Logo

মৌমাছির কামড়ে প্রাণ হারালেন প্রবীণ আম্পায়ার

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৬
মৌমাছির কামড়ে প্রাণ হারালেন প্রবীণ আম্পায়ার
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ-এর কানপুর শহরে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালে মৌমাছির ঝাঁকের আকস্মিক আক্রমণে প্রাণ হারিয়েছেন এক প্রবীণ আম্পায়ার। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন সহকারী আম্পায়ারও রয়েছেন।

বিজ্ঞাপন

নিহত মানিক গুপ্ত (৬৫) দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রিকেট অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন আঞ্চলিক ও বয়সভিত্তিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করে তিনি সুনাম অর্জন করেন। কানপুর ক্রিকেট মহলে তিনি ছিলেন পরিচিত ও অভিজ্ঞ মুখ।

ঘটনার সময় একটি বয়সভিত্তিক ম্যাচ পরিচালনা করছিলেন তিনি। খেলা চলাকালেই হঠাৎ করে মৌমাছির একটি বড় ঝাঁক মাঠে নেমে আসে এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের ওপর আক্রমণ চালায়। আকস্মিক এ ঘটনায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত মাঠ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

এই হামলায় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন মানিক গুপ্ত। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত হন আরেক আম্পায়ার জগদীশ শর্মা। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে। আহত অন্যান্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়া সংগঠক ও সহকর্মীরা মানিক গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালে তিরুবনন্তপুরম-এ ভারত এ ও ইংল্যান্ড লায়ন্স-এর মধ্যকার একটি ম্যাচেও মৌমাছির আক্রমণের ঘটনা ঘটেছিল। যদিও সে সময় খেলা সাময়িকভাবে বন্ধ থাকলেও কোনো প্রাণহানি ঘটেনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD