Logo

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ২১:০৪
স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া
ছবি: সংগৃহীত

স্বামী অতিরিক্ত মোবাইল ফোনে আসক্ত। এর প্রভাব পড়েছে ধর্মীয় জীবনেও। নিয়মিত নামাজ আদায় করেন না, স্ত্রী বোঝাতে গেলেও রেগে যান, এমনকি কথাবার্তাও বন্ধ রাখেন। এমন পরিস্থিতিতে স্বামীকে দ্বীনের পথে ফেরানো এবং দাম্পত্য সম্পর্কে ভালোবাসা ও সম্মান বাড়ানোর উপায় জানতে ইসলামি প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট ইফতায় পরামর্শ চেয়েছেন এক নারী।

বিজ্ঞাপন

ওই নারীর প্রশ্নের জবাবে মুফতি ওলি উল্লাহ পারিবারিক মুরব্বিদের মাধ্যমে বৈঠক করে স্বামীকে বোঝানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাঁকে দ্বীনি পরিবেশে সময় কাটানোর জন্য চিল্লায় পাঠানোর কথাও উল্লেখ করেছেন।

স্বামীকে নিয়মিত নামাজি করার জন্য একটি পৃথক আমলের লিংক দিয়েছেন মুফতি। তবে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো আমল তাঁর জানা নেই বলেও জানিয়েছেন তিনি।

দাম্পত্য সম্পর্কে আন্তরিকতা বাড়াতে স্ত্রীর আচরণ ও পারিবারিক পরিবেশের ওপর গুরুত্ব দিয়েছেন মুফতি। তাঁর পরামর্শের মধ্যে রয়েছে স্বামীর সামনে পরিপাটি পোশাক পরা, চুল সুন্দরভাবে সাজানো এবং স্বামী বাড়ি ফিরলে হাসিমুখে সালাম দিয়ে স্বাগত জানানো। কর্মস্থল থেকে ফেরার পরপরই অভিযোগ বা সমস্যার কথা না তুলে তাঁকে কিছুটা বিশ্রাম ও মানসিক স্বস্তির সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার, স্বামীর ভালো কাজের প্রশংসা, তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা এবং ঘরের কাজে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পরামর্শ দিয়েছেন তিনি। পরিবারের জন্য স্বামীর পরিশ্রম ও উপার্জনের স্বীকৃতি দেওয়া এবং নিয়মিত ভালোবাসার কথা জানানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ধর্মীয় আমলের বিষয়ে জবাবে বলা হয়েছে, প্রতিটি ওয়াক্তের নামাজে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। পাশাপাশি তাহাজ্জুদের সময় স্বামীকে নামাজের জন্য উৎসাহিত করা এবং দুজনের জন্য তাকওয়া অর্জনের প্রার্থনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

জবাবে আরও একটি আমলের কথা উল্লেখ করা হয়েছে। স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকলে সুরা বাকারার ১৬৫ নম্বর আয়াত মিষ্টিজাতীয় খাবারের ওপর পড়ে ফুঁ দিয়ে তাঁকে খাওয়ানোর কথা বলা হয়েছে। তবে মুফতি ওলি উল্লাহ জানিয়েছেন, এ আমলের পক্ষে নির্দিষ্ট কোনো দলিল নেই। কিছু ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন আমলের কথা শুনেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD