‘আধুনিকতার নামে বেশ্যাবৃত্তি’ : জামায়াত আমিরের পোস্টে তোলপাড়

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের উদ্দেশে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ওই মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
বিজ্ঞাপন
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে করা মন্তব্য সামাজিকভাবে চরম আপত্তিকর এবং নারীদের মর্যাদাহানিকর। এ ধরনের বক্তব্যের প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচির স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা।
শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লেখেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে নারীদের যে চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে, তার প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত আমিরের নামে প্রকাশিত ওই মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। নারীদের হেয় করার অভিযোগে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আসতে থাকে। বিতর্ক তুঙ্গে ওঠার মধ্যেই শনিবার রাতে ডা. শফিকুর রহমান দাবি করেন, তার এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।
বিজ্ঞাপন
নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি তার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের মাধ্যমে তার নামে ভুয়া ও বিভ্রান্তিকর লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে নারীবিদ্বেষী বক্তব্যের অভিযোগ, অন্যদিকে অ্যাকাউন্ট হ্যাকের দাবি—সব মিলিয়ে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।








