Logo

এখনও রাজনীতি করতে চান সাকিব আল হাসান

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:১২
এখনও রাজনীতি করতে চান সাকিব আল হাসান
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ও আলোচিত তারকাদের একজন সাকিব আল হাসান জানিয়েছেন—তিনি এখনও রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান না।

বিজ্ঞাপন

পাশাপাশি জাতীয় দলে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিন ফরম্যাট থেকেই আনুষ্ঠানিক অবসর নেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন সাবেক অধিনায়ক।

২০২৪ সালের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। তার অনুপস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা চললেও নিজেই জানালেন—ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষের দিকে হলেও দেশের মানুষের জন্য কাজ করার স্বপ্ন তার এখনও অটুট। বিশেষ করে মাগুরার মানুষের জন্য তিনি রাজনীতি চালিয়ে যেতে চান।

বিজ্ঞাপন

সাকিব বলেন, আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ। এখন রাজনীতির অংশটাই বাকি। বাংলাদেশের মানুষ আর মাগুরাবাসীর জন্য কিছু করতে চাই—এটা আমার অনেক দিনের ইচ্ছা, এখনো আছে। আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান—দেখা যাক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি। দেশে ফেরার চেষ্টা করেও সুযোগ না পাওয়ার কথাও জানান সাকিব। তবুও সুযোগ আসলেই ফিরতে চান এবং অঞ্চলবাসীর জন্য রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে চান বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে ক্রিকেটকে ঘিরে প্রথমবারের মতো সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেন সাকিব। তার ভাষায়, আমি এখনো আনুষ্ঠানিক অবসর নেইনি। বাংলাদেশে ফিরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাই। এরপরই তিন ফরম্যাট থেকে অবসর নেব। একটি সিরিজ খেলেই ক্যারিয়ার শেষ করাই আমার পরিকল্পনা।

তার এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে। একদিকে ভক্তরা অপেক্ষায় আছেন তার বিদায়ী ম্যাচ দেখার, অন্যদিকে রাজনৈতিক মঞ্চেও সাকিবের প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল বাড়ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD