Logo

শিক্ষামন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর পোস্ট, সামনে এলো ছবির আসল তথ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ১৮:৫০
শিক্ষামন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর পোস্ট, সামনে এলো ছবির আসল তথ্য
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। রবিবার (৯ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, ‘শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক।’

বিজ্ঞাপন

ছবিটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বর্তমান বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এবং ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেনকে একটি কক্ষে বসা অবস্থায় দেখা যায়।

তবে ছবিটির বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে ধারণা তৈরি হয়েছে, যাচাইয়ে তার সঙ্গে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

ছবিটি আসলে কবে তোলা?

বিজ্ঞাপন

দ্য ডিসেন্টের যাচাই অনুযায়ী, পাটওয়ারীর পোস্ট করা ছবিটি সাম্প্রতিক কোনো বৈঠকের নয়। ছবিটি ২০২৩ সালের ৫ এপ্রিল ধারণ করা হয়েছিল। ওই দিন সময় টিভিতে ‘গণতন্ত্র ও ষড়যন্ত্রের রাজনীতি’ শিরোনামে একটি টকশো প্রচারের আগে অতিথিদের সঙ্গে ছবিটি তোলা হয়।

ছবির টাইমলাইন অনুযায়ী, এটি ধারণ করা হয়েছিল ২০২৩ সালের ৫ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটে। অন্যদিকে, সময় টিভিতে ওই টকশোর সরাসরি সম্প্রচার শুরু হয় রাত ১০টায়।

অর্থাৎ, টকশো সম্প্রচার শুরুর আনুমানিক ১৫ মিনিট আগে ছবিটি তোলা হয়েছিল।

বিজ্ঞাপন

পোশাকেও মিল পাওয়া গেছে

ছবিটির সময়কাল যাচাইয়ের ক্ষেত্রে আরও একটি বিষয় সামনে এসেছে। পাটওয়ারীর পোস্ট করা ছবিতে শাজাহান খান, এহছানুল হক মিলন ও ফরিদ হোসেন যে পোশাক পরেছিলেন, টকশোর ভিডিওতেও তাদের একই ধরনের পোশাকে দেখা যায়।

এতে ছবিটি ২০২৩ সালের ওই টকশোকে কেন্দ্র করেই ধারণ করা হয়েছিল—এমন তথ্যের সঙ্গে সামঞ্জস্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

পোস্টের সঙ্গে ছবির প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন

ফলে ‘শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—এই ক্যাপশনে ছবিটি প্রকাশ করায় এর বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উঠেছে।

যাচাইয়ে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটি বর্তমান সময়ের কোনো বৈঠকের দৃশ্য নয়; বরং ২০২৩ সালের একটি টেলিভিশন টকশো শুরুর আগের মুহূর্তের ছবি। ছবিটির সময়, টকশোর সম্প্রচারের সময় এবং অংশগ্রহণকারীদের পোশাক—তিনটি বিষয় মিলিয়ে এর পুরোনো প্রেক্ষাপটের বিষয়টি আরও স্পষ্ট হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD