকিকতে কুরআন, হকিকতে কাবা, হকিকতে ছালাত হইয়া মাবুদিয়াতে ছেরফায় এবং মহব্বতের পথে হকিকতে ইব্রাহিমী, হকিকতে মুছবী, হকিকতে মুহাম্মদী, হকিকতে আহমদী হইয়া হোব্বে সেরফার গিয়া শেষ হয়।
তরিকত-লতিফা কালব হইতে শুরু করিয়া বেলায়েতে ছোগরা পর্যন্ত সব কয়টি অধ্যায় তরিকত সমুদ্রে অবস্থিত। বেলায়েতে ছোগরার দায়েরায় আসমা ও সিফাতের প্রতিবিম্বিত নূরে ফানা প্রাপ্ত হওয়ার পর তরিকতের পথ শেষ হয়। তৎপর আকরাবিয়াত হইতে হকিকতের যাত্রা শুরু হয়।
হকিকত-আকরাবিয়াত হইতে শুরু করিয়া মহব্বতে আউয়াল, মহব্বতে ছানী, কাওছ, বেলায়েতে উলিয়া কামালাতের অধ্যায় সমূহ, হকিকতে এলাহিয়ার স্তরসমূহ ও হকিকতে আম্বিয়ার স্তরসমূহ পার হইয়া মাবুদিয়াতে ছেরফা ও হোব্বে ছেরফা পর্যন্ত হকিকত রাজ্য বর্তমান।
বিজ্ঞাপন
মারেফাত-খোদাতায়ালাকে চিনিবার নাম মারেফাত। মাবুদিয়াতে ছেরফা ও হোব্বে ছেরফায় পৌঁছাইয়া ছালেক তদীয় ওজুদ মাওহুব লাহু'-এর কুওতে নজরীয়ার মাধ্যমে সমুদয় পর্দা উন্মোচিত অবস্থায় জাত পাকের দর্শন লাভ করেন ঠিকই কিন্তু জাত পাককে বুঝিতে পারেন না। জাতপাককে বুঝিতে না পারিবার হাহাকার, যন্ত্রণা, মূঢ়তা বা অজ্ঞানতাকে মারেফাত বলে। এখান হইতে ছালেক তাহার ওজুদ মাওহুব লাহুর কুওতে নজরিয়ার মাধ্যমে ইতেবারের সমুদয় পর্দা ভেদ করিয়া জাত পাকে বা জাত লা-তাইনে ছায়ের করিতে পারেন। ইতেবারের সমস্ত পর্দা উন্মোচিত অবস্থায় পবিত্র জাতের সহিত ছালেকের যে আনন্দময় নিবিড় মিলন; সেই মিলন কেন্দ্র পর্যন্ত বাতেনী শরীয়তের সীমা বিস্তৃত।
হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) ছাহেব শরীয়তকে তিনটি অংশে ভাগ করিয়াছেন। এলেম, আমল ও এখলাস।
এলেমঃ আল্লাহ ও রাসূলে করীম (সাঃ) এর উপর ঈমান আনয়নের পরে হালাল-হারাম, ফরজ, ওয়াজেব, সুন্নত, নফল, মোস্তাহাব বা বৈধ্য ও সন্দিগ্ধ বিষয় সংক্রান্ত জ্ঞান অর্জন করা এলেমের পর্যায় ভুক্ত।
বিজ্ঞাপন
আমল-অর্জিত জ্ঞান অনুযায়ী ইবাদত করা।
এখলাস-ইবাদতের বিশুদ্ধতা অর্জন। এই এখলাসের মাকাম তরিকত, হকিকত ও মারেফাতের শেষ প্রান্তে মাবুদিয়াতের ছেরফা ও হোব্বে ছেরফার দায়েরা হইতে ওজুদ মাওহুব লাহুর কুওতে নজরিয়ার মাধ্যমে জাতপাকের সহিত যেখানে ছালেকের নিবিড়তম মিলন ঘটে তথায় হাছিল হয়। এখলাসের মাকাম হাছিল করিবার জন্য প্রকাশ্য ও গুপ্ত সমুদয় উপাস্যতুল্য উদ্দেশ্যসমূহ বিনাশ করিতে হয়। নাফসের পবিত্রতা হাছিল করিতে হয়। মানব দেহের উপাদান চতুষ্টয়ের পবিত্রতা অর্জন করিতে হয়। আর এই জন্য তরিকত, হকিকত ও মারেফাতের সমস্ত স্তর অতিক্রম করা অত্যাবশ্যক। অর্থাৎ তরিকত, হকিকত ও মারেফাতের সমুদয় স্তর অতিক্রম করিবার একটাই উদ্দেশ্য; আর তাহা হইল এখলাস ও রেজার মাকাম ত্বয় করা; যাহা শরীয়তের তৃতীয় অংশ। তাই হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) ছাহেব বলেন যে, তরিকত, হকিকত ও মারেফাত হইল শরীয়তের খাদেম।
পূর্ণাংগ শরীয়তের জ্ঞান অর্জনের উপায়ঃ
বিজ্ঞাপন
পূর্ণাংগ শরীয়তের জ্ঞান আহরণের উপায় কি? প্রথমে হালাল, হারাম, ফরজ, ওয়াজেব, সুন্নত, নফল মোস্তাহাব, মাকরুহ, সন্দিহান ইত্যাদি বিষয় সংক্রান্ত জ্ঞান আহরণ করিয়া অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করিতে হইবে। অর্থাৎ জাহেরা শরীয়তের আদেশ নিষেধের সাজে নিজেকে সজ্জিত করিতে হইবে। তৎপর বাতেনী শরীয়তের জ্ঞান আহরণে
তৎপর হইতে হইবে। বাতেনী শরীয়তের জ্ঞান অর্জনে পীরে কামেলের একান্ত প্রয়োজন। কারণ তরিকতের রাস্তায় প্রধানতম বাধা দ্বিবিধ।
★ নাফসে আম্মারার বিরোধিতা।
বিজ্ঞাপন
★ শয়তানের কু-প্ররোচনা।
পীরে কামেলের তাওয়াজ্জুয়ে এত্তেহাদী ব্যতীত নাফসে আম্মারার দাসত্ব হইতে মুক্ত হওয়া ও শয়তানের কু-মন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব। আর উপরোক্ত দুই শয়তানের হাত হইতে উদ্ধার না পাওয়া পর্যন্ত আবেদের কোন ইবাদতই খোদাতায়ালার পবিত্র দরবার পর্যন্ত পৌছায় না। হযরত মাওলানা রূমী (রঃ) ছাহেব একটি চমৎকার দৃষ্টান্ত দিয়া এই তথ্যটি তদীয় মছনবী শরীফে উল্লেখ করিয়াছেন। মানুষ ক্ষেত হইতে গম কাটিয়া আনিয়া স্তূপাকারে রাখিয়া দেয়। কিন্তু চতুর ইঁদুর তলা দিয়া সুড়ংগপথ তৈরি করিয়া সেই জমাকৃত গম সুড়ংগপথে টানিয়া লইয়া যায়। গমের স্তূপ ধীরে ধীরে শেষ হইয়া যায়। কাজেই গম যদি রক্ষা করিতে হয় তাহা হইলে সুড়ংগপথ বন্ধ করিয়া ইঁদুরের বংশ বিনাশ করিতে হইবে। ইহার কোন বিকল্প নাই। এখানে গম বলিতে মানুষের ইবাদত বা নেক আমলকে বোঝান হইয়াছে এবং ইঁদুরকে নাফসে আম্মারা ও শয়তানের রূপক হিসেবে ব্যবহার করা হইয়াছে। তাই হযরত মাওলানা রূমী (রঃ) ছাহেব বলিতেছেন,
"আউয়াল আয় জা দফত্র শর্রে মুশ কূন
বিজ্ঞাপন
ওয়াঁগা আন্দর জমএ গন্দম জুশ কূন"
অর্থাৎ-প্রথমে তুমি ইঁদুরের কারসাজি বন্ধ কর, তৎপর গম জমা করায় তৎপর হও অর্থাৎ প্রথমে তুমি ইঁদুর রূপী নাফসে আম্মারা ও শয়তানের কারসাজি হইতে নিজেকে রক্ষা কর, তৎপর পরিশুদ্ধ ইবাদতে আত্মনিয়োগ কর। মাওলানা রূমী (রঃ) আরও বলিতেছেন,
"হিসনা কুশাদ মারে রাজো জাল্লে পীর
বিজ্ঞাপন
দামনে আ নাফসে কোশরা সাফত গীর।"
অর্থাৎ-তুমি যদি নাফস রূপী কাল সাপের ছোবল হইতে বাঁচিতে চাও, তবে নাফস হন্তা মোর্শেদে কামেলকে শক্ত করিয়া ধর।
তাই মোর্শেদে কামেলের একনিষ্ঠ খেদমত করিয়া তদীয় নেক দৃষ্টি অর্জন করিতে হইবে। পীরে কামেলের নেক দৃষ্টি বা তাওয়াজ্জুয়ে এত্তেহাদীর প্রয়োগে ছালেকের দেল পরিচ্ছন্ন হয় এবং তথায় আল্লাহপাকের সিফাতের নূর প্রতিফলিত হয়। বিকশিত কালবী নেত্রে ছালেক খোদাতায়ালার প্রতিবিম্বিত নূরের সাহায্যে সমুদয় সৃষ্টি জগত তথা আরশ কুরছি, লওহ, কলম, বেহেশত, দোযখ, সাত তলা আসমান হইতে সাত তলা জমীনের নীচে তাহাতাছ সারা পর্যন্ত দেখিতে পায়। ধীরে ধীরে দেহস্থিত সমুদয় লতিফা জাগ্রত হয় এবং এসমে জাত জেকের জারী হয়। এক পর্যায়ে ছালেকের কোটি কোটি লতিফায় আল্লাহ আল্লাহ জেকের জারী হয় এবং সুলতানুল আজকারের মর্যাদা সে প্রাপ্ত হয়। এসমে জাত জেকেরের সাথে সাথে ছালেকের ছয় লতিফায় তদীয় পীর নাফী-এসবাত জেকের সংযোগ করান। রেতের ঘর্ষণে যেমন লৌহের মরিচা দূর হয়, তেমনি ছালেকের বিভিন্ন লতিফায় এসমে জাত ও নাফী-এসবাতের মুহুর্মুহ জেকেরে তদীয় দেল গোনাহ থেকে পাক হয় এবং গোনাহের তাছির, গোনাহের অন্ধকার, গোনাহের জুলমাত, গোনাহ করার হাউস সবই বিদূরীত হইয়া ছালেকের নাফস আম্মারার স্তর হইতে মোৎমাইন্ন্যার স্তরে পৌঁছায়। তথায় বেলায়েতে ছোগরার দায়েরায় আসমা ও সিফাতের প্রতিবিম্বিত নূরে ছালেক ফানা প্রাপ্ত হয়। এই পর্যন্ত তরিকত শেষ হয়। তৎপর হকিকত শুরু হয়। এমনি ভাবে পীরে কামেলের তাওয়াজ্জুয়ে এত্তেহাদীর বলে ছালেক হকিকত ও মারেফাত দফতরের সমুদয় স্তরে সজ্জিত বাতেনী শরীয়তের জ্ঞান আহরণ করিয়া শরীয়তের সর্বশেষ অংশ এখলাসের মাকাম ও রেজার মাকাম হাছিল করিয়া পুনরায় ছায়েরে আনিল্লাহ বিল্লাহর মাধ্যমে দুনিয়ায় আগমন করেন। ইহা এক অপূর্ব নেয়ামত। রাসূলে পাক (সাঃ) এর অনুসরণ, উত্তরাধিকার ও তোফায়েলের মাধ্যমে আল্লাহর বিশিষ্টের বিশিষ্ট বান্দাগণ এই অভূতপূর্ব নেয়ামতের অধিকারী হন।
বিজ্ঞাপন
আমার পীর, জামানার নূর, হযরত খাজাবাবা শাহসূফী এনায়েতপুরী (কুঃ) ছাহেব পূর্ণাংগ শরীয়তের জ্ঞানে মহাজ্ঞানী ছিলেন। তদীয় জ্ঞানপাত্র জাহেরা শরীয়ত ও বাতেনী শরীয়তের সমস্ত স্তরের জ্ঞানে কানায় কানায় পূর্ণ ছিল। তোমরা যদি শরীয়তের উভয় শাখার জ্ঞানে জ্ঞানী হইতে চাও, পরিপূর্ণ শরীয়তের মহা সমুদ্রের গভীরতম প্রদেশ হইতে সুদক্ষ ডুবুরীর ন্যায় যদি প্রকাশ্য ও গুপ্ত জ্ঞানরূপ মণি মুক্তা সংগ্রহ করিতে চাও; তাহা হইলে খাজাবাবা হযরত এনায়েতপুরী (কুঃ) ছাহেবের রজ্জুকে শক্ত করিয়া ধর এবং শরীয়তের যাবতীয় আদেশ নিষেধের সাজে নিজেকে সজ্জিত কর। জাহেরা শরীয়তের আদেশ নিষেধ অমান্য করিয়া, অবজ্ঞা বা অবহেলা করিয়া বাতেনী শরীয়তের জ্ঞান আহরণ করিতে পারিবে না। খোদাপ্রাপ্তিতত্ত্ব জ্ঞান অর্জনের পূর্ব শর্ত জাহেরা শরীয়ত বা সুন্নতের আদেশ নিষেধ পুংখানুপুংখভাবে প্রতিপালন করা। আজ পর্যন্ত যত লোক খোদাতায়ালার সান্নিধ্যে পৌঁছাইয়াছেন, শরীয়তকে ভালবাসিয়া, শরীয়তের যাবতীয় আদেশ নিষেধ পরিপূর্ণভাবে পালন করিয়াই তাহারা মোক্ষধামে পৌঁছাইয়াছেন।
এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়ায় আসিয়া শরীয়তকেই প্রতিষ্ঠিত করিবার জন্য জীবনভর সংগ্রাম করিয়াছেন। শাহাদাত বরণ করিয়াছেন এমন বহু পয়গম্বরের সংবাদ আমরা কুরআন হাদীসে পাই। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল (সাঃ) আজীবন এই শরীয়তকে প্রতিষ্ঠিত করিবার সাধনা করিলেন, সংগ্রাম করিলেন। শত শত পাথরের আঘাতে তদীয় পবিত্র দেহ মোবারক শোণিতাক্ত হইল। মুক্তা সদৃশ দন্ত মোবারক দেহ বিচ্ছিন্ন হইল। সমগ্র জীবন তিনি অনাহারে-অনিদ্রায় অতিবাহিত করিলেন। কিন্তু কেন? পূর্ণাংগ শরীয়ত ও সুন্নতকে প্রতিষ্ঠিত করিবার মানসে। তাই এই শরীয়ত ও সুন্নতের গুরুত্ব এত বেশী। যাহাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করা হইতো না, যিনি সৃষ্ট না হইলে আকাশ, বাতাস, গ্রহ-নক্ষত্র, আসমান-জমীন কিছুই সৃষ্টি হইতো না। সেই পবিত্র ব্যক্তিত্ব, মহান চরিত্রের অধিকারী, সর্বোত্তম আদর্শ-ভাস্কর হযরত রাসূলে করীম (সাঃ) আজীবন দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রণা, অত্যাচার-নির্যাতন, লাঞ্ছনা-গঞ্জনার ভিতর দিয়া অতিবাহিত করিলেন শরীয়ত ও সুন্নতকে প্রতিষ্ঠিত করিবার অভিলাসে। এই কারণেই শরীয়তের প্রতিপালন ও সুন্নতের অনুসরণের তাৎপর্য এত অধিক। মহান খোদাতায়ালা পবিত্র কুরআন মজীদে এরশাদ ফরমান,
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ -
অর্থাৎ-“(হে নবী!) আপনি বলিয়া দিন (হে মানব মন্ডলী!) যদি তোমরা সত্যিই আল্লাহকে ভালবাস, তাহা হইলে আমার অনুসরণ কর। ফলে, আল্লাহতায়ালাও তোমাদিগকে ভালবাসিবেন। আর তোমাদের যাবতীয় গোনাহ তিনি মাফ করিয়া দিবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।” (সূরা আলে ইমরানঃ ৩১)
কাজেই বুঝা যায় যে, খোদাতায়ালার প্রেম, ভালবাসা, মহব্বত অর্জন রাসূলে করীম (সাঃ) এর অনুসরণের উপর নির্ভর করে।
হযরত জোনায়েদ বোগদাদী (রঃ) ছাহেব তরিকত ও হকিকতের সুলতান ছিলেন। বাগদাদ বাসীদের নিকট তিনি জাহেরা শরীয়ত ও বাতেনী শরীয়তের ইমামরূপে মান্য ছিলেন। তাহার ওফাতের পরে হযরত হারীরী (রঃ) সাহেব একরাত্রে স্বপ্নে দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, "হুজুর, আল্লাহতায়ালা আপনার সহিত কেমন আচরণ করিলেন? জবাবে হযরত জোনায়েদ বোগদাদী (রঃ) ছাহেব বলিলেন, আল্লাহপাক আমার প্রতি রহম করিয়াছেন। আমার অন্য কোন ইবাদতই কাজে আসে নাই, কেবলমাত্র সেই দুই রাকায়াত নামাজের বদৌলতে তিনি আমাকে মাফ করিয়াছেন যাহা আমি নিশীর শেষ ভাগে রাসূলে পাক (সাঃ) এর অনুসরণ-উদ্দেশ্যে পড়িতাম।
হযরত মুজাদ্দেদ আলফেছানী (রঃ) ছাহেব বলেন, "হযরত রাসূলে করীম (সাঃ) এর অনুসরণ এমনি একটি অমূল্য সম্পদ যাহার এক কনা পরিমান অংশও যাবতীয় লজ্জত ও আখেরাতের সমুদয় নেয়ামত হইতে উৎকৃষ্ট। ইহাই সকল শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের উৎস। হযরত রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নতের অনুসরণের নিয়তে ক্বাইলুল্লা অর্থাৎ মধ্যাহ্ন ভোজের পর কিছুক্ষণ শুইয়া বিশ্রাম করা সেই কোটি কোটি রাত্রির ইবাদত হইতে শ্রেষ্ঠ যাহা তাহার অনুসরণ হইতে বঞ্চিত। ইদুল ফিতরের দিন রোজা না রাখিবার যে নির্দেশ শরীয়ত দিয়াছে উহা মান্য করা অনন্ত কাল নফল রোজা রাখা হইতে উত্তম।"
হযরত ওমর ফারুক (রাঃ) একদিন ফজরের নামাজের জামায়াতে একজনকে অনুপস্থিত দেখিয়া কারণ জিজ্ঞাসা করিয়া অন্যান্যদের নিকট হইতে জানিতে পারিলেন যে অনুপস্থিত লোকটি সারা রাত্রি ইবাদত করিবার কারণে ফরজ ওয়াক্তের জামায়াতে যোগ দিতে পারে নাই। হযরত ওমর ফারুক (রাঃ) আফসোস করিয়া বলিলেন, "সে যদি সারা রাত্রি ঘুমাইয়া ভোরে ফজরের জামায়াতে শরীক হইতো, তাহাই তাহার জন্য বেশী ফলপ্রসু হইত। কাজেই ইহা সহজেই বোধগম্য যে শরীয়তের প্রত্যেকটি আদেশ নিষেধ প্রতিপালন ও সুন্নতের অনুসরণের গুরুত্ব সর্বাধিক।
সম্রাট আকবর ও সম্রাট জাহাংগীরের চক্রান্তে ও ষড়যন্ত্রে যখন শরীয়ত ও সুন্নত ধ্বংস প্রায়, ঠিক তখনই হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) ছাহেবের সাহসী হস্তক্ষেপে ইসলাম রক্ষা পাইল, মৃতপ্রায় শরীয়ত ও সুন্নত পুনরুজ্জীবিত হইল। এই বিপ্লবী কর্মকান্ড পরিচালনায় হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) ছাহেবকেও কম নির্যাতন সহ্য করিতে হয় নাই। তিনি সম্রাট জাহাংগীরের রোষে পতিত হইয়া দুই বছর পর্যন্ত গোয়ালিয়র জেলে বন্দী অবস্থায় কালাতিপাত করিয়াছিলেন। তদীয় এই সংগ্রামের মূল উদ্দেশ্যই ছিল মৃতপ্রায় শরীয়ত ও সুন্নতকে জীবিতকরণ এবং সত্য ইসলামকে সমুন্নত রাখা। তাহার রচিত বিভিন্ন মূল্যবান বইপুস্তক হইতে ইহার ইংগিত পাওয়া যায়।
হযরত মনসুর হাল্লাজ (রঃ) ছাহেব বেলায়েতে ছোগরাস্থিত ওলী ছিলেন। বেলায়েতে ছোগরার হাল অতি আশ্চর্য জনক। লতিফা কালব হইতে শুরু করিয়া সমুদয় লতিফা ও দায়েরা উরুজ ও ছায়ের করিয়া সর্বশেষ দায়েরা মাবুদিয়াতে ছেরফা ও হোব্বে সেরফায় পৌঁছাইতে হয়। পথিমধ্যের বেলায়েতে ছোগরার দায়েরা আসমা ও সিফাতের প্রতিবিম্বিত মনোমুগ্ধকর নূরের দায়েরা। এই দায়েরাতে ছালেক নিজেকে এবং সমগ্র বিশ্বব্রহ্মান্ডকে খোদাতায়ালার নূরের জেলালে নিমজ্জিত দেখে এবং সেই নূর হইতে নিজেকে পৃথক করিতে না পারিয়া কখনও কখনও শরীয়তের খেলাফ অনেক কথাই বলিয়া ফেলে। যেমন হযরত মনসুর হাল্লাজ (রঃ) ছাহেব "আনাল হক" বলিয়াছিলেন। আসলে বেলায়েতে ছোগরার দায়েরার আধ্যাত্ব চাপে তিনি "আনাল হক" বলিতে বাধ্য হইয়াছিলেন। কিন্তু শরীয়তের ফতোয়ায় তাহাকে মৃত্যুদন্ড দেওয়া হইল। তাহার জীবন আলেখ্য পর্যালোচনা করিলে দেখা যায় যে, তিনিও আজীবন শরীয়তের নিয়মতান্ত্রিকতার মধ্যে চলিয়াছিলেন এবং শরীয়ত ও সুন্নতকে তিনি অতিশয় মহব্বত করিতেন। শুলে চড়াইবার ঠিক পূর্ব মূহূর্তের ঘটনা-
"হযরত মনছুর হাল্লাজ (রঃ) ছাহেব ধীর পদক্ষেপে শুলের দিকে অগ্রসর হইতেছেন, হাজার হাজার লোক শুলের চতুর্পার্শ্বে এই ভয়াবহ মৃত্যুদন্ড দেখিবার ইচ্ছায় উপস্থিত। ইহাদের একদল হযরত মনসুর হাল্লাজ (রঃ) ছাহেবের মুরীদান ও সমর্থক যাহারা আপন পীরের বিচ্ছেদ চিন্তায় আবেগাপ্লুত। আর একদল যাহারা হযরত মনসুর হাল্লাজ (রঃ) এর শাস্তিদানের পক্ষে সমর্থনদানকারী, তাহারা আনন্দ উল্লাসে আমোদিত।
হযরত মনসুর হাল্লাজ (রঃ) কে তদীয় একজন মুরীদান জিজ্ঞাসা করিলেন, হুজুর! আজ আমরা যাহারা আপনার মুরাদান, আপনার সমর্থক, আপনার বিচ্ছেদ ব্যথায় যন্ত্রণাকাতর, তাহাদের অবস্থাইবা কি হইবে? আর যাহারা আপনাকে শুলে চড়াইয়া হত্যা করিতেছে, তাহাদের অবস্থাইবা কি হইবে?" জবাবে মনসুর হাল্লাজ (রঃ) বলিলেন, "তোমরা এক সওয়াব এবং তাহারা দুই সওয়াব পাইবে অর্থাৎ তাহারা তোমাদের দ্বিগুণ সওয়াব পাইবে। কেননা, তোমাদের শুধু আমার প্রতি সমর্থন ও ভাল ধারণা আছে, আর তাহারা শরীয়তের হেফাজতের জন্যই এহেন কঠিন কর্ম করিতেছে।"
একবার এক লোক হযরত বাহাউদ্দিন নকশ্বন্দ (রঃ) ছাহেবের খেদমতে তরিকা গ্রহণের বাসনায় উপস্থিত হইলেন। দীর্ঘ সতের (১৭) দিন সেই আগন্তক হযরত বাহাউদ্দিন নকশ্বন্দ (রঃ) ছাহেবের দরবারে খেদমতে থাকিলেন। সতের দিন পরে আগন্তক বিদায় প্রার্থনা করিলে হযরত বাহাউদ্দিন নকশ্বন্দ (রঃ) ছাহেব বলিলেন, "আপনি তো তরিকা গ্রহণ করিতে আসিয়াছিলেন, তরিকা না লইয়া বিদায় চাহিতেছেন কেন? "আগন্তক লোকটি বলিল, দীর্ঘ সতের দিনে আপনার এখানে কোন কারামত লক্ষ্য করিলাম না। কত ওলীর দরবারে কত কারামতের কথা শুনি, কিন্তু আপনার এখানে সে সবের লেশমাত্র দেখিলাম না। তাই চলিয়া যাইতেছি।" ইহা শুনিয়া হযরত বাহাউদ্দিন নকশ্বন্দ (রঃ) ছাহেব আগন্তক লোকটিকে জিজ্ঞাসা করিলেন, "বাবা, আপনি কি এখানে শরীয়তের খেলাপ কিছু দেখিতে পাইয়াছেন? লোকটি বলিল, "না, তাহা পাই নাই।" পূর্ণাংগ শরীয়তের সম্রাট হযরত বাহাউদ্দিন নকশ্বন্দ (রঃ) ছাহেব বলিলেন, "শরীয়তের খেলাপ যে কিছুই দেখিতে পান নাই, ইহাই সবচেয়ে বড় কারামত।" মূলত ব্যাপারটিও তাই। কারণ নাফসে আম্মারার জন্য সবচেয়ে কঠোর কর্ম হইল শরীয়ত ও সুন্নতের পায়রবী করা।
যে বা যাহারা নিজেদের মারেফাতওয়ালা বলিয়া ফলাও করে অথচ শরীয়ত ও সুন্নতের আমলের তোয়াক্কা করে না তাহারা আসলে মানবরূপী শয়তান। আল্লাহওয়ালাগণ সব সময়ই শরীয়তের যাবতীয় আমলের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।
শরীয়ত ও সুন্নতের গুরুত্ব সম্পর্কে হযরত গউস পাক আব্দুল কাদের জেলানী (রঃ) ছাহেব বলেন, "তোমার উপর যদি এলহাম হয়, অগ্রে তুমি সেই এলহামের নির্দেশকে শরীয়ত ও সুন্নতের অনুকূলে কিনা তাহা পরীক্ষা করিয়া দেখ। যদি শরীয়ত ও সুন্নত মোতাবেক হয় তবে তাহা গ্রহণ কর, আর যদি প্রতিকূলে হয় তবে তুমি সতর্ক হও কারণ শয়তান তোমাকে লক্ষ্যভ্রষ্ট করিবার জন্য আদা-লবণ খাইয়া লাগিয়াছে।"
শয়তানের ধোকা বা ছলনা বোঝা সহজ নয়। শয়তানের ধোকার হাত হইতে বাঁচিবার জন্য পীরের সান্নিধ্যে থাকা যেমন প্রয়োজন, তেমনি শরীয়তের খুটিনাটি আদেশ-নিষেধ পর্যন্ত প্রতিপালন করা অপরিহার্য। একদা একজন দরবেশ এক নির্জন জংগলে ইবাদতে মশগুল। এমন সময় একজন সূফী বেশী আগন্তক এক খাঞ্চা ভর্তি উপভোগ্য খাবারসহ দরবেশের সন্নিধানে উপস্থিত হইয়া বলেন, "আমি ফেরেশতা, আপনার জন্য বেহেশত হইতে এই সকল উপাদেয়, সুস্বাদু খাবার আনয়ন করিয়াছি। আপনি দয়া করিয়া গ্রহণ করুন। "দরবেশ মোরাকাবায় নিমগ্ন হইয়া খোদাতায়ালার নিকট উক্ত খাদ্য গ্রহণের বৈধতা সম্পর্কে জানিতে চাহিলেন, এলহাম মাধ্যমে আল্লাহপাক জানাইলেন, "যদি শরীয়তের কোন খেলাপ না দেখ তবে গ্রহণ করিতে পার।" দরবেশ উত্তমরূপে পর্যবেক্ষণ করিয়া দেখিলেন যে, আনীত খাবার-দাবার সবই বৈধ এবং খাদ্য বহনকারীও সূফী বেশ-ভূষায় সজ্জিত। দরবেশ চিন্তা করিয়া সিদ্ধান্তে পৌঁছাইতে না পারিয়া পুনরায় মোরাকাবায় নিমগ্ন হইয়া খোদাতায়ালাকে জিজ্ঞাসা করিয়া এবারও আল্লাহপাকের নিকট হইতে একই উত্তর পাইলেন, "যদি শরীয়তের কোন খেলাফ না দেখ তাহা হইলে গ্রহণ করিতে পার।" দরবেশ মহা বিপাকে পড়িলেন। এমন সময় খাদ্য বহনকারী আগন্তক কাবা শরীফের দিকে থুথু ফেলিল। ইহা দৃষ্টে দরবেশ নিমিষেই চিন্তা করিলেন যে, কোন সূফী, কোন দরবেশ, বা কোন ঈমানদার লোক কেবলামুখী থুথু ফেলিতে পারে না, নিশ্চয় আগন্তক খাদ্য আনয়নকারী শয়তান বিনে কেহ নয়। তখন তখনই দরবেশ চাবুক হাতে শয়তানকে তাড়া করিলেন। আর সংগে সংগেই শয়তান খাবার ভর্তি থালা ফেলাইয়া "সামান্যের জন্য তোমাকে ধ্বংস করিতে পারিলাম না”-এই কথা বলিতে বলিতে দ্রুত পলায়ন করিল।
কাজেই শয়তানের চক্রান্ত বুঝা সহজসাধ্য নয়। এক্ষেত্রে শরীয়তের একান্ত আবশ্যক। শরীয়তের মধ্যেই আল্লাহপাক যাবতীয় নেয়ামত লুক্কায়িত রাখিয়াছেন। জাহেরী ও বাতেনী শরীয়ত বা সুন্নতের অনুসরণ ব্যতীত খোদাতায়ালার সান্নিধ্য অর্জন সম্ভব নয়। হযরত শেখ সাদী (রঃ) ছাহেব বলেন,
"খেলাফে পায়ম্বর কাছিরা গুজীদ
কে হরগেজ ব-মঞ্জেল না খাহাদ রছিদ।"
অর্থাৎ-রাসূলে পাক (সাঃ) এর খেলাফ করিয়া আজ পর্যন্ত কেহ মাঞ্জিল মাঞ্জুদে পৌঁছাইতে পারে নাই; পারিবেও না।
হযরত মাওলানা রূমী (রঃ) ছাহেব তদীয় মসনবীতে বলেন, তোমরা যদি খোদাতায়ালাকে পাইতে চাও, তবে রাসূলে পাক (সাঃ) এর জাহেরী ও বাতেনী সুন্নতকে অনুসরণ কর। কারণ নবী করীম (সাঃ) এর সুন্নতের রং স্বয়ং আল্লাহর রং। আল্লাহর রং ধারণ করা অর্থাৎ জাহেরী ও বাতেনী সুন্নতের অনুসরণ অনুসারীকে পয়গম্বরদের দলের সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়।"
আমার পীর, জাহেরী ও বাতেনী শরীয়তের ধারক ও বাহক, হযরত খাজাবাবা এনায়েতপুরী (কুঃ) ছাহেব বলেন, "তোমরা যদি আল্লাহতায়ালাকে পাইতে চাও, এখলাস ও রেজার মাকাম যদি হাছিল করিতে চাও, তবে শরীয়তের যাবতীয় নির্দেশাবলী পুরাপুরি পালন কর।" আমার পীর কেবলাজান ছিলেন শরীয়তের মূর্ত প্রতীক ও উজ্জ্বল নক্ষত্র সদৃশ। তদীয় বহিরাংগ ও অন্তরাংগ জাহেরী ও বাতেনী শরীয়ত ও সুন্নতের সাজে সজ্জিত ছিল। তিনি নিজে যেমন শরীয়তের খুঁটিনাটি আদেশ নিষেধ অতীব মহব্বত ও শ্রদ্ধার সাথে প্রতিপালন করিতেন। তেমনি তদীয় মুরীদ সন্তানদেরকে শরীয়ত ও সুন্নতের পুরাপুরি অনুসরণের আদেশ প্রদান করিতেন এবং শরীয়তকে অবজ্ঞা বা অবহেলা করিবার ভয়াবহ পরিণতি সম্পর্কে হুশিয়ার করিয়া দিতেন।
পীর কেবলাজান আমাকে একদিন বলিলেন, "বাবা, পবিত্র উরস শরীফের বিশাল গণজমায়েতে শরীয়তের আদেশ-নিষেধ প্রতিপালনের গুরুত্ব এবং ইহার উত্তম বিনিময় সম্পর্কে ওয়াজ নসিহত করি এবং তৎসংগে শরীয়ত ও সুন্নত পরিত্যাগ করিবার ভয়ানক শাস্তি সম্পর্কে সর্তক করিয়া দেই। শত শত জাহেরা শরীয়তে বিজ্ঞ আলেম ওলামা দ্বারা শরীয়ত ও সুন্নতের গুরুত্ব ও অপরিহার্যতা সম্বন্ধে বক্তৃতা করাই। ইহার একটাই উদ্দেশ্য। আর তাহা হইল, আমার মুরীদান সকল যেন শরীয়ত ও সুন্নতের গুরুত্বকে উপলব্ধি করতঃ তাহা প্রতিপালনে তৎপর হয় এবং নিজেদেরকে শরীয়ত ও সুন্নতের পবিত্র রং-এ রংগীন করে। যাহারা আমার আদেশ মান্য করিবে তথা শরীয়ত ও সুন্নতকে অবশ্য প্রতিপাল্য মনে করিয়া আমল করিবে; আল্লাহপাক দয়া করিয়া তাহাদেরকে গোনাহ হইতে পবিত্র করিয়া ওলীর দরজায় পৌঁছাইয়া দিবেন। আর যাহারা অবহেলা করিবে, তাহারা পরকালের মুক্তি হইতে বঞ্চিত থাকিবে।" এ প্রসংগে আমার জীবনের একটি স্বপ্ন বৃত্তান্ত তোমাদের শুনাই। পীর কেবলাজানের ওফাতের পর এক নিশীথে আমি নিদ্রামগ্ন অবস্থায় দেখি, "একটি সুন্দর ইমারত। সুসজ্জিত ইমারত কক্ষে এক পালংকে পীর কেবলাজান উপবিষ্ট। আমাকে দেখিয়াই জানালা দিয়া হস্ত ইশারাপূর্বক কক্ষাভ্যন্তরে প্রবেশের আহবান করিলেন। আমি অতিশয় আদবের সহিত নতমস্তকে কক্ষ অভ্যন্তরে প্রবেশ করিলাম। পীর কেবলাজান আমাকে শরীয়তের যাবতীয় আমলের গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে উপরোক্ত নসিহত প্রদান করিলেন। আমি কেবলাজান হুজুরকে জিজ্ঞাসা করিলাম, "বাবা, আপনার মুরীদবর্গের ভিতর এমন অনেকেই আছে যাহারা শরীয়ত ও সুন্নত প্রতিপালনের কোন গুরুত্ব দেয় না বরং অবহেলা করে। কঠিন হাশরের ভীষণ দিনে আপনি কি তাহাদেরকে ফেলিয়া দিবেন বা পরিত্যাগ করিবেন?" পীর কেবলাজান উত্তরে আমাকে বলিলেন, "বাবা, আমার ঐ সমস্ত শরীয়ত ও সুন্নত অবজ্ঞাকারী মুরীদান হাশরের কঠিন দিনে আমার নিকট পর্যন্ত পৌঁছাইতে পারিবে না। তাহারা আমার নিকটে আসিবার জন্য প্রাণপন চেষ্টা করিবে, কিন্তু আমার নিকটে পৌঁছিবার পূর্বেই খোদাতায়ালা তাহাদের এবং আমার মাঝে পর্দা টানিয়া দিবেন। ফলে আমাকে দেখা থেকেও তাহারা বঞ্চিত হইবে।"
কাজেই তোমরা যদি পরকালে মুক্তি পাইতে চাও, হাশরের ভয়াল দিনে যদি পীরের দয়া পাইতে চাও, খোদাতায়ালার রেজামন্দী লাভ করিতে চাও, তাহা হইলে শরীয়ত ও সুন্নতের পরিপূর্ণ অনুসরণ কর। ছোট খাট আদেশ-নিষেধসহ যাবতীয় আমলকে তোমাদের সত্ত্বার সহিত গাঁথিয়া লও। তাহা হইলে তোমরা মাঞ্জিলে মাছুদে পৌঁছাইতে পারিবে। আল্লাহ পাক তোমাদের কামিয়াবী বখশীস করুন। আমীন!







