এক বছর বিরতির পর আবারও ওয়াজ মাহফিলের ঘোষণা দিলেন মিজানুর রহমান আজহারী

এক বছর বিরতির পর দেশের আটটি বিভাগে উন্মুক্ত মাঠে আবারও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’
মাহফিলের আয়োজন নির্বিঘ্ন রাখতে শৃঙ্খলা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ বিষয়ে পোস্টে আজহারী লেখেন, ‘মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে—সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।’
মাহফিলের সাফল্য শুধু মানুষের উপস্থিতির সংখ্যায় সীমাবদ্ধ নয় বলেও উল্লেখ করেন এই ইসলামি বক্তা। তাঁর ভাষ্য, ‘আমাদের মনে রাখতে হবে, মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কোরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।’
জীবন গঠনে কোরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরে পোস্টের শেষাংশে আজহারী লেখেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদের সঠিক জীবন দর্শন শেখায়। চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কোরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন। ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’
তবে আট বিভাগের কোন কোন স্থানে এবং কবে মাহফিলগুলো অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত জানানো হয়নি।







