Logo

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পটিয়া মাদ্রাসার দুই দিনের ৮৭তম মহাসম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৫ নভেম্বর, ২০২৬, ১৭:৫৯
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পটিয়া মাদ্রাসার দুই দিনের ৮৭তম মহাসম্মেলন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ৮৭তম মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে ২৬ ও ২৭ নভেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে। সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, দেশ-বিদেশের আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত পটিয়া মাদ্রাসা দীর্ঘ প্রায় ৮৮ বছর ধরে ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শুরুতে একটি মসজিদে মাত্র কয়েকজন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হয়। সময়ের পরিক্রমায় এটি দেশের পরিচিত কওমি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দাওরায়ে হাদিসের পাশাপাশি তাফসির, হাদিস, ফিকহ, ইফতা, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী গবেষণা, তাজবীদ, কিরাত এবং হিফজসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন অঙ্গনে ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াতি কর্মকাণ্ডে অবদান রাখছেন।

পটিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন একাধিক পরিচিত আলেম ও চিন্তাবিদ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক হারুন ইসলামাবাদী (রহ.), সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আল্লামা এ এফ এম খালিদ হোসাইন, মাওলানা আব্দুল মালেক হালিম, আবু তাহের মিসবাহ এবং মাওলানা নূরুল আমীন।

প্রতিষ্ঠানটির দাওরায়ে হাদিস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমজাদ বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে পেরে তারা গর্ববোধ করেন। এখান থেকে শিক্ষা সম্পন্ন করে অনেকেই উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

জামিয়ার জামায়াতে চাহারুমের শিক্ষার্থী জায়েদুল হক হেলালী বলেন, পটিয়া মাদ্রাসা কেবল পাঠদানের প্রতিষ্ঠান নয়, বরং মানুষ গড়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার শিক্ষার্থীরা শিক্ষা শেষ করে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

মাদ্রাসার প্রধান পরিচালক একরামুল হক ওদুদী জানান, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থেকে ইসলামের খেদমত করে যাচ্ছেন। প্রতিষ্ঠার পর এক বছর বিরতি দিয়ে এবার আবারও মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ ও ২৭ নভেম্বরের এ সম্মেলনে অংশ নিতে তিনি সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

প্রায় ৮৮ বছরের ঐতিহ্য ও শিক্ষা কার্যক্রমকে সামনে রেখে আয়োজিত এবারের মহাসম্মেলনে দেশ-বিদেশের আলেম-উলামা, সাবেক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা। তাদের আশা, দুই দিনের এ আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা প্রাঙ্গণ পরিণত হবে ধর্মীয় আলোচনা, পারস্পরিক সৌহার্দ্য ও মিলনমেলায়।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD