Logo

শরহে ছদর, ছিনা চাক, বক্ষ বিদারণ ও দেলে নূরে এলাহীর আগমন সম্পর্কে আলোচনা

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬, ২২:২৮
শরহে ছদর, ছিনা চাক, বক্ষ বিদারণ ও দেলে নূরে এলাহীর আগমন সম্পর্কে আলোচনা
ছবি: জনবাণী।

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘মেরাজ তত্ত্ব’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ শরহে ছদর, ছিনা চাক, বক্ষ বিদারণ, বক্ষ সম্প্রসারণ বা দেলে নূরে এলাহীর আগমন-ইত্যাদি সূক্ষ্ম বিষয়াদি সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনাঃ

বিজ্ঞাপন

আল্লাহপাক সূরাহ 'আলাম নাশরাহ' তে রাসূলে করীম (সাঃ) এর উদ্দেশ্যে ফরমান- "তোমার ছিনা কি প্রশস্ত করি নাই? দূর করিয়াছি আমি তোমার দুঃখ বোঝা, যাহা ছিল তোমার জন্য দুর্বিসহ। তোমার প্রশংসা উর্ধে তুলিয়াছি। দুঃখের সাথেই আছে সুখ। কষ্টের সাথে অবশ্যই সুখ আছে। তাই অবসর পাইলেই ইবাদতে প্রবৃত্ত হও এবং রবের দিকে মনোনিবেশ কর।"

হযরত রাসূলে করীম (সাঃ) এর উপর এই আয়াত নাজিল হয় তাহার নবুয়ত লাভের পর হিদায়েত কার্য শুরু করার প্রারম্ভে। এই সময়ে মক্কার কাফেরগণ হযরত নবী করীম (সাঃ) এর হেদায়েত কাজের বিরোধিতা করিতে থাকে। শুধু তাহাই নহে, হযরত (সাঃ) এর উপর অত্যাচারও আসিতে থাকে। দুরে মনসুর নামক তফছীর কেতাবে বর্ণিত আছেঃ- হযরত হাসান (রাঃ) এই ছুরার প্রথম আয়াতে উল্লিখিত 'ছিনা প্রসারিত করিয়াছি"-এই আয়াতপাকের ব্যাখ্যা করিয়া বলিয়াছেন, "আল্লাহতায়ালা তাহাকে জ্ঞান দান করিয়াছেন এবং তৎসংগে ধৈর্যশীলতা দান করিয়াছেন, যাহাতে ধর্ম প্রচার কালীন প্রতিপক্ষ হইতে প্রতিবন্ধকতা এবং অত্যাচার আসাতে তিনি অস্থির হইয়া না পড়েন। "হযরত আল্লামা শিবলী নোমানী (রঃ) ছাহেব তদীয় সীরাতুন নবী গ্রন্থে এই প্রসংগে বলেন, "শরহে ছদর বা ছিনা মুবারক চাক বা প্রসারিত করিয়া মানব হৃদয় নূর-এ-এলাহীতে আল্লাহপাক পরিপূর্ণ করিয়া দেন, এই বিশেষ দৌলত বা নেয়ামত যে তিনি হযরত রাসূলে করীম (সাঃ) কে দান করিয়াছিলেন, সূরা আলাম নাশরাহ তে তাহাই ঐশী বাণী দ্বারা ঘোষণা করা হইয়াছে।" হযরত শিবলী নোমানী (রঃ) ছাহেব আরও বলেন, "যদিও বহু হাদীসে শরহে ছদর বা বক্ষ সম্প্রসারণের পরিপূর্ণ বিবরণ আছে তবুও আল কুরআনের এই সূরা তাহার সুস্পষ্ট প্রমাণ।” আল্লাহপাক যে জ্ঞান তাহার নবী (সাঃ) কে প্রদান করেন, তাহা ছিল বাতেনী ইন্দ্রিয় সমূহের মাধ্যমে অর্জিত জ্ঞান। সেই এলেম, হেকমত ও নূরে মারেফাত বাহ্য ইন্দ্রিয় বা প্রকাশ্য ভাবে প্রাপ্ত জ্ঞান ও বোধের বহু ঊর্ধ্বে। এই জ্ঞান ও হেকমতের অন্য প্রমাণও রহিয়াছে। যেমন আল্লাহপাক হযরত রাসূলে করীম (সাঃ) কে একই রাতে মক্কা শরীফের মসজিদুল হারাম হইতে জেরুজালেমস্থিত মসজিদুল আক্সা পর্যন্ত ভ্রমণ করান, তাহার নিদর্শন প্রদর্শন করার জন্য (সূরা বনি ইসরাইল)। অথচ মক্কা হইতে জেরুজালেমের পথ অতিক্রান্ত করিতে সেই যুগে কম পক্ষে এক মাস সময় লাগিত।

পবিত্র কুরআন মজীদ ও হাদীস শরীফ সমূহ ব্যাখ্যা করিয়া হযরত মাওলানা শিবলী নোমানী (রঃ) ছাহেব বলেন, নবী (সাঃ) গণের অন্যতম বৈশিষ্ট্য হইল, বক্ষ বিদারণ বা অন্তর সম্প্রসারণ। উহার অর্থ হইল পবিত্র বক্ষ বিদীর্ণ করিয়া উহাকে মানবীয় দুর্বলতা হইতে মুক্ত করা এবং বিশ্বাস ও জ্ঞানের আলোকে পূর্ণ করা। হযরত রাসূলে করীম (সাঃ) এর জীবনী হইতে জানা যায় অন্ততঃ পাঁচবার তাহার বক্ষ সম্প্রসারণ করা হয়।

বিজ্ঞাপন

★ শৈশব কালে একবার,

★ দশ বছর বয়সের সময়ে একবার,

★ বিশ বছর সময়ে একবার,

বিজ্ঞাপন

★ হযরত জিব্রাইল (আঃ) এর প্রথম ওহী সহ আগমন অর্থাৎ নবুয়ত লাভের সময়ে একবার এবং

★ শেষবার হইল মে'রাজ শরীফে গমনের প্রাক্কালে।

হাদীস শরীফের বর্ণনা সমূহের ব্যাখ্যা দিয়া হযরত শিবলী নোমানী (রঃ) ছাহেব অন্ততঃ দুইবার বক্ষ সম্পসারণের উল্লেখ করেন; একবার শৈশবকালে ও আর একবার মে'রাজের প্রাক্কালে। শৈশবকালে বক্ষ সম্প্রসারণের সময়ে হযরত রাসূলে করীম (সাঃ) এর বক্ষ সম্প্রসারণ করিয়া জীব্রাইল (আঃ) হিংসা ও বিদ্বেষ যাহা মানব শরীরে শয়তানীর প্রভাব তাহা লইয়া যান, তদস্থলে দয়া ও স্নেহমমতা স্থাপন করেন। মে'রাজের সময়ে হযরত রাসূলে করীম (সাঃ) কে পূর্ণ ঈমান ও এলেম-যাহা আল্লাহতায়ালার নিজস্ব এলেম তাহা দান করা হয়। ইহা ব্যতীত সূরা ইনশিরাহতে নবুয়ত প্রাপ্তির প্রাক্কালে যে ছিনা প্রশস্ত করা হইয়াছিল সে সম্পর্কেও প্রমাণ রহিয়াছে। যেমন দুররে মানছুর কেতাবে সুরার তীরকারী উল্লেখ করেন, হযরত (সাঃ) এর ওহী নাযিল নির্দিষ্ট কয়েকদিন বন্ধ থাকাতে কাফেরগণ নবী (সাঃ) সম্পর্কে বিরূপ সমালোচনা করিয়া থাকে। ইহাতে হুজুর (সাঃ) চিন্তিত হন এবং লজ্জা বোধ করেন। এই অবস্থার প্রেক্ষিতেই সূরা ইনশিরা বা নাশরাহ ওহী হিসাবে নাযিল হয়। ইহার দ্বারা বোঝা যায় নবুয়ত লাভের সময়েও হযরত (সাঃ) এর বক্ষ সম্প্রসারণ করা হয়।

বিজ্ঞাপন

বক্ষ সম্প্রসারণের মূলতত্ত্ব ব্যাখ্যা করিয়া হযরত আল্লামা শিবলী নোমানী (রঃ) ছাহেব তদীয় সীরাতুন্নবী গ্রন্থে উল্লেখ করিয়াছেন-

শাব্দিক অর্থ গ্রহণকারী আলেমগণ ঘটনার যেরূপ অর্থ বুঝিয়া থাকেন তাহাতে সাধারণ মানুষের ইহাই মনে হয় যে যথার্থই বুঝি হযরত (সাঃ) এর বক্ষ কাটিয়া বা ফাড়িয়া ফেলা হইয়াছিল এবং যমযমের পানিতে হযরত (সাঃ) এর আত্মা ধৌত করিয়া ঈমান ও হেকমতে তাহা পূর্ণ করা হইয়াছিল। উহাতো সাধারণ যে কোনো লোক বুঝিতে পারেন। কিন্তু মূলতত্ত্ব উদঘাটক সূফীগণ যমযমের পানি, জমাট বাধা রক্ত-এই সকল শব্দকে উপমা মূলক মনে করেন। তাহাদের মতে ঐ সকল ঘটনাবলী হইল আলমে মেছাল বা আলমে বরজখের ঘটনা। অর্থাৎ ইহা আত্মিক জগতের ঘটনা যাহা দৈহিক রূপ লইয়া দর্শকের সম্মুখে আসে।

হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রঃ) ছাহেব তদীয় 'হুজ্জাতুল্লাহিল বালেগা' কেতাবে উল্লেখ করিয়াছেনঃ-

বিজ্ঞাপন

"বক্ষ বিদীর্ণ করিয়া তাহা ঈমানে পরিপূর্ণ করার তাৎপর্য হইল আত্মার উপর ফেরেশতা স্বভাবের প্রাধান্য লাভ এবং মানবিক স্বভাবের স্কুলিংগ নিস্তেজ হওয়া। ফলতঃ ঊর্ধ্ব জগত হইতে যাহা আসে আত্মা তাহা গ্রহণ করার জন্য প্রস্তুত হইয়া যায়।

হযরত শিবলী নোমানী (রঃ) ছাহেব বলেন, বক্ষ বিদারণের সঠিক পরিভাষা হইল অন্তর সম্প্রসারণ। ছহীহ মুসলিম শরীফে হযরত মালেক ইবনে সা'সা (রাঃ) ছাহেবের বর্ণনায় আছে, 'আমার বক্ষ এই হইতে এই পর্যন্ত সম্প্রসারণ করা হইল' কুরআনুল করীমের সূরা ইনশিরাহ ও তিরমিযিতে এই দিকেই ইংগিত করা হইয়াছে। হযরত নোমানী (রঃ) ছাহেব বলেন, আরবী ভাষায় শরহে ছদর অর্থ বক্ষ খুলিয়া দেয়া বা

কোনো রহস্য হৃদয়ঙ্গম করানো বা রহস্য ভাংগিয়া দেয়া বা যে রহস্য গুপ্ত ছিল তাহা প্রকাশ করিয়া দেয়া। কুরআন মজীদে শরহে ছদর অর্থাৎ গুপ্ত রহস্য প্রকাশ করিয়া তাহা হৃদয়ঙ্গম করানো বা অনুভবের মধ্যে আনাইয়া দেয়া অর্থেই ব্যবহৃত হইয়াছে এবং এই অর্থে একাধিকবার ব্যবহৃত হইয়াছে। যেমন হযরত মুসা (আঃ) কে যখন ফেরাউনের নিকট যাইতে বলা হইল তখন তিনি বলিলেন-

বিজ্ঞাপন

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي

অর্থাৎ-"হে আমার প্রতিপালক! আমার বক্ষ খুলিয়া দাও, আমার কাজ সহজ করিয়া দাও।" (সূরা ত্বহাঃ ২৫-২৬)

নবী (আঃ) গণের জ্ঞান ও বোধ মানবীয় জড়বাদী বিজ্ঞান হইতে মুক্ত ও পবিত্র। তাহারা নিজেদের সিদ্ধান্ত ও কাজের ফলাফল বা বক্তব্য তাহাদের নিজস্ব অভিজ্ঞতা বা জড় বিদ্যার যুক্তি শাস্ত্রের দ্বারা পরিচালিত হন না। নবী (আঃ) গণ যাহা জানেন এবং বোঝেন তাহা সরাসরি আল্লাহতায়ালার নিকট হইতে লাভ করেন; তাই সেই জ্ঞান পবিত্র এবং নির্ভুল। আল্লাহপ্রদত্ত এই জ্ঞান হইল এলমে লাদুন্নী। লা-দুন শব্দের অর্থ হইল নিকট বা কাছে। সরাসরি আল্লাহতায়ালার নিকট হইতে প্রাপ্ত এলেম বিধায় ইহাকে বলা হইয়াছে এলমে লাদুন্নী। আল্লাহপাক কুরআন মজীদে সূরা কাহাফে হযরত খিজির (আঃ) এর বিষয়ে বলিয়াছেন, "আমি নিজের কাছ হইতে তাহাকে শিক্ষা দান করিয়াছি।" হযরত নবী করীম (সাঃ) সম্পর্কে আল্লাহপাক ফরমান, “এই ভাবে আমি তোমাকে অতীতের ঘটনাবলী জানাই এবং আমি আমার নিজের কাছ হইতে তোমাকে জ্ঞান দান করিয়াছি। হযরত ইউসুফ (আঃ) এর কাহিনীর প্রারম্ভে আল্লাহপাক হযরত (সাঃ) এর সম্পর্কে বলেন-"আমি তোমার কাছে কুরআনের ওহী পাঠাইয়া তোমাকে একটি সুন্দর কাহিনী শুনাইতেছি। তুমি সে সম্পর্কে আগে কিছুই জানিতে না। "সূরা শুরাতে আল্লাহপাক হযরত নবী (সাঃ) কে ফরমান, “এই ভাবে আমি তোমার কাছে নিজ নির্দেশ বা আত্মিক সত্ত্বাকে প্রেরণ করি ওহী রূপে। তাহার আগে তুমি জানিতে না আল কিতাব কি বস্তু। ঈমান কাহাকে বলে তাহাও তুমি জানিতে না কিন্তু তাহা জ্যোতির আকারে রূপ দিয়া আমার বান্দাদের যাহাকে ইচ্ছা পথ দেখাই। অন্যান্য পয়গম্বর সম্পর্কেও কুরআন মজীদে ঐ রূপ বলা হইয়াছে। যেমন হযরত ইব্রাহিম (আঃ) বলিতেছেন, "হে আমার পিতা! আমার কাছে সেই বিদ্যা রহিয়াছে যাহা আপনার কাছে আসে নাই।"

বিজ্ঞাপন

হযরত দাউদ (আঃ) ও হযরত সোলায়মান (আঃ) সম্পর্কে বলা হইয়াছে-"দাউদ ও সোলায়মানকে জ্ঞান দান করিয়াছি। হযরত ইউসুফ (আঃ) সম্পর্কে পবিত্র কুরআন মজীদে বলা হইয়াছে- "আমি তাহাকে হুকুমত ও জ্ঞান দান করিয়াছি।" হযরত ইউসুফ (আঃ) সম্পর্কে কুরআন মজীদে প্রকাশ-"এই দুইটি সেই সবের অংশ যাহা আমার প্রভু আমাকে শিখাইয়াছেন। "হযরত লুত (আঃ) সম্পর্কে আল্লাহপাক কুরআন মজীদে ফরমান-"লুতকে আমি জ্ঞান ও হিকমত দান করিয়াছি।"

নবী (আঃ) গণ যে আল্লাহপাকের নিকট হইতে সরাসরি জ্ঞান লাভ করেন তাহা কুরআন মজীদে আল্লাহপাক নিজেই ঘোষণা করিয়াছেন।

উপরের আলোচনা হইতে আমরা বুঝিলাম আল্লাহপাক তাহার নূর দান করিয়া নবী (আঃ) গণের বক্ষ এমনভাবে প্রসারিত করিয়া দেন যে তাহার দ্বারা নবী (আঃ) গণ যেমন আল্লাহাতায়ালার তরফ হইতে এলেম লাভ করিয়া থাকেন, তেমনি দুর্লভ ও বিরল মানবিক গুণ লাভ করেন। ঐ এলেম ও মানবিক গুণাবলী সাধারণ মানুষের উপর নবী (আঃ) গণের শ্রেষ্ঠত্ব দান করে। সকল নবী (আঃ) গণের মধ্যে ঐ রূপ শ্রেষ্ঠত্ব কম বেশী বিরাজমান ছিল। তবে সকলের চেয়ে মানবিক গুণ বেশী ছিল আমাদের দয়াল নবী (সাঃ) এর মধ্যে। এক্ষণে হযরত নবী করীম (সাঃ) সহ আরও কয়েকজন নবী (আঃ) গণের জীবনের কিছু ঘটনা বর্ণনা করিতেছি।

বিজ্ঞাপন

দয়ালনবী হযরত রাসূলে করীম (সাঃ) নবুয়ত লাভের পর ইসলাম প্রচার শুরু করিলে কোরেশ নেতাগণ হযরত (সাঃ) এর উপর নির্যাতন শুরু করে। কোরেশদের ধারণা ছিল নির্যাতনের ফলে নবী (সাঃ) ইসলাম প্রচার পরিত্যাগ করিবেন। তাহার ফলে মুর্তি পূজাকে কেন্দ্র করিয়া তখন যাহারা প্রভাব ও প্রতিপত্তি লাভ করিয়া ছিল, তাহাদের প্রভাব অব্যাহত থাকিবে। এই সব কোরেশ নেতাদের মধ্যে ছিল আবু জাহেল, আবু লাহাব; আসওয়াদ বিন ইবনে ইয়াওম, ও কবা বিন মুরীত; হিকাম বিন আব্দুল ইত্যাদি। এই সব লোকেরা তাহাদের দল বল লইয়া দয়াল নবী (সাঃ) এর পথে কাঁটা বিছাইয়া দিত। হযরত রাসূলে করীম (সাঃ) যখন নামাজ পড়িতেন তাহারা হাসি ঠাট্টা ও তামাশা করিত। কেউ নবী (সাঃ) এর গলায় চাদর বাঁধিয়া টান দিয়া তাহাকে মাটীতে ফেলিয়া দিতে চেষ্টা করে। সেজদার সময়ে সেজদার জায়গায় মৃত উটের নাড়ী ভুড়ি রাখিয়া দিত। দয়াল নবী (সাঃ) একদিন যখন নামাজ পড়িতেছিলেন, আবু জাহেল বলিল সেজদায় গমন করিলে নবী (সাঃ) এর ঘাড়ের উপর উটের ভূড়ি রাখিয়া দিলে তিনি আর উঠিতে পারি পারিবেন না। নবী (সাঃ) এর পেরেশানী হইবে। তাহা দেখিয়া তাহারা তামাশা করিবে। উহা শুনিয়া ওকবা শীঘ্রই একটি উটের ভূড়ি আনিয়া হযরত নবী (সাঃ) এর ঘাড়ের উপর রাখিয়া দিল। ওজনের কারণে হযরত নবী (সাঃ) সেজদা হইতে মাথা তুলিতে পারিতেছিলেন না। অবশেষে এই সংবাদ নবী দুলালী মা ফাতেমাতুজ জোহরার (রাঃ) এর কানে পৌছাইল। তিনি তখন পাঁচ/ছয় বছরের শিশু কন্যা। তিনি পিতার কাধ হইতে বহু কষ্টে নাড়ি ভূড়ি সরাইয়া দিলেন। হযরত নবী করীম (সাঃ) যখন পথ দিয়া হাঁটিতেন, তখন ঐ সকল লোকেরা কিশোর ছেলেদেরকে নবী (সাঃ) এর গায়ে পাথর ছুড়িতে বলিত। বড়দের উস্কাইয়া দেওয়ার কারণে ঐ সকল বালকেরা নবী (সাঃ) এর গায়ে ঝাকে ঝাকে পাথর ছুড়িয়া মারিত। পাথর লাগিয়া নবী (সাঃ) এর শরীর মোবারক হইতে রক্ত ঝরিয়া পড়িত। কিন্তু তিনি কাহাকেও অভিসম্পাত করিতেন না। বরং তাহাদের সহিত মিষ্ট ভাষায় আলাপ করিতেন। প্রতিবেশী হিসেবে ঐ সকল লোকদের সাহায্য সহযোগিতা করিতেন। একবার আবু জাহেলের কঠিন পীড়া হইল। নবী (সাঃ) আবু জাহেলের রোগ মুক্তির জন্য দু'আ করিতে লাগিলেন। কিন্তু আল্লাহপাক তাহার প্রিয়তম নবী (সাঃ) এর উপর অত্যাচার করিবার জন্য আবু জাহেলের উপর নারাজ ছিলেন। তাহার রোগমুক্তি হইতে ছিল না বিধায় নবী (সাঃ) তাহাতে এতই পেরেশান হইলেন যে তিনি আহার-নিদ্রা পর্যন্ত বন্ধ করিয়া আবু জাহেলের জন্য কাঁদিতে লাগিলেন। আল্লাহপাক দয়াল নবী (সাঃ) এর এই অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, যে নবী! আপনি আবু জাহেলের রোগ মুক্তির জন্য এতসব করিতেছেন কেন? দয়াল নবী (সাঃ) বলিলেন-"হে আল্লাহপাক! আমিতো আবু জাহেলেরও নবী- সে আমাকে চেনে না, বোঝে না। তাই সে আমার বিরুদ্ধাচারণ করে। নবী হিসেবেতো তাহার মঙ্গলের জন্য আমার সুপারিশ করা উচিত।” অবশেষে আবু জাহেল রোগমুক্ত হইল।

হযরত রাসূলে করীম (সাঃ) যে পথ দিয়া চলিতেন, মায়মুনা নামক এক বৃদ্ধা রোজ সেই পথে কাটা পুতিয়া রাখিত। সেই কাঁটায় রাসূলে করীম (সাঃ) এর কদম মোবারক ফুটিয়া রক্ত বাহির হইত। একদিন নবী (সাঃ) দেখিলেন পথে কাঁটা নাই। তিনি খোঁজ লইয়া জানিলেন মায়মুনা কঠিন রোগে বিছানায় পড়িয়া আছে। নবী (সাঃ) বৃদ্ধার গৃহে যাইয়া তাহার সেবা করিতে লাগিলেন। দয়াল নবী (সাঃ) এর সেবায় মায়মুনা রোগ হইতে সারিয়া উঠিল।

মানুষের জন্য ঐ রূপ নিঃস্বার্থ ভালবাসা কেবলমাত্র নবী (আঃ) গণের মধ্যেই দেখা যায়। এই নিঃস্বার্থ ভালবাসা নবী (আঃ) গণের দেলে আসে নূরে এলাহী দ্বারা। আর হৃদয়ে এই নূরে এলাহীর আগমনকেই শরহে ছদর বলা হয়।

বিজ্ঞাপন

একবার হযরত নবী করীম (সাঃ) এক পথ দিয়া যাইতেছিলেন। পথের পাশে একটি উট তাহাকে দেখিয়া ডাকিতে লাগিল। নবী (সাঃ) উটটির নিকটে গেলেন। ইহাতে উটটির চক্ষু হইতে ঝর ঝর করিয়া পানি বাহির হইতে লাগিল। নবী-করীম (সাঃ) খোঁজ লইয়া উটের মালিকের বাড়ীতে গেলেন। তিনি উটের মালিককে বলিলেন-তুমি তোমার উটটিকে অযথা কেন পিটাইয়াছ? আর তাহার খানা কেন বন্ধ করিলে, উটটি তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করিল। আল্লাহপাক পশু-পাখী মানুষের সেবার জন্য সৃষ্টি করিয়াছেন। মানুষের উচিত তাহাদের উপর রহম করা- তাহাদের উপর নির্যাতন করিলে আল্লাহপাক অসন্তুষ্ট হইবেন।

আর একদিন নবী (সাঃ) এক বনের নিকট দিয়া যাইতেছিলেন। তিনি দেখিলেন বনের ভিতর একটি হরিণ শিকারীর জালে আটক হইয়াছে। হযরত নবী করীম (সাঃ) কে দেখিয়া হরিণটি ডাকিতে লাগিল। দয়াল নবী (সাঃ) নিকটে গেলে হরিণটি তাহার নিজস্ব ভাষায় হযরত নবী করীম (সাঃ) কে জানাইল যে, তাহার বাসায় তাহার একটি ছোট্ট শাবক রহিয়াছে। সে তাহার বাচ্চাকে দুধ খাওয়াইয়া আসিতে চায়। আর বাচ্চাটি দেখা শোনার ভার অন্য কোনো হরিণীর উপর দিয়া আসিতে চায়। হযরত নবী (সাঃ) বাচ্চা হরিণটির অনিশ্চয়তার খবর শুনিয়া দুঃখে কাতর হইলেন। তিনি বলিলেন, "তুমি তোমার বাচ্চাদের দুধ খাওয়াইয়া এবং তাহার নিরাপত্তার ব্যবস্থা করিয়া আস। আমি জালের মালিককে বুঝাইয়া বলিব।" হরিণটি চলিয়া গেলে নবী (সাঃ) সেখানে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পর জালের মালিক এক ইহুদী ধর্মাবলম্বী সেখানে তাহার ফাঁদে কোনো পশু আটক হইয়াছে কিনা দেখিতে আসিল। নবী করীম (সাঃ) ইহুদীকে সকল কথা খুলিয়া বলিলেন। ইচ্ছা করিলে তিনি হরিণটিকে ছাড়িয়া দিয়া চলিয়া যাইতে পারিতেন। কিন্তু তাহা তিনি করেন নাই। তিনি ইহুদীর নিকট সত্য গোপন করিতে পারিতেন। তিনি তাহাও করেন নাই। তিনি সত্য কথাই বলিলেন। সব কথা শুনিয়া ইহুদী বলিল, বনের হরিণ ছাড়া পাইলে কি আর কখনও ফিরিয়া আসে? নবী (সাঃ) বলিলেন, আসে। তুমি দেখিবে হরিণটি ফিরিয়া আসিবে। আর সেই জন্যই আমি বসিয়া আছি। ইহুদী দয়াল নবী (সাঃ) এর কথা বিশ্বাস করিতে পারিল না, বরং নবী করীম (সাঃ) কে বিদ্রুপ করিতে লাগিল। হরিণ ছাড়িয়া দিবার জন্য ক্রোধও প্রকাশ করিল। আবার শেষ পর্যন্ত কি হয় তাহা দেখিবার আশাও ছাড়িতে পারিল না। কিছুক্ষণ পর সত্যিই হরিণটি তাহার শিশু শাবককে লইয়া ফিরিয়া আসিল। হরিণমাতা নবী করীম (সাঃ) কে কষ্ট দিবার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করিয়া বলিল, সে তাহার শিশু শাবকটিকে কিছুতেই অন্য হরিণের তত্ত্বাবধানে রাখিয়া আসিতে পারিল না। বাচ্চাটি বলিল, যে নবী (সাঃ) শুধু আমার জন্য নিজের কাজ ফেলিয়া অপেক্ষা করিতেছেন। তাহার নিকট আমার কৃতজ্ঞতা ও শোকর না জানাইয়া পারি না। ইহাতে যদি ইহুদী আমাকে মায়ের সহিত ধরিয়াও লইয়া যায়-তবে ইহুদী তাহাই করুক। ইহুদী হরিণদের ভাষা বুঝিল না-তাহারা নবী করীম (সাঃ) কে কি বলিল তাহাও বুঝিল না। কিন্তু হরিণ যে নবী (সাঃ) কে দেয়া কথা রাখিয়াছে, ইহা দেখিয়া সে স্তম্ভিত হইয়া গেল। সে এ কথা বুঝিল যে, বনের পশুরাও দয়াল নবী (সাঃ) কে আল্লাহতায়ালার প্রেরিত হেদায়েতকারী হিসেবে মানিয়া লইয়াছে। বনের পশুরাও হযরত নবী (সাঃ) এর প্রতি কত অনুগত। সে তৎক্ষণাৎ নবী করীম (সাঃ) এর উপর ঈমান আনিয়া ইসলাম গ্রহণ করিল। এবং বনের হরিণটিকে তাহার শাবকসহ ছাড়িয়া দিল।

একবার একটি উট মদীনার রাজপথে ছুটিয়া ছুটিয়া যাহাকে সম্মুখে পায় কামড়াইতে লাগিল। দয়াল নবী (সাঃ) কে উহা জানানো হইল। হযরত নবী করীম (সাঃ) উটটির নিকটে গেলে সে মাথা নত করিয়' সিজদা করিল। অবশেষে দয়াল নবী (সাঃ) তাহার গায়ে হাত বুলাইয়। দিয়া বলিলেন-তুমি আর মানুষকে কামড়াইয়া বিশৃংখলা করিও না। উটটি মাথা নাড়িল। উহার পর আর উটটি কাহাকেও কামড়ায় নাই দয়াল নবী (সাঃ) কে উটটি যখন সেজদা দিতেছেন, তিনি উপস্থিত লোকদের বলিলেন-তোমরা বল উন্মাদ উট। কিন্তু সেই উটটি ও আল্লাহতায়ালার নবীকে চেনে। শুধু মানুষই আল্লাহতায়ালার নবীকে চিনে না। সকল মানুষ আল্লাহর নবীকে চিনিতে পারিলে সকলেরই কত না মঙ্গল হইতো। পশুদের ভাষা বোঝা বা একটি পশুর মঙ্গলের জন্যও তিনি কত না কষ্ট সহ্য করিয়াছেন। ইহা ব্যতীতও আমরা জানি হযরত ইব্রাহিম (আঃ) কে নমরূদ তাহার আগুনের কুন্ডে নিক্ষেপ করিয়াছিল। এতদসত্ত্বেও হযরত ইব্রাহিম (আঃ) ইহাতে না পাইয়াছিলেন কোনো ভয়, না ত্যাগ করিয়াছিলেন তাহার ঈমান। হযরত ইব্রাহিম (আঃ) তার এক মাত্র পুত্র ইসমাইলকে আল্লাহতায়ালার নির্দেশে কোরবানী করিতে সম্মত হইলেন এবং পিতা হইয়া পুত্রের গলায় ছুরিও চালনা করিলেন।

বিজ্ঞাপন

হযরত নূহ (আঃ) এর উপর তাহার যুগের লোকেরা এতই অত্যাচার করিত যে তাহার উদাহরণ ইতিহাসে বিরল। কখনও কখনও তাহারা এত পাথর তাঁহার উপর নিক্ষেপ করিত যে, তিনি আঘাতে জ্ঞান হারাইতেন এবং তাহার শরীরের উপর পাথরের স্তুপ এমনি উচু হইতো যে, তাহার দেহ দেখা যাইতো না। নবী (আঃ) গণের মধ্যে যে কাহারও জীবন আলোচনা করিলে কোনো না কোনো অত্যাচার বা নিপীড়নের কাহিনী আসিয়া যাইবে। স্থান অভাবে লিখিয়া শেষ করা যাইবে না। মোট কথা হইল নবী (আঃ) গণের ছিনার ভিতর এমনি নূরে এলাহী আল্লাহপাক প্রদান করেন যে উহার দ্বারা তাহারা সৃষ্টির রহস্য সম্পর্কে জ্ঞান লাভ করেন। ঈমানের প্রশ্নে অতীব দৃঢ় চেতা হন। কোনো নবী (আঃ) কখনও কোনো অত্যাচারের মুখে ধর্ম প্রচারে ক্ষান্ত হন নাই। আবার মানুষকে নিঃস্বার্থরূপে ভালবাসিতেও নবী (আঃ) গণের মত কেহ পারে নাই।

আমরা সবাই জানি, দয়াল নবী হযরত রাসূলে করীম (সাঃ) কোনো পার্থিব জ্ঞান লাভ করেন নাই কিন্তু তাহা সত্ত্বেও তিনি আল্লাহতায়ালার শক্তিতে চন্দ্র দ্বিখন্ডিত করিয়াছিলেন। কাফেরদের জিজ্ঞাসার উত্তরে জুলকারনাইন ও আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করিয়াছিলেন। হযরত ঈসা (আঃ) ও হযরত ইউসুফ (আঃ) এর জীবনের সত্য ইতিহাস ব্যক্ত করিয়া তাহাদের জীবন সম্পর্কে প্রচারিত মিথ্যা কাহিনী খন্ডন করিয়া ছিলেন। এই যে জ্ঞান, চারিত্রিক দৃঢ়তা ও মানুষের জন্য নিঃস্বার্থ ভালবাসা-তাহার সব কিছুই আসে শরহে ছদর বা আল্লাহতায়ালার নূর দ্বারা বক্ষ সম্প্রসারণের মাধ্যমে।

বর্তমান কালে নবী (সাঃ) গণের যুগ অবসান হইয়াছে। কিন্তু যেহেতু মানুষ বসবাস করিতেছে ও সমাজ রহিয়াছে। তাই আল্লাহতায়ালার পথে হেদায়েতকারী প্রেরণ অব্যাহত রহিয়াছে। এই সকল হেদায়েতকারীগণের জন্য আল্লাহতায়ালা ঐ রূপ জ্ঞান, দৃঢ়-চিত্ত ও মানুষের জন্য নিঃস্বার্থ ভালবাসার মতন হৃদয় দান করেন। এই সকল জ্ঞানও আসে আল্লাহতায়ালার তরফ হইতে প্রাপ্ত নূরের মাধ্যমে বা শরহে ছদরের মাধ্যমে। আল্লাহপাক যে তাহার হেদায়েতকারীগণের হৃদয়ও প্রসারিত করিয়া দেন তাহার কথাও কুরআন মজীদে ঘোষণা করিতেছেন। যেমন তিনি বলেন-আল্লাহপাক যাহাকে ইচ্ছা পথ দেখাইতে চাহেন, তাহার বক্ষদেশকে ইসলামের জন্য উন্মুক্ত করিয়া বা প্রসারিত করিয়া দেন। বুখারী শরীফে আছে, হযরত রাসূলে করীম (সাঃ) এর ওফাতের পরে হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) কে হযরত উমর ফারুক কুরআন মজীদ যে রূপ রহিয়াছে সেই রূপ না রাখিয়া হয়, বিষয় বস্তু অনুযায়ী অথবা কাল অনুসারে যে সকল সূরা সূরা আগে আগে নাজিল হইয়াছে সেই সকল সূরা আগে সাজাইয়া কুরআন মজীদকে বিন্যাস করিবার পরামর্শ দিলেন। বাহ্যিকভাবে হযরত উমর ফারুক (রাঃ) যে যুক্তি দিয়াছিলেন তাহার যুক্তি উড়াইয়া দেবার নয়। কিন্তু হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) বলিলেন, হযরত রাসূলে করীম (সাঃ) জীবদ্দশায় উহা করিয়া যান নাই। ঐ রূপ পরিবর্তনের কোনো নির্দেশও তিনি দান করেন নাই। সুতরাং আমরা তাহা করিতে পারি না। ইহা সত্ত্বেও হযরত উমর ফারুক (রাঃ) এই বিষয়ে হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) এর উপর পীড়াপীড়ি করিতে লাগিলেন। কিন্তু হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) তাহা অস্বীকারই করিতে লাগিলেন। ইহার কয়েক দিন পরে হঠাৎ হযরত উমর ফারুক (রাঃ) এর মন পরিবর্তন হইল। তিনি হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) এর সহিত একমত হইলেন। তিনি আসিয়া হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) ছাহেবকে বলিলেন, আল্লাহপাক এই ব্যাপারে আমার ছিনা প্রশস্ত করিয়া দিয়াছেন। অর্থাৎ আল্লাহপাক হযরত উমর (রাঃ) কে এমন জ্ঞান দান করিয়াছেন যে তাহার দ্বারা তিনি পবিত্র কুরআন মজীদ বর্তমানে যে অবস্থায় আছে তাহার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সর্বোপরি উহাই যে আল্লাহতায়ালার ইচ্ছা তাহা বুঝিতে পারিয়াছেন। এই ঘটনা দ্বারা ইহাই বোঝা যায় যে শরহে ছদর বা ছিনা সম্প্রসারণ পবিত্র কুরআন শরীফের আয়াত অনুযায়ী নবী (আঃ) গণের পরবর্তী হেদায়েতকারীগণেরও হইয়াছিল। 'ফাতহুল গায়ের' নামক কেতাবে বর্ণিত এক ভাষণে হযরত গউসপাক (রঃ) ছাহেব বলিতেছেন-

"আল্লাহপাক বলেন, আমার ভয়ে ভগ্ন হৃদয় ব্যক্তিগণের কাছেই আমি রহিয়াছি। কাজেই তোমার সব কিছুই ধ্বংস না হওয়া পর্যন্ত আল্লাহ তোমার কাছে থাকিবেন না। তখন আল্লাহপাক তোমাকে আবার ভাংগিয়া গড়িবেন। তোমার মধ্যে নতুন ইচ্ছা শক্তি দেয়া হইবে। তখন খোদার ইচ্ছাতেই তুমি ইচ্ছা করিবে। অতঃপর তোমাকে যখন খোদায়ী ইচ্ছার মধ্যে পাওয়া যাইবে, আর সেই ইচ্ছাকে তোমার মধ্যে পাওয়া যাইবে যাহা তোমার মধ্যে জন্ম দেয়া হইয়াছিল আল্লাহপাক তোমার সেই নতুন ইচ্ছাটিকেও ভাংগিয়া দিবেন। তুমি চিরকালের জন্যে ভগ্ন হৃদয় ব্যক্তিতে পরিণত হইবে।"

চিত্ত সম্পূর্ণরূপে বিশুদ্ধ হইয়া গেলে তখন বান্দা এমন একটি আত্মিক অবস্থায় পৌঁছায়-যে অবস্থা সম্পর্কে আল্লাহপাক হাদীসে কুদসীতে ফরমান-

"আমার মোমেন বান্দা নফল ইবাদত সমূহের মাধ্যমে আমার নৈকট্য কামনা করিয়া থাকে যতক্ষণ না আমি তাহাকে বন্ধু মনে করি। তৎপর আমি যখন তাহাকে বন্ধু মনে করি-তখন তাহার ইন্দ্রিয় সমূহ আমার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে লইয়া আসি। আমারই ইচ্ছায় তাহার চক্ষু, কর্ণ, নাসিকা, হস্ত পদাদি কাজ করে। তখন সে আমার মাধ্যমে দেখে, শোনে, কথা বলে এবং চিন্তা করে।"

হে জাকেরগণ! তোমরা বুঝিতে পারিলে যে, সমস্ত পয়গম্বর (আঃ)-এর ছিনা কম- বেশী প্রশস্ত ছিল। সর্বাধিক প্রশস্ত ছিনার অধিকারী ছিলেন দয়াল নবী (সাঃ)। রাসূলে পাক (সাঃ)-এর পরে তদীয় কিছু কিছু উম্মত অনুসরণ, অনুগমন ও আনুগত্যের মাধ্যমে মোরাকাবায়ে শরহে ছদরের নূর লাভ করেন। সে অবস্থাতে উক্ত উম্মতের বক্ষস্থিত পাঁচটি নূরের সমুদ্র তথা কালব, রূহ, সের, খফি ও আখফা একত্রিত হইয়া নূরের এক মহাসমুদ্র তৈরী করে যাহার কোন কুল কিনারা নাই। হকিকতে ইহাই বক্ষ সম্প্রসারণ। এমতাবস্থায় প্রশস্ত ছিনার অধিকারী সাধক নিজ ছিনাতেই আল্লাহ ও রাসূলকে পায়। তবে সে পর্যায়ে যাওয়ার জন্য প্রয়োজন লতিফাসমূহকে পাপের কালিমামুক্ত রাখা, প্রয়োজন দৈহিক প্রভুত্ব হইতে মুক্ত হওয়া, প্রয়োজন জড় জগত, সিফাতের জগত পার হইয়া খোদাতায়ালার জাতের সমুদ্রে নিমজ্জিত হওয়া। কিন্তু কোন কামেলের সাহচর্য, খেদমত ও প্রশিক্ষণমত অনুশীলন ব্যতীত পাপের কালিমামুক্ত হওয়া, কিংবা নাফসের শৃংখলমুক্ত হওয়া সম্ভব নহে। ফলে শরহে ছদরের ঘ্রাণ পাওয়াও সম্ভব নহে।

কাজেই হে জাকেরান! তোমরা পীরের খেদমত কর এবং প্রদত্ত তালিম অনুযায়ী চর্চা কর, সাধনা কর। আমি দু'আ করি তোমরা সফল হও। শরহে ছদরের নূর লাভ কর। আমীন!

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD