আমি তো তোমাদের ভিতরেই আছি, তোমরা দেখ না কেন

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘জাহেরী ও বাতেনী শরীয়ত এবং সূফীবাদ ও বিজ্ঞান’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ পূর্ণাংগ (জাহেরী ও বাতেনী) শরীয়ত সম্পর্কে আলোচনাঃ
বিজ্ঞাপন
আল্লাহপাক মানুষ সৃষ্টির প্রাক্কালে ফেরেশতাদের ডাকিয়া বলিলেন,
إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
অর্থাৎ-“(হে ফেরেশতা সকল!) পৃথিবীতে আমি আমার খলিফা প্রেরণ করিব"। (সূরা বাকারাহঃ ৩০)
বিজ্ঞাপন
এই প্রস্তাব শুনিয়া ফেরেশতারা বলিলেন, "আপনি কি দুনিয়াতে এমন কাহাকেও পাঠাইতে চান, যাহারা ঝগড়া বিবাদ করিবে, রক্তপাত করিবে? আপনার পবিত্রতা ঘোষণার জন্য আমরাই তো যথেষ্ট।" ফেরেশতাদের এই মতামত শুনিয়া আল্লাহপাক বলিলেন,
إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
অর্থাৎ-"আমি যাহা জানি, তোমরা তাহা জান না।” (সূরা বাকারাহঃ ৩০)
বিজ্ঞাপন
আল্লাহপাক হযরত আদম (আঃ) কে সৃষ্টি করিলেন। তৎপর তাহার দেহে আল্লাহর আদেশ-'রূহ' ফুঁকিয়া দিলেন। বিশেষ কৌশলে হযরত আদম (আঃ) কে সৃষ্টি জগতের বস্তুনিচয়ের নাম, সেগুলির প্রকাশ্য এবং গুপ্ত তথ্যাবলী শিক্ষা দিলেন। অতঃপর ফেরেশতাদের বলিলেন, "তোমরা সকল বস্তুর নাম ও তথ্যাদি প্রকাশ কর।" ফেরেশতাসকল অপারগতা প্রকাশ করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। আল্লাহপাকের নির্দেশে হযরত আদম (আঃ) বস্তুনিচয়ের নাম ও তথ্যাদি একে একে প্রকাশ করিলেন। ফেরেশতাসকল অবাক বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হইলেন। আল্লাহপাকের নির্দেশে তাহারা হযরত আদম (আঃ) কে সেজদা করিয়া নিজেদের উপর মাটির তৈরী মানুষের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করিলেন। হযরত আদম (আঃ) আশরাফুল মাখলুকাত'-এর মর্যাদা প্রাপ্ত হইলেন।
পবিত্র আল কুরআনের সূরা কাহাফে আল্লাহপাক হযরত মুসা (আঃ) এবং হযরত খিজির (আঃ) এর ইতিহাস বর্ণনায় এক গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ করিয়াছেন। একদিন হযরত মুসা (আঃ) কোন এক ধর্মীয় মজলিসে ওয়াজ করিতেছিলেন। তাহার হৃদয়স্পর্শী বক্তব্যে কতিপয় উম্মত জজবা হালাত প্রাপ্ত হইলেন। হযরত মুসা (আঃ) এর উদ্দেশ্যে তাহারা বলিলেন, "হুজুর! বর্তমান সময়ে আপনার চেয়ে জ্ঞানী, আপনার চেয়ে কোন বুজুর্গ আসমানের নীচে আর নাই।" হযরত মুসা (আঃ) তাহাদের কথায় স্বীকৃতি দিলেন। তখন তখনই আল্লাহপাক ওহী মাধ্যমে হযরত মুসা (আঃ) কে জানাইয়া দিলেন, "হে মুসা! তুমি ঠিক বল নাই। দু'সমুদ্রের মিলনকেন্দ্রে আমার একজন বিশিষ্ট খাস বান্দা আছেন, যিনি তোমা হইতে অধিক জ্ঞানের অধিকারী।"
হযরত মুসা (আঃ) উলুল আজম পয়গম্বর ছিলেন। তাহাকে তওরাত নামক এক বিশাল আসমানী কেতাব দেওয়া হইয়াছিল। বনী ইসরাইলী গোত্রের হেদায়েতের দায়িত্ব তাহাকে দেওয়া হইয়াছিল। বহু মোজেজা আল্লাহপাক তাহাকে দান করিয়াছিলেন। তথাপিও হযরত মুসা (আঃ) এর চেয়ে হযরত খিজির (আঃ) বড় জ্ঞানী। আসলে রহস্যটা কোথায়? এই প্রশ্নের জওয়াব আল্লাহপাক নিজেই দিয়াছেন। আল্লাহপাক বলেন,
বিজ্ঞাপন
وَ عَلَّمْنَهُ مِنْ لَّدُنَّا عِلْمًا
অর্থাৎ-"আমি (আল্লাহ) তাহাকে (হযরত খিজিরকে) এলমে লাদুন্নী শিক্ষা দিয়াছিলাম”। (সূরা কাহাফঃ ৬৫)
এই এলমে লাদুন্নীই শ্রেষ্ঠত্বের কারণ। সূফী পরিভাষায় এই জ্ঞানকে এলমে বাতেন বা এলমে বেলায়েত বলা হয়। এই এলমে লাদুন্নীর মাধ্যমে আল্লাহর সহিত বান্দার এক নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক হয়-যে সম্পর্কের কথা আল্লাহর নূরের তৈরী ফেরেশতারাও জানেন না।
বিজ্ঞাপন
জ্ঞান দুই প্রকার। এলমে জাহের ও এলমে বাতেন। শরীয়তও দুই প্রকার; যথাঃ জাহেরী শরীয়ত ও বাতেনী শরীয়ত। বাতেনী শরীয়ত আবার তিনটি অধ্যায়ে বিভক্ত। যথাঃ তরিকত, হকিকত ও মারেফাত। আল্লাহপাক রাসূলে করীম (আঃ) কে উভয় জ্ঞানরূপ নেয়ামত পরিপূর্ণরূপে দান করিয়াছেন। বড় বড় দার্শনিক বিজ্ঞানীরা যে জ্ঞান সমুদ্রের তীরে কেবল মাত্র নুড়ি সংগ্রহ করিয়াছেন, সেই জ্ঞান সমুদ্রের অর্থাৎ জাহেরী ও বাতেনী শরীয়তের গভীরতম স্তর পর্যন্ত রাসূলে করীম (সাঃ) কে ভ্রমণ করাইয়া আল্লাহতায়ালা জ্ঞানের উক্ত দুই শাখার পরিপূর্ণতা দান করিয়াছেন।
শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফাত-এই চার-এ মিলিয়া পূর্ণাংগ শরীয়ত। রাসূলে করীম (সাঃ) নবুয়ত প্রাপ্তির পর হইতে ওফাৎ-এর পূর্ব পর্যন্ত দীর্ঘ ২৩ বৎসরের জীবদ্দশায় যে কর্মসূচী, যে কর্মকান্ড আমাদের জন্য রাখিয়া গেলেন-তাহাই শরীয়ত। রাসূলে করীম (সাঃ) এর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।
রাসূলে করীম (সাঃ) এর দীর্ঘ ২৩ বৎসরের জীবদ্দশাতে আল্লাহপাক তাহাকে মেরাজ রূপ এক অসাধারণ নেয়ামত দানে ধন্য করিয়াছেন।
বিজ্ঞাপন
মেরাজের রাত্রিতে হযরত জিব্রাইল (আঃ) এর সংগে রাসূলে করীম (সাঃ) সাত আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা' তে পৌঁছাইলেন। তৎপর জিব্রাইল (আঃ) আর সম্মুখ পানে অগ্রসর হইতে পারিলেন না। তিনি বলিলেন, "আর এক কদম যদি আমি সম্মুখপানে অগ্রসর হই, তাহা হইলে আল্লাহপাকের নূরের তাজাল্লায় আমি জ্বলিয়া যাইব।" রাসূলে করীম (সাঃ) একাকিই খোদাতায়ালার প্রেমাকর্ষণে উর্ধ্বালোকের পানে ছুটিতে লাগিলেন। নূরময় জগত, সিফাতে হাকীকীর জগত পার হইয়া হকিকত রাজ্যে প্রবেশ করিলেন। আরও উর্ধ্বে অগ্রসর হইয়া প্রেম সাগরের গুপ্ত প্রদেশ হোব্বে সেরফার মাকাম পর্যন্ত পৌঁছাইলেন। এই মাকামে রাসূলে করীম (সাঃ) এর সহিত আল্লাহতায়ালার কথাবার্তা হইল। আল্লাহপাক তাহার পেয়ারা হাবিবকে আরশ, কুরছি, লওহ, কলম, বেহেশত, দোযখ, সাত তলা আসমান হইতে সাত তলা জমিনের নীচে তাহাতাছ ছারা পর্যন্ত দেখাইলেন। সমস্ত গুপ্ত তত্ত্ব প্রকাশ করিলেন। রাসূলে করীম (সাঃ) অনাবিল শান্তি পাইলেন। তিনি দুনিয়াতে ফিরিয়া আসিলেন। দুনিয়াতে আসিয়া সাহাবাদেরকে এই মেরাজের কথা ব্যক্ত করিলেন।
হোব্বে সেরফার মাকামকে জ্ঞান সাগরের গভীরতম প্রদেশ বলা হয়। এই মাকাম হইতে রাসূলে করীম (সাঃ) সৃষ্টিতত্ত্ব জ্ঞান এবং স্রষ্টাতত্ত্ব জ্ঞান পরিপূর্ণভাবে লাভ করেন-যাহা জাহেরী শরীয়ত এবং বাতেনী শরীয়ত হিসাবে পরিগণিত। বাতেনী শরীয়ত যাহা তরিকত, হকিকত ও মারেফাত নামে পরিচিত।
জাহেরী শরীয়ত-আল্লাহতায়ালার ইবাদত করিবার নিমিত্ত আমরা যে সব আদেশ-নিষেধ, মাছলা মাছায়েল পবিত্র কুরআন শরীফ এবং হাদীস শরীফের মাধ্যমে প্রাপ্ত হইয়াছি-তাহাই জাহেরী শরীয়ত।
বিজ্ঞাপন
তরিকত-তরিকত শব্দের অর্থ পথ। এই পথ বড় দীর্ঘ। ইহা সৃষ্টিজগত, নূরময় জগত এবং সিফাতের জগত পর্যন্ত ব্যাপৃত। এই পথের শুরু এই আদামাত এবং শেষ যার হোব্বে সেরফা এবং মাবুদিয়াতে সেরফার মাকাম। এই বিশাল রাস্তা অতিক্রম করিবার যে সকল কার্যাদি এবং নিয়ম কানুন নির্দিষ্ট রহিয়াছে, তাহাই তরিকত।
হকিকত-কোন বিষয়ের মর্ম অবগত হওয়াই হকিকত। জাহেরা শরীয়তে যে সকল জিনিষের উপর আমরা ঈমান আনি, সে সকল জিনিসের মর্ম অবগত হওয়াকে হকিকত বলে।
মারেফাত-খোদাতায়ালাকে চিনিবার, জানিবার ও বুঝিবার জ্ঞানকে মারেফাত বলে। ইহা জ্ঞান বৃক্ষের ফল স্বরূপ।
বিজ্ঞাপন
রাসূলে করীম (সাঃ) জাহেরী শরীয়ত ও বাতেনী শরীয়তের পরিপূর্ণ যে জ্ঞান মেরাজরূপ নেয়ামতের মাধ্যমে প্রাপ্ত হইলেন, তিনি সেই জ্ঞান তাহার উম্মতের জন্য রাখিয়া গিয়াছেন কিনা?
হাদীস শরীফ হইতে জানা যায়, হোব্বে সেরফার মাকামে রাসূলে করীম (সাঃ) খোদাতায়ালার সহিত কথা বলিলেন। সৃষ্টিতত্ত্ব জ্ঞান ও স্রষ্টাতত্ত্বজ্ঞান লাভ করিলেন। খোদাতায়ালার দিদার লাভ করিয়া এক অনাবিল শান্তি প্রাপ্ত হইলেন। কিন্তু দুনিয়াতে আসিয়া তিনি পুনরায় অঝর নয়নে কাঁদিতে লাগিলেন। কাঁদিতে কাঁদিতে বক্ষ ভাসাইয়া ফেলিলেন। আল্লাহপাক হযরত জিব্রাইল (আঃ) কে বলিয়া পাঠাইলেন, 'হে জিব্রাইল! তুমি যাও আমার হাবিবের কাছে, জিজ্ঞাসা কর ক্রন্দনের কারণ। আমি তাহাকে আমার সমগ্র সৃষ্টিজগত তথা আরশ, কুরসি, লওহ, কলম, বেহেশত, দোযখ, সাত তলা আসমান হইতে সাত তলা জমিনের নীচে তাহাতাছ ছারা পর্যন্ত দেখাইলাম। এমন কিছু নাই, যাহা তাহাকে দেখানো হয় নাই। এমন কোন কথা নাই, যাহা তাহাকে বলা হয় নাই। তথাপিও কেন তিনি ক্রন্দনরত আছেন? এমন নেয়ামত তাহাকে দেওয়া হইল, যাহা ইতিপূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। তথাপিও কোন দুঃখে, কোন্ বেদনায় আমার নবী কাঁদেন? তুমি জানিয়া আস।" হযরত জিব্রাইল (আঃ) রাসূলে পাক (সাঃ) এর নিকটে আসিয়া তাহার ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করিলেন। উত্তরে রাসূলে করীম (সাঃ) বলিলেন, "আল্লাহপাক যে মহা নেয়ামত আমাকে দান করিয়াছেন, তাহাতে আমি খুবই তৃপ্ত। আমি কল্পনাতীত খুশী হইয়াছি, অনাবিল শান্তি পাইয়াছি। কিন্তু আমি কাঁদিতেছি আমার প্রেমাস্পদ উম্মতের জন্য। যে নেয়ামত আমি পাইলাম, যে শান্তি আমি পাইলাম, সেই নেয়ামত, সেই শান্তি প্রাপ্তি হইতে আমার প্রেমাস্পদ উম্মতেরাতো বঞ্চিত হইবে। সেই দুঃখে, সেই ব্যথায় আজ আমি কাঁদিতেছি।" হযরত জিব্রাইল (আঃ) আল্লাহতায়ালাকে সমস্ত ঘটনা জানাইলেন। আল্লাহপাক রাসূলে করীম (সাঃ) কে তখন জানাইলেন, "হে নবী! আপনি আর কাঁদিবেন না। যে মহা নেয়ামত অর্থাৎ মেরাজ দানে আমি আপনাকে ধন্য করিয়াছি, সেই নেয়ামত, সেই মেরাজ আমি আপনার উম্মতের জন্য, মোমেনদের জন্য দিনে পাঁচ বার নির্ধারণ করিলাম।" রাসূলে করীম (সাঃ) এর বাণীতে তাহা স্পষ্টভাবে প্রকাশিত হইল। তিনি বলিলেন,
الصَّلوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ
বিজ্ঞাপন
অর্থাৎ-"সালাত বা নামাজ মোমেনের জন্য মেরাজ।"
এই নামাজের মাধ্যমেই খোদাতায়ালার দিদার বা সান্নিধ্য অর্জন সম্ভব। খোদাতায়ালার সমগ্র সৃষ্টিজগত অবলোকন সম্ভব। অবশ্যই তাহা কোন পীরে কামেলের সান্নিধ্যে থাকিয়া পূর্ণাংগ শরীয়ত পালনের মাধ্যমে অর্জন করিতে হইবে। ইহার কোন বিকল্প নাই।
শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফাত পরস্পর অংগাঅংগীভাবে জড়িত। ইহার কোন একটিকে বাদ দিয়া খোদাতায়ালাকে চেনার আশা দুরাশা মাত্র। কারণ রাসূলে করীমকে (সাঃ) পূর্ণ অনুসরণের মাধ্যমেই খোদাপ্রাপ্তিতত্ত্ব হাছিল হওয়া সম্ভব। রাসূলে করীম (সাঃ) বলেন, "শরীয়ত আমার বাক্যাবলী, আদেশ ও নিষেধ সমূহ; তরিকত আমার কাৰ্য্যাবলী, হকিকত আমার অবস্থা বা উচ্ছাস এবং মারেফাত আমার নিগূঢ়তত্ত্ব।" রাসূলে করীম (সাঃ) এর পূর্ণ অনুসরণ ছাড়া শরীয়তের এ ব্যাপক জ্ঞান অর্জন করা সম্ভব নয়। শেখ সাদী (রঃ) বলেন,
বিজ্ঞাপন
"খেলাফে পায়ম্বর কাছিরা গুজীদ
কে হরগেজ ব মঞ্জেল না খাহাদ রছিদ।"
অর্থাৎ-রাসূলে করীম (সাঃ) এর খেলাফ করিয়া আজ পর্যন্ত কেহ মাঞ্জিল মাচুদে পৌঁছাইতে পারেন নাই, পারিবেনও না।
হযরত ইমাম মালেক (রঃ) তাই বলেন, "যাহারা জাহেরা শরীয়ত বাদ দিয়া কেবলমাত্র বাতেনী শরীয়ত চর্চা করেন, তাহারা জিন্দিক এবং যাহারা বাতেনী শরীয়তকে বাদ দিয়া কেবলমাত্র জাহেরা শরীয়ত চর্চা করেন, তাহারা ফাসেক।
খোদাতায়ালাকে চিনিতে হইলে পূর্ণাংগ শরীয়তের অনুশীলন অবশ্যই করিতে হইবে। তবে মারেফাতের চেয়ে শরীয়তের চর্চা অগ্রে করিতে হইবে। হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) তাহার মকতুবাত শরীফে উল্লেখ করিয়াছেন, "ছুলুক এবং জজবার মাকাম সমূহ অতিক্রম করিয়া আমি জানিলাম যে, এই ছায়ের এবং ছুলুকের মূল উদ্দেশ্য এখলাসের মাকাম হাছিল করা যাহা বাহ্যিক ও আভ্যন্তরীণ উপাস্য তুল্য উদ্দেশ্য সমূহ বিনাশ বা ফানার উপর নির্ভর করে। উক্ত এখলাস শরীয়তের এক অংশ, যেহেতু শরীয়ত তিন ভাগে বিভক্ত। শরীয়তের তিনটি অংশ হইলঃ
★ এলেম-জ্ঞান অর্জন।
★ আমল- অর্জিত জ্ঞান অনুযায়ী কার্য করা। ও
★ এখলাস-উদ্দেশ্যের বিশুদ্ধতা সাধন করা।
অতএব এখলাস পূর্ণ করনার্থে তরিকত, হকিকত ও মারেফাত শরীয়তের খাদেমতুল্য। ইহাই প্রকৃত কার্য। কিন্তু সকলের জ্ঞানে ইহা উপলব্ধি হয় না।
আমার পীর কেবলাজান, জামানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দেদ, হযরত খাজাবাবা শাহসূফী এনায়েতপুরী (কুঃ) ছাহেব বলেন, "তোমরা যদি খোদাতায়ালাকে চিনিতে চাও, তাহা হইলে শরীয়তের হুকুম আহকাম পুঃখানুপুংখরূপে পালন কর। তাহা হইলে মারেফাতের বিদ্যা তোমাদের জন্য সহজ হইয়া যাইবে।"
যাহারা শুধুমাত্র জাহেরা শরীয়ত পালন করেন, তাহাদের ইবাদত একেবারে নিষ্ফল হয় না। হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) বলেন, "সাধারণ মুসলমানদের জন্য অর্থাৎ জাহেরী আলেমগণ, আবেদ ও জাহেদগণ, যাহাদের অবস্থা এখনও নাফসের এমিনানে পৌঁছায় নাই অর্থাৎ যাহারা জাহেরা শরীয়তের অনুশীলন করেন অথচ নাফস কুফরী এবং এনকারের ভিতর অবস্থিত, তাহারা সকলেই অনুসরণের ছুরাত প্রাপ্ত। অনুসরণের এই ছুরাত যেন অনুসরণের হকিকতের ন্যায় আখেরাতের পরিত্রাণের কারণ হইয়া দাঁড়াইয়াছে এবং দোযখ হইতে ইহা রক্ষাকারী এবং বেহেশতের সুসংবাদ দানকারী। আল্লাহতায়ালার পূর্ণ দয়া যে নাফসের এনকারের দিকে লক্ষ্য না করিয়া কেবল আন্তরিক বিশ্বাসের উপরই যথেষ্ঠ ফরমাইয়াছেন এবং পরিত্রাণকে এই বিশ্বাসের সহিত জড়িত করিয়াছেন।"
হযরত রাসূলে করীম (সাঃ) যে পূর্ণাংগ শরীয়ত তথা জাহেরী ও বাতেনী শরীয়তের জ্ঞান আল্লাহপাকের নিকট হইতে প্রাপ্ত হইয়াছিলেন, সেই জ্ঞান তিনি সাহাবা (রাঃ) দের মধ্যে রাখিয়া যান। তৎপর এই জ্ঞান তাবেঈন, তাবে তাবেঈন, তরিকতের ইমামগণ এবং পীরানে পীর পরম্পরায় আজও বর্তমান রহিয়াছে। খোদাতায়ালাকে চিনিতে হইলে, বুঝিতে হইলে অবশ্যই কোন কামেল মোকাম্মেল পীরের কদমে নেছার হইয়া, তদীয় সান্নিধ্যে থাকিয়া জাহেরী ও বাতেনী শরীয়তের পরিপূর্ণ জ্ঞান হাছিল করিতে হইবে। আল্লাহপাক কুরআন মজীদে জলদগম্ভীর স্বরে বলেন,
ياَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَ ابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ
অর্থাৎ- “হে ঈমানদার বান্দা সকল! তোমরা আল্লাহকে ভয় কর এবং তাহাকে পাওয়ার জন্য অসিলা অন্বেষণ কর।" (সূরা মায়েদাঃ ৩৫) এই অসিলাই জামানার কামেল ওলী সকল। বর্তমান জামানার শ্রেষ্ঠতম অসিলা হযরত খাজাবাবা শাহ্সূফী এনায়েতপুরী (কুঃ) ছাহেব, যাহার তাওয়াজ্জুহর বলেতে লক্ষ লক্ষ মুর্দা দেল জিন্দা হইয়া লতিফা কালবে এসমে জাত আল্লাহ আল্লাহ জেকের জারী হইতেছে। দেল ১৪ই রাত্রির পূর্ণিমার চাঁদের মত উজ্জল হইতেছে। তোমরা যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাছিল করিতে চাও, তবে জামানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দেদ খাজাবাবার কদমে নিজের জান মাল নেছার করিয়া দাও। নিজের প্রাণের চেয়েও আপন পীরকে বেশী মহব্বত কর।
জাহেরী বিদ্যায় যত বড় পন্ডিতই হও না কেন, ফিকাহশাস্ত্রের যত বড় আলেমই হও না কেন, জামানার মুজাদ্দেদের নিকট তুমি কিছুই না। মহাকবি হাফেজ বলেন, "তুমি যত বড় জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, দার্শনিক, বিজ্ঞানী হও না কেন, তোমার পীরের নিকট (তথা জামানার মুজাদ্দেদের নিকট) তুমি কিছুই না। যদি দুর্বিপাকের তুফান হইতে বাঁচিতে চাও, তবে তোমার পীরের কদমকে নূহের তরী মনে করিয়া শক্ত করিয়া ধর। নচেৎ এমনি দুর্বিপাকের তুফান আসিবে, যাহা তোমার সবল ভিত্তিকে ভাংগিয়া মেছমার করিয়া ফেলিবে।" জামানার মুজাদ্দেদের নিকট হইতে যদি খোদাপ্রাপ্তিতত্ত্ব হাছিল করিয়া খোদাতায়ালাকে চিনিয়া না লও, তবে মরণের কালে তুমি ঈমান লইয়া মরিতে পারিবে কিনা, তোমার খাতেমা বিল খায়ের' হইবে কিনা, শয়তানের হাত হইতে তুমি বাঁচিতে পারিবে কিনা, তাহা ভাবিয়া দেখা দরকার।
তাফসিরে কবিরের গ্রন্থকার প্রখ্যাত ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজী (রঃ) এর নাম তোমরা অনেকেই শুনিয়াছ। ইমাম ফখরুদ্দিন রাজী (রঃ) ছাহের জাহেরী বিদ্যায় পান্ডিত্ব এতদূর অর্জন করিয়াছিলেন যে তৎকালীন সময়ে তিনি ইমাম হিসেবে স্বীকৃত হন। তিনি খোদাতায়ালার একত্বের উপর শতাধিক অকাট্য দলিল তৈরী করিয়াছিলেন। তিনিও একসময় পীরে কামেলের নিকট হইতে এলমে বাতেন শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন।
একবার তিনি তিনশত জন জাহেরী বিদ্যায় বিদ্যান ও বিজ্ঞ আলেম লইয়া তৎকালীন সময়ের শ্রেষ্ঠ ওলীয়ে কামেল, হযরত নজীবুদ্দিন কোবরা (রঃ) এর নিকটে মুরীদ হইতে যান। ফখরুদ্দিন রাজী (রঃ) মুরীদ হওয়ার ইচ্ছা ব্যক্ত করিলে হযরত নজিবুদ্দিন কোবরা (রঃ) বলেন, "আমি আপনাকে মুরীদ করিব না, কারণ আপনার নিজের-ই ৩০০ জন খাদেম প্রয়োজন।" হযরত নজিবুদ্দিন কোবরা (রঃ) ফখরুদ্দিন রাজীকে মুরীদ করিলেন না, তবে কিছু উপদেশ প্রদান করিলেন। ফখরুদ্দিন রাজীকে তিনি বলিলেন, "বাবা, আপনাকে মুরীদ করিলাম না। তবে আপনি যদি কখনো কোন বিপদে পড়েন, তাহা হইলে এই ফকিরকে স্মরণ করিবেন।"
ইমাম ফখরুদ্দিন রাজি চলিয়া গেলেন। যখন তাহার মৃত্যুর সময় উপস্থিত হইল, ধূর্ত শয়তান তাহাকে পথভ্রষ্ট করার শেষ চেষ্টা চালাইল। শয়তানের সাথে ফখরুদ্দিন রাজী (রঃ) এর বিতর্ক শুরু হইলো। ইমাম ফখরুদ্দিন রাজী (রঃ) আল্লাহর একত্বের উপরে যুক্তি দেখান। শয়তান সে যুক্তিকে খন্ডন করিয়া প্রমাণ করে আল্লাহ এক নয়, একাধিক। এইভাবে চতুর শয়তান ফখরুদ্দিন রাজী (রঃ) এর আল্লাহর একত্বের উপর ব্যক্ত শতাধিক দলিলকে খন্ডন করিয়া দিল। ইমাম ফখরুদ্দিন রাজী (রঃ) তখন দিশাহারা। এক্ষণে বুঝি বেঈমান হইয়া মরিতে হয়। তিনি মহা বিপদে পতিত হইলেন। হঠাৎ তাহার স্মরণ হইল, তৎকালীন সময়ের শ্রেষ্ঠতম ওলীয়ে কামেল হযরত নজিবুদ্দিন কোবরা (রঃ) এর সেই উপদেশের কথা, "বিপদে পড়িলে আমাকে স্মরণ করিবে।" তৎক্ষণাৎ ইমাম ফখরুদ্দিন রাজী (রঃ) হযরত নজিবুদ্দিন কোবরা (রঃ) কে স্মরণ করিয়া বলিলেন, “হে জামানার শ্রেষ্ঠ ওলীয়ে কামেল! আমি আজ মহা বিপদে পতিত। আমাকে এই বিপদ হইতে উদ্ধার করুন। মুরীদ বিপদে পতিত হইয়া পৃথিবীর অপর প্রান্ত হইতেও আপন পীরকে স্মরণ করিলে, এই প্রান্ত হইতেও মুরীদের ডাকে সাড়া দিয়া পীরে কামেল আত্মিকভাবে তাওয়াজ্জুহর হাত বাড়াইয়া বিপদগ্রস্থ মুরীদকে বিপদ হইতে রক্ষা করিতে পারেন। এই ক্ষমতা যাহার নাই, তিনি কামেল মোকাম্মেল পীর নহেন।
ফখরুদ্দিন রাজী (রঃ) এর ডাকে সাড়া দিয়া হযরত নজিবুদ্দিন কোবরা (রঃ) আত্মিকভাবে সেখানে উপস্থিত হইয়া বলিলেন, "হে ফখরুদ্দিন! আপনি শয়তানকে বলুন যে, বিনা দলিলে আল্লাহ এক।” ফখরুদ্দিন রাজী যেইমাত্র বলিলেন, বিনা দলিলে আল্লাহ এক, তখনই শয়তান উপায়ন্তর না দেখিয়া দৌড়াইয়া পালাইল
ইমাম ফখরুদ্দিন রাজী (রঃ) আল্লাহপাকের নিকট প্রার্থনা করিলেন, "হে খোদাতায়ালা! দয়া করিয়া আমাকে কিছুক্ষণ সময় দিন, যাহাতে এই ঘটনাটা আমি প্রকাশ করিয়া যাইতে পারি।" আল্লাহপাক প্রার্থনা কবুল করিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি (রঃ) চক্ষু খুলিয়া দেখিলেন, তাহার চারিপার্শ্বে ৩০০ জন বিজ্ঞ আলেম রহিয়াছে। তিনি তাহাদের নিকট পূর্বাপর সমস্ত ঘটনা বর্ণনা করিয়া বলিলেন,
مَنْ لَيْسَ لَهُ شَيْخُ فَشَيْخُهُ الشَّيْطَانُ
অর্থাৎ-"যাহার পীর নাই, তাহার পীর শয়তান।” পবিত্র কুরআনে আল্লাহপাক বলেন,
وَ مَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا -
অর্থাৎ-"যাহাকে আল্লাহ সৎপথে চালান সে পথ প্রাপ্ত হয়। যাহাকে করেন বিভ্রান্ত তুমি তাহার কোন পথ-প্রদর্শক প্রাপ্ত হইবে না"। (সূরা কাহফঃ ১৭) এই আয়াতে ইহা স্পষ্ট যে, যাহারা মুর্শিদ বা পীরে কামেলের অনুসরণ করেন না, তাহারা পথ ভ্রষ্ট বা গোমরাহ।
হানাফী মাযহাবের সর্দার ইমাম আযম আবু হানিফা নোমান (রঃ) জাহেরী বিদ্যায় বিদ্যান হওয়া সত্ত্বেও পীর ধরার প্রয়োজনীয়তা অনুভব করিয়াছিলেন। তাই তিনি ইমাম বাকের (রঃ) এর নিকট মুরীদ হইলেন এবং তাহার খেদমত করিয়া খোদাপ্রাপ্তিতত্ত্ব তথা জাহেরী শরীয়ত ও বাতেনী শরীয়তের জ্ঞান অর্জন করিলেন। আল্লাহপাকের দিদার লাভ করিলেন।
ইমাম হানাফী নোমান (রঃ) সাহেব তাই খোদা অন্বেষীদের জন্য উপদেশ দান কালে নিজের দৃষ্টান্ত টানিয়া বলিলেন, "নোমান যদি দুই বছর ইমাম বাকের (রঃ) এর খেদমতে থাকিয়া মারেফাতের বিদ্যা শিক্ষা না করিত, তবে নোমান ধ্বংস হইয়া যাইত।"
চার মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল (রঃ) জাহেরী বিদ্যায় সর্বজন স্বীকৃত পন্ডিত ছিলেন। তিনি উপলব্ধি করিতে পারিয়াছিলেন যে জাহেরী বিদ্যা দ্বারা খোদাকে চেনা মোটেই সম্ভব নয়। তাই তিনি হযরত বশর হাফি (রঃ) এর নিকট মুরীদ হন এবং তাহার খেদমত করিয়া খোদাপ্রাপ্তিতত্ত্ব হাছিল করেন।
কেহ কেহ ইমাম আহমদ ইবনে হাম্বল (রঃ) কে প্রশ্ন করিতেন, "আপনি এত বড় বিদ্যান হওয়া সত্ত্বেও হযরত বশর হাফির মত একজন সাধারণ মানুষের নিকট কেন যান?” উত্তরে তিনি বলিতেন, "শরীয়তের জ্ঞানে আমি বিদ্যান হইলেও খোদাতায়ালার জাত পাক সম্পর্কে হযরত বশর হাফি (রঃ) আমার চেয়ে অধিক অবগত। তাই খোদাতায়ালাকে চিনিবার জন্য আমি বশর হাফি (রঃ) এর নিকট যাই।"
কাজেই খোদাতায়ালাকে চিনিবার, বুঝিবার এবং জানিবার একটাইমমাধ্যম। আর তাহা হইল কোন কামেল মোকাম্মেল ওলীর কদমে নিজের জান মাল নেছার করিয়া দেওয়া। তৎপর পীরের নির্দেশ মত চলা।
মানব দেহে কালব নামক এক সূক্ষ্ম লতিফা বিদ্যমান-যাহা আরশের উপরের জগতের উপাদান। নাফসে আম্মারার প্রভাবে কালব দুনিয়ামুখী হয়। কালবের পর্দায় গোনাহের ময়লা জমে। যদিও কালব আরশের উপরের জগতের উপাদান, তথাপিও নাফসে আম্মারার দাসত্ব করাতে কালব তাহার স্বচ্ছতা হারাইয়া ফেলে। আল্লাহপাক বলেন, "হে আমার বান্দা! তোমার কালবে যে ময়লা জমিয়াছে তাহা পরিস্কার কর। তৎপর সেখানে প্রেমের বিছানা বিছাও। তাহা হইলে আমি তোমার পরিচ্ছন্ন দেলে গুঞ্জায়েশ হইব।" আশেক কবি বলেনঃ-
যার তার কাছে আসে না সে, বুক ভরা চায় ভালবাসা।
বুক ভরা চায় ভালবাসা, আর প্রাণ ভরা চায় প্রেমের নেশা।
যার তার কাছে আসে না সে, বুক ভরা চায় ভালবাসা।
কালব আল্লাহতায়ালার ভেদের এক মহা জ্ঞানভান্ডার। কালবের পর্দায় নাফীগোনাহের ময়লা জমার কারণে মানুষের কালব রহস্য জ্ঞান অর্জনে অক্ষম হইয়া পড়ে। কালবের এই রোগের চিকিৎসক জামানার কামেল ওলী সকল। পীরে কামেলের তাওয়াজ্জুহ এত্তেহাদীর বলে কালবের ময়লা দূরীভূত হয়। কালব পরিচ্ছন্ন হয়। সেখানে খোদার নূর প্রতিফলিত হয়। খোদাতায়ালার নূরের প্রতিচ্ছবি দেখা যায়। কাজেই যতক্ষণ পর্যন্ত কালবের দরজা উন্মুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত খোদাতায়ালাকে চেনার আশা বৃথা। পীরে কামেলের তাওয়াজ্জুহ ব্যতীত কালব পরিচ্ছন্ন হওয়া সম্ভব নয়। তাই পীরে কামেলের মত দরদী কেহ নাই, কেহ হয়ও না।
পীরে কামেলের দয়াতে মুরীদের দেহের কালব, রূহ, সের, খফি, আখফা, আব, আতস, খাক, বাদ এবং নাফস লতিফা সমূহ জাগ্রত হয়। তাহার দেল ও দেহ পবিত্রতা লাভ করে। ছায়ের ও ছুলুকের মাধ্যমে জড় জগত, নূরের জগত এবং সিফাতের জগত পার হইয়া ছালেক আরও উর্ধ্বালোকে গমন করিয়া খোদাতায়ালার নৈকট্য বা সান্নিধ্য লাভ করে। আল্লাহপাক ছালেককে নিজের চরিত্রে চরিত্রবান করিয়া লন। ছালেক তখন খোদাতায়ালার জ্ঞানে জ্ঞানী হয়।
খোদাতায়ালার শক্তিতে শক্তিমান হয়। তখন বহু অসম্ভব কাজ তাহার দ্বারা সংঘটিত হয়।
ঊর্ধ্বালোকের দিকে উরুজের সময় বহু দায়েরা বা মাকাম ছালেককে অতিক্রম করিতে হয়। পথে আকরাবিয়াত বা খোদাতায়ালার প্রেমের হেরেম নামে একটি দায়েরা রহিয়াছে। আল্লাহপাক দয়া করিয়া যে ছালেককে এই আকরাবিয়াতের দায়েরায় উন্নীত করেন, সে দুইটি মাকাম ও মাকামগত হাল প্রাপ্ত হয়। যথাঃ
★ বেলায়েতে নবুয়ত,
★ কামালাতে নবুয়ত।
বেলায়েতে নবুয়তের মাকাম যারা প্রাপ্ত হন, তারা সর্বক্ষণ আল্লাহতায়ালার প্রেমের কোর্বে ডুবিয়া থাকেন এবং অবিরাম প্রেম সুধা পান করিতে থাকেন। এই নশ্বর ও স্বাদ বিহীন পৃথিবীর দিকে তারা আর ফিরিয়া তাকান না। যাহাদেরকে কামালাতে নবুয়তের মর্যাদা দেওয়া হয়, আল্লাহপাক তাহাদেরকে প্রেমের কোর্ব হইতে দুনিয়ার দিশাহারা মানুষদিগকে পথের দিশা দেওয়ার জন্য, সত্যের আলো দান করিবার জন্য পৃথিবীতে পাঠাইয়া দেন। তাহারা দুনিয়ার পথভ্রষ্ট, আল্লাহভোলা মানুষদেরকে আল্লাহর প্রেম সুধা পান করাইয়া আল্লাহমুখী করেন। রাসূলে করীম (সাঃ) বলেন যে, প্রতি শতাব্দির শুরুতে আল্লাহপাক দুনিয়াতে একজন করিয়া মুজাদ্দেদ পাঠান, যাহারা ধর্মের সংস্কারক হিসেবে কাজ করেন। তাহারাই দুনিয়ার মানুষদেরকে ধর্মনীতি, সমাজনীতি শিক্ষা দেন। এই সকল সাধকের অন্তর সার্বক্ষণিক ভাবে খোদাতায়ালাতে বিলীন থাকে কিন্তু তাহাদের বাহির অবস্থা সৃষ্টির সাথে থাকে স্বাভাবিক। তাহাদের অজুদ রাজ্যের কোটি কোটি লতিফা আল্লাহ নামের জেকেরে রত থাকে। এ সকল সাধকেরাই আল্লাহপাকের প্রেমিক। এই সকল আল্লাহ প্রেমিকদের অছিলাতেই আকাশ হইতে বৃষ্টি হয়, জমিনে শস্য হয়, পানিতে মাছ হয়। সমগ্র সৃষ্টি রহমত পাইয়া থাকে। তাহাদের সহিত কেহ কোন বেয়াদবী করিলে আল্লাহতায়ালা সহ্য করেন না। আল্লাহপাক হাদীসে কুদসীতে বলেন, "কেহ যদি আমার কোন বন্ধুর সাথে বেয়াদবী করে, আমি খোদা স্বয়ং তার সাথে যুদ্ধ ঘোষণা করি।"
পাঞ্জাব নিবাসী ওলীয়ে কামেল হযরত শামছ এরফান (রঃ) ছাহেবকে আল্লাহপাক কামালাতে নবুয়তের মর্যাদা দান করিয়া পথভ্রষ্ট মানুষদের হেদায়েতের দায়িত্ব দিয়া পাঠাইয়াছিলেন। একদিন তিনি কোন এক মসজিদে নামাজ পড়িতে গিয়াছেন। এমন সময় দু'জন মৌলভীর গল্পগুজবের শব্দ তাহার কানে ভাসিয়া আসে। মৌলভীদের একজন কতিপয় খ্যাতনামা ওলীয়ে কামেল (তথা হযরত আবদুল কাদের জেলানী (রঃ), হযরত বাহাউদ্দিন নকশ্বন্দ (রঃ) ছাহেব এবং হযরত শায়েখ আহমদ সেরহিন্দী মুজাদ্দেদ আলফেছানী (রঃ) ছাহেব) সম্পর্কে অমূলক মন্তব্য করিতেছিল। উক্ত মৌলভী ওলী-আল্লাহদের আল্লাহপ্রদত্ত ক্ষমতাকে অস্বীকার করিয়া তাহাদের উপরে মিথ্যা দোষারোপ করিতেছিল। হযরত শামছ এরফান (রঃ) ছাহেব মৌলভীর এই অনভিপ্রেত আচরণে ভীষণ কষ্ট পাইলেন। তিনি উক্ত মৌলভীকে যথেষ্ট বুঝাইলেন। ইহাতে মৌলভী ছাহেব কোন বুঝ না লইয়া বরং হযরত শামছ এরফান (রঃ) এর সাথেও বিতর্কে লিপ্ত হইল। এহেন অন্যায় আচরণে হযরত শামছ এরফান (রঃ) বুক ভরা ব্যথা লইয়া বাড়ীতে গেলেন। মৌলভী ছাহেব বাড়ীতে চলিয়া গেল।
কেহ আল্লাহপাকের কোন বন্ধুর প্রতি দুর্ব্যবহার করিলে আল্লাহপাক স্বয়ং তাহার প্রতিশোধ গ্রহণ করেন। ঐ মৌলভী ছাহেব বাড়ী গেল। বাড়ীতে যাইতে না যাইতেই তাহার সমস্ত শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত হইল। প্রতিবেশীরা তাহার এই করুণ অবস্থা দৃষ্টে কারণ জিজ্ঞাসা করিয়া পূর্বাপর সমস্ত ঘটনা শুনিয়া বুঝিলেন, মৌলভী ছাহেবের এই অবস্থা হযরত শামছ এরফান (রঃ) এর সাথে বেয়াদবীর ফলাফল বই কিছুই নয়। পরের দিন মৌলভী ছাহেব হযরত শামছ এরফান (রঃ) এর বাড়ীতে আসিয়া অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। হযরত শামছ এরফান (রঃ) তখন অজু করিতেছিলেন। মৌলভী ছাহেবকে দেখিবামাত্র তাহার মনের অবস্থা তিনি জ্ঞাত হইলেন। অজুর পানির কয়েক ফোটা মৌলভী ছাহেবের দিকে ছিটাইয়া দিয়া তিনি বলিলেন, "যাও, রোগ সারিয়া যাইবে; কিন্তু ইহার চিহ্ন বংশানুক্রমে থাকিবে।" মৌলভীর দেহের যে যে স্থানে পানির ছিটা লাগিয়াছিল, সেই সেই স্থানে তাহার মৃত্যু পর্যন্ত চিহ্ন (দাগ) ছিল। আজও তাহার বংশাবলীর মধ্যে সেই বেয়াদবীর চিহ্ন রহিয়া গেছে।
হে জাকেরান ও আশেকানগণ! তোমরা খোদাপ্রাপ্তিতত্ত্বজ্ঞান ও আল্লাহতায়ালার প্রেমসুধা যাহারা পান করিতে চাও; যাহারা আল্লাহতায়ালার সান্নিধ্য লাভ করিবার খায়েশ অন্তরে রাখ, আপন পীরের কদমে নেছার হও। পীরের কদমে কঠিন খেদমত কর। তাহার কদমে তোমার জান-মাল, দুনিয়াবী সহায়-সম্পদ যাহা কিছু আছে, তাহার কদমে নেছার কর। তাহা হইলে আল্লাহতায়ালার প্রেমসুধার অপূর্ব নেয়ামত, যদি তিনি দয়া করেন, লাভ করিতে পারিবে। আল্লাহতায়ালার জাত পাকের সহিত পরিপূর্ণ বিলীন হইয়া, আল্লাহতায়ালার প্রেমের সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকিয়া, দুনিয়া হইতে আল্লাহপাককে দেখিবার সৌভাগ্য আল্লাহতায়ালা তোমাকে দান করিবেন।
তাই আল্লাহ বলেন,
وَ فِي أَنْفُسِكُمْ ط أَفَلَا تُبْصِرُونَ
অর্থাৎ-"আমি তো তোমাদের ভিতরেই আছি, তোমরা দেখ না কেন?" (সূরা জ্বারিয়াতঃ ২১)
রাসূলে করীম (সাঃ) বলেন,
مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ
অর্থাৎ-" যে নিজেকে চিনিল, সে খোদাকে চিনিল।" তাই মাওলানা রূমী (রঃ) বলেন,
"চু তো যাতে পীরেরা কারদি কবুল
হাম খোদা দর জাতাস আমাদ হাম রসূল।"
অর্থাৎ-“যে দিন তুমি তোমার পীরের জাতকে কবুল করিলে, সে দিন আল্লাহতায়ালা তোমাকে বান্দা হিসেবে স্বীকার করিলেন। যে দিন তুমি তোমার পীরের জাতকে কবুল করিলে, রাসূলে করীম (সাঃ) সেদিন তোমাকে উম্মত হিসেবে স্বীকার করিলেন। আল্লাহতায়ালা এবং রাসূলের স্বীকৃতি তুমি সেই দিনই পাইলে, যে দিন তুমি তোমার পীরের তরফ হইতে স্বীকৃতি পাইলে।" সে দিন আল্লাহতায়ালার খাস হোব্ব এশক মহব্বতের ফয়েজ জাত পাক হইতে রাসূলে করীম (সাঃ) এর পাক দেল হইয়া সমস্ত পীরানে পীরগণের অছিলায় আপন মুর্শিদে কামেলের পাক দেল হইয়া তোমার দেলে আসিতে থাকিবে। রাসূলে করীম (সাঃ) এর খাস হোব্ব এশক মহব্বতের ফয়েজ আল্লাহতায়ালার কুওতে রাসূলে করীম (সাঃ) পাক দেল হইয়া সমস্ত পীরানে পীরগণের অছিলায় আপন পীরের পাক দেল হইয়া তোমার দেলে আসিবে। তখন আল্লাহ ও রাসূলে পাক (সাঃ) এর মহব্বতে তোমার দেল ভরিয়া যাইবে। তখন তুমি বুঝিতে পারিবে, পীরে কামেলের নিকট হইতে কি নেয়ামত তোমার কাছে আসিতেছে। তাই মহাকবি হাফেজ বলিতেছেন,
'বদে সাকি মায়ে বাকি কেদর জান্নাত না খাহি ইয়াফত কিনারে আবে রূখনাবাদ অগুল গাস্তে মোছল ধারা।'
অর্থাৎ-"আজ রূখনাবাদ দরিয়া হইতে এমনই একটি লজ্জত আমার দেলে আসিতেছে, যাহা বেহেশতেও মিলিবে না। হাফেজ বলেন, সেই রূখনাবাদ দরিয়া হইল আমার পীরের দেল।" যে দিন তুমি তোমার পীরের সহিত পুরাপুরি মিশামিশি করিতে পারিবে, সে দিন আল্লাহপাক তোমাকে এই অফুরন্ত নেয়ামত দান করিবেন। তখন তুমি তৌহিদে ওজুদী ও তৌহিদে শহুদীর রাজ্যে বসবাস করিবে। তুমি যে দিকে তাকাইবে, সে দিকে আল্লাহকেই দেখিবে। এই নেয়ামত পীরে কামেলের দয়ায় লাভ হয়। তাই আশেক কবি বলেন, "অতি ভাগ্যের জোরে মোর্শেদের বোল।" আল্লাহ তোমাদের শক্তি দেন, ভক্তি দেন, মহব্বত দেন, যাহাতে তোমরা এই অমূল্য নেয়ামতের অধিকারী হইতে পার। দু'আ ইতি।








