আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা: ছাত্রদল নেতা নাছির

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক হওয়া ও স্বাধীনতার ঘোষণার বিষয়ে দাবি নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে সরাসরি মিথ্যাচার বলে আখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি অভিযোগ করেন, আইডি হ্যাকের বিষয়টি বাস্তব নয় এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতার ইতিহাস বিকৃতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।
বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে নাছির উদ্দিন নাছির জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের বিরোধিতার দায়ে কলঙ্কিত একটি শক্তি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়েও আজ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেনি। অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনার পরিবর্তে তারা বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞাপন
নাছির উদ্দিন নাছির বলেন, সম্প্রতি চট্টগ্রামের একটি জনসভায় জামায়াতে ইসলামীর আমির দাবি করেছেন—১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা এবং ‘উই রিভোল্ট’ শব্দটি প্রথম উচ্চারণ করেছিলেন কর্নেল অলি আহমেদ। এই বক্তব্য মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননার শামিল।
তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসের সত্যতা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করলে মেজর জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন। বিদ্রোহের সূচনায় উচ্চারিত হয় ঐতিহাসিক শব্দ ‘We revolt’, এরপরই আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
নাছির উদ্দিন নাছির লেখেন, ২৬ মার্চ প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি ও লিবারেশন আর্মির কমান্ডার-ইন-চিফ ঘোষণা করে স্বাধীনতার বার্তা দেন।
বিজ্ঞাপন
তিনি আরও দাবি করেন, কর্নেল অলি আহমেদ নিজেও বিভিন্ন সময়ে স্বীকার করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।
পোস্টে জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে ছাত্রদল নেতা বলেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাত দেওয়া হয়েছিল। কয়েকদিন আগেও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তিনি বলেছিলেন তাঁর আইডি হ্যাক হয়েছে। বাস্তবে আইডি হ্যাক হয়নি, হ্যাক হয়েছে তাঁর মাথা। তাছাড়া ইতিহাস নিয়ে তিনি এমন জঘন্য মিথ্যাচার করতে পারেন না।
বিজ্ঞাপন
সবশেষে নাছির উদ্দিন নাছির বলেন, ইতিহাস বিকৃত করে, মিথ্যার আশ্রয় নিয়ে জামাতের আমির আজও প্রমাণ করেছেন জামায়াতের রাজনীতি শুরু হয়েছিল মুনাফেকি দিয়ে, আর আজও তা চলছে সেই একই মুনাফেকির ধারাবাহিকতায়।









